১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

টিপু-প্রীতি হত্যা: অভিযোগ গঠনের আদেশ সোমবার

৩৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি এর আগে কয়েক দফায় পিছিয়ে যায়।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2024, 07:39 PM

Updated : 25 Apr 2024, 07:39 PM

ঢাকার মতিঝিলে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফনান প্রীতি হত্যা মামলায় অভিযোগ গঠন হবে কি না তা জানা যাবে সোমবার।

বৃহস্পতিবার এ মামলায় ৩৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি হয় ঢাকার তিন নম্বর বিশেষ ও জ্যেষ্ঠ দায়রা জজ আলী হোসাইনের আদালতে।

শুনানি শেষে আগামী ২৯ এপ্রিল সোমবার আদেশের জন্য তারিখ রেখেছেন বিচারক।

এর আগে গত ২৮ মার্চ এ মামলার অভিযোগ গঠনের শুনানি তৃতীয়বারের মতো পিছিয়ে যায়। বৃহস্পতিবার নির্ধারিত দিনে এ শুনানি হয় বলে জানান বাদীপক্ষের আইনজীবী গাজী জিল্লুর রহমান।

২০২২ সালে রাজধানীর শাহজাহানপুরের সড়কে প্রকাশ্যে গুলি করে দুইজনকে হত্যাকাণ্ডের এ ঘটনায় পরের বছর ৫ জুন আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ইয়াসিন শিকদার। এতে ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগের ‘সত্যতা’ পাওয়া গেছে বলে দাবি করা হয়। তবে ‘এক্সএল সোহেল’ নামে এক সন্দেহভাজনের পরিচয় নিশ্চিত করতে না পারায় তাকে বাদ দিয়ে আসামি করা হয় ৩৩ জনকে।

আসামিদের মধ্যে রয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফ তালুকদার, দক্ষিণ সিটির ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মারুফ আহমেদ মনসুর, মতিঝিল থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, মতিঝিল থানা জাতীয় পার্টির নেতা জুবের আলম খান রবিন, হাবীবুল্লাহ বাহার কলেজ ছাত্রলীগের সাবেক আহ্বায়ক সোহেল শাহরিয়ার, ১০ নম্বর ওয়ার্ড যুবলীগের বহিষ্কৃত সভাপতি মারুফ রেজা সাগর, ১১ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি কামরুজ্জামান বাবুল।

এ মামলায় গ্রেপ্তার হয়েছেন ২৪ জন। মুসা, শুটার আকাশ ও নাসির উদ্দিন মানিক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।

আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুকে হত্যা করা হয় ২০২২ সালের ২৪ মার্চ রাতে। ওই সময় গুলিতে তার সঙ্গে নিহত হন রিকশারোহী কলেজছাত্রী প্রীতিও।

খিলগাঁও রেল গেইটের কাছে মোটরসাইকেলে আসা এক ব্যক্তি যানজটে আটকে পড়া টিপুর গাড়ির কাছে এসে তাকে গুলি করে। হামলাকারীর এলোপাতাড়ি গুলিতে গাড়ির পাশে রিকশায় থাকা কলেজছাত্রী প্রীতিও মারা যান। এ হত্যাকাণ্ড ওই সময় আলোচনা তৈরি করেছিল।

ওই রাতেই টিপুর স্ত্রী স্থানীয় নারী ওয়ার্ড কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করেন। 

টিপু খুন হন স্থানীয় আওয়ামী লীগ নেতার পরিকল্পনায়: র‌্যাব

টিপু হত্যার সন্দেহভাজন মুসা ওমানে গ্রেপ্তার

টিপু হত্যা: তিন দফা রিমান্ডের পর মুসার জবানবন্দি

পুরানো খবর:

টিপু-প্রীতি হত্যা: অভিযোগ গঠনের শুনানি পেছাল তৃতীয় দফায়