১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সাবেক হুইপ গিনি গ্রেপ্তার

নবম সংসদে আওয়ামী লীগের হয়ে প্রথম সংসদে যান তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2024, 03:47 PM

Updated : 10 Sep 2026, 12:19 PM

গাইবান্ধা-২ আসনের সাবেক সংসদ সদস্য মাহবুব আরা বেগম গিনিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার রাতে তাকে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করার কথা জানান ডিবির যুগ্ম কমিশনার (উত্তর) রবিউল হোসেন ভূঁইয়া।

তিনি বলেন, “ঢাকার সাভার থানার একটি মামলায় এজাহারভুক্ত আসামি মাহবুব আরা বেগম গিনি। এ মামলার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।"

ছাত্র-জনতার প্রবল আন্দোলনের মুখে গত ৫ অগাস্ট দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর একে একে গ্রেপ্তার হচ্ছেন আওয়ামী লীগের মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ শীর্ষ পর্যায়ের নেতা ও প্রভাবশালী সংসদ সদস্যরা।

সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, উপদেষ্টা ও শীর্ষ পর্যায়ের নেতাসহ প্রায় ৫০ জন এখন কারাগারে রয়েছেন। এরমধ্যে সবশেষ সাবেক সংসদ সদস্য গিনিকে গ্রেপ্তারের খবর এল।

নবম সংসদে আওয়ামী লীগের হয়ে প্রথম সংসদে যান গিনি। ওই সংসদে যুব ও  ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি এবং গ্রন্থাগার কমিটির সদস্য ছিলেন তিনি।

দশম জাতীয় সংসদে হুইপের দায়িত্ব পান তখনকার এ সংসদ সদস্য।