২৪ ঘণ্টায় ঢাকায় গ্রেপ্তার ১১৪ ছিনতাইকারী: ডিএমপি
ঈদের ছুটিতে ঢাকায় কনস্টেবলের খুনিরা ছিনতাইকারী ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
কোরবানির ঈদের ছুটিতে এক পুলিশ সদস্য নিহত হওয়া প্রেক্ষাপটে ছিনতাইকারীদের গ্রেপ্তারে অভিযান জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ।
সোমবার এক সংবাদ সম্মেলনে জানান হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ১১৪ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তার আগের ২৪ ঘণ্টায় গ্রেপ্তার হন ৩১ জন।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার খ মহিদ উদ্দিন ডিএমপির মিডিয়া সেন্টারে এই সংবাদ সম্মেলনে এসেছিলেন কনস্টেবল মনিরুজ্জামান তালুকদার হত্যাকাণ্ড নিয়ে।
মনিরুজ্জামান তেজগাঁও ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন। কোরবানির ঈদের ছুটি শেষে শনিবার ঢাকায় ফিরে কর্মস্থলে যাওয়ার সময় ফার্মগেইট এলাকায় ছুরিকাঘাতের শিকার হন তিনি।
মনিরুজ্জামান ছিনতাইকারীদের পাল্লায় পড়েছিলেন বলে ডিএমপি জানিয়েছে। তাকে খুনে জড়িত অভিযোগে তিন ছিনতাইকারীকে গ্রেপ্তারের কথা জানান মহিদ উদ্দিন।
এবার ঈদের ছুটিতে রাজধানীতে নিরাপত্তার বন্দোবস্তে কোনো ঘাটতি ছিল কি না, সংবাদ সম্মেলনে সেই প্রশ্ন রাখেন সাংবাদিকরা।
অতিরিক্ত কমিশনার মহিদ বলেন, নগরবাসীর নিরাপত্তা বিধানে সব ব্যবস্থাই নেওয়া ছিল। ঈদের আগে ১ হাজার ৭৬৪ জন ছিনতাইকারীকে গ্রেপ্তারও করা হয়।
তবে পুলিশের সীমাবদ্ধতা তুলে ধরে তিনি বলেন, “আমাদের মনে রাখতে হবে, ছিনতাইকারীদের আমরা যখন আইনের মাধ্যমে আদালতে পাঠাই, তারা একটা সময় জামিন পেয়ে যায়। জামিন পেয়ে আবার সমাজের সাথে মিশে যায় তারা। এই সীমাবদ্ধতা নির্মূল করার ক্ষমতা আমাদের নেই। এগুলোও কিন্তু একটা বাস্তবতা।”
২ কোটি মানুষের নগরী ঢাকায় কোনো অপরাধ ঘটিয়ে বেরিয়ে যাওয়ার নানা পথ থাকার কথাও বলেন তিনি।
মহিদ উদ্দিন দাবি করেন, পুলিশের প্রচেষ্টা না থাকলে পরিস্থিতি আরও খারাপ থাকত।
ইংল্যান্ডে বিদ্যুৎ না থাকালে যে পরিস্থিতি হয়, তার সঙ্গে তুলনা করে তিনি বলেন, “কল্পনা করতে পারেন? ইংল্যান্ডে ১ ঘণ্টা বিদ্যুৎ ছিল না, কী পরিস্থিতি হয়েছিল! সেটা আপনারা জানেন। আমাদের দেশে যে এমন পরিস্থিতি হয় না, এর কারণ হচ্ছে দেশে পুলিশের উপস্থিতি ও আইন রয়েছে।
“মনে রাখতে হবে, যদি আমাদের সম্মিলিত প্রচেষ্টা কিংবা পুলিশের প্রচেষ্টা না থাকত, আমি মনে করি যে এর চেয়ে অনেক খারাপ অবস্থা ঢাকায় থাকতে পারত।”
ছিনতাইকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু চলছে জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে পুলিশের মহাপরিদর্শকের নির্দেশনা রয়েছে।
এবার ঈদের ছুটিতে একজন কনস্টেবল খুন হওয়ার পাশাপাশি ডাকাতি ও ছিনতাইয়ের কয়েকটি ঘটনা ঘটেছে।
তা মাথায় রেখে অতিরিক্ত কমিশনার মহিদ বলেন, “যা কিছু ঘটনা ঘটছে, সেটা অস্বীকার করা যাবে না। তবে আমরা গভীরভাবে সতর্ক রয়েছি। ডিএমপি কমিশনার এই ব্যাপারে গভীরভাবে সতর্ক থেকে আমাদের নির্দেশনা দিয়েছেন।”
তিনি জানান, “বাড্ডায় একটি বাসায় ডাকাতির ঘটনায় আমরা ইতোমধ্যে অপরাধীদের চিহ্নিত করেছি। আর বাড্ডায় ট্রাকে গরু বিক্রির টাকা ডাকাতির ঘটনা চলন্ত অবস্থায় সড়কে ঘটেছে। এটা তো আসলে একটু জটিল।
“প্রথমত যদি ধরেন, আপনি একটা ট্রাকের মধ্যে এক সঙ্গে ৩০ জন ওঠে যাত্রা করলেন। মাঝখানে গিয়ে দেখলেন আপনার সঙ্গে আটজন লোক অন্য আচরণ করছে। তারাও যাত্রী হিসেবে উঠেছিল। এসব ক্ষেত্রে সর্বসাধারণের একটু সচেতনতা দরকার।”
অচেনা কারও সঙ্গে কোনো গাড়িতে না ওঠার পরামর্শ দেন এই পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, "আমরা যদি চিন্তা করি সমাজ হবে অপরাধমুক্ত তাহলে সেটি আসলে কাল্পনিক চিন্তা। এটি আসলে পুরোপুরি অসম্ভব। আমাদের চেষ্টা করতে হবে। দেখতে হবে আমাদের চেষ্টার কোনো ত্রুটি আছে কি না? আমাদের অনেক কর্মকর্তারা রয়েছে, যারা রাতদিন কাজ করছেন।”
