১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আদাবরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা: তিন সন্দেহভাজন আটক

বুধবার রাতে আদাবর ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশাহকে কুপিয়ে হত্যা করা হয়।

আদাবরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা: তিন সন্দেহভাজন আটক
নিহত আবুল বাশার বাদশাহ

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2026, 06:42 PM

Updated : 11 Sep 2026, 03:33 PM

ফুটবল বিশ্বকাপে সমর্থন ও জয় উদযাপনকে কেন্দ্র করে রাজধানীর আদাবর এলাকায় বিএনপি নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করেছে আদাবর থানা পুলিশ। 

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপ কমিশনার ইবনে মিজান জানান, বৃহস্পতিবার বিকাল আনুমানিক সাড়ে ৪টার দিকে নবোদয় হাউজিং থেকে তিনজনকে আটক করা হয়।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুলিশ এখনো সেখানে অভিযানে আছে।”

আদাবর থানার ওসি জানান, গ্রেপ্তার তিনজনের নাম শোয়েব, আরমান ও নয়ন। 

তিনি বলেন, “আমরা এ ঘটনার অন্য আসামিদের ধরতে অভিযানে যাচ্ছি।” 

পুলিশের ভাষ্য, এ দ্বন্দ্বের সূত্রপাত হয় গত মঙ্গলবার রাতে ফুটবল বিশ্বকাপে ব্রাজিলের খেলা দেখা ও জয় উদযাপনকে কেন্দ্র করে। 

জাপানের বিপক্ষে ব্রাজিলের জয়ের পর স্থানীয় কয়েকজন কিশোর ঢোল ও বাঁশি বাজিয়ে আনন্দ করছিল। এ সময় হাবিব নামে এক ব্যক্তি নীরব নামে এক যুবককে মারধর করেন।

পুলিশ বলছে, ওই ঘটনার জেরে পরদিন আদাবর ইউনিট বিএনপির সভাপতি সাদ্দাম হোসেন নবোদয় বাজার এলাকায় গিয়ে নীরবকে আবার মারধর করে ‘তুলে নিয়ে যান’। পরে স্থানীয় বিএনপি নেতারা বিষয়টি মীমাংসার উদ্যোগ নেন।

এর ধারাবাহিকতায় বুধবার রাতে নবোদয় বাজারে হাবিবের কার্যালয়ে সালিশ বসে। সালিশ শেষে সাদ্দাম ও তার সমর্থকরা নীরব ও তার বড় ভাই রিপনের ওপর হামলার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। 

একপর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে সাদ্দাম ও আদাবর ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশাহ আহত হন বলে পুলিশের ভাষ্য।

আহত দুজনকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসক বাদশাহকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মোহাম্মদপুর-আদাবর জোন) জুয়েল রানা বলেছেন, বুধবারের হামলার ঘটনার আগেই সাদ্দাম আদাবর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছিলেন। 

“তবে ঘটনাটির প্রকৃত পটভূমি ও সংশ্লিষ্ট সবার ভূমিকা যাচাই করে দেখা হচ্ছে।”