২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

বিমানের শীর্ষ পর্যায়ে একাধিক রদবদল

বিমানের পরিচালক করপোরেট প্ল্যানিং অ্যান্ড ট্রেনিং (ভারপ্রাপ্ত) পদে বসানো হয়েছে শাকিল মেরাজকে।

বিমানের শীর্ষ পর্যায়ে একাধিক রদবদল
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2024, 01:12 AM

Updated : 26 Aug 2026, 10:15 AM

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর প্রশাসনের বিভিন্ন স্তরে বদলি, পদত্যাগ আর রদবদলের ধারায় এবার রাষ্ট্রীয় পতাকাবাহী উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের শীর্ষ পর্যায়ে একাধিক পদে রদবদল করা হয়েছে।

বুধবার এক অফিস আদেশে বিমানের পরিচালক করপোরেট প্ল্যানিং অ্যান্ড ট্রেনিং (ভারপ্রাপ্ত) পদে বসানো হয়েছে শাকিল মেরাজকে।

বিমানের গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছিলেন মেরাজ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি দুই দায়িত্বই পালন করবেন বলে আদেশে বলা হয়েছে। 

আরেকটি পৃথক আদেশে বিমানের জেলা বিক্রয় অফিসের (মতিঝিল) মহাব্যবস্থাপক আশরাফুল আলমকে পরিচালক বিপণন ও বিক্রয় পদে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

একই দিনে জারি করা অপর এক আদেশে বিমানের ডিজিএম-ফ্লাইট সার্ভিস মনিরুজ্জামান খানকে প্রকিউরমেন্ট অ্যান্ড লজিস্টিক সাপোর্ট পরিদপ্তর, বিমানের আইন বিভাগের ডিজিএম রাশেদ মেহের চৌধুরীকে বিমান এয়ারলাইনস ট্রেনিং সেন্টার ও বিমানের ম্যানেজার (জনসংযোগ) মো. আল মাসুদ খানকে আইন উপ-বিভাগে বদলি করা হয়েছে।

সব আদেশই জারি করেছেন বিমানের ডিজিএম (পার্সোনাল) খন্দকার বাকী উদ্দিন আহম্মদ। আদেশগুলো অবিলম্বে কার্যকরের নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেনের চুক্তি বাতিল করে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

৫ অগাস্ট শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকার গঠনের মধ্য দিয়ে রাষ্ট্রীয় ও সরকারি গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আসা শুরু হয়। এরই মধ্যে সুপ্রিম কোর্ট, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ডসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও সংস্থার শীর্ষ পর্যায়ে পরিবর্তন আনা হয়েছে। এই ধারা অব্যাহত রয়েছে।