Published : 13 Jul 2026, 08:41 PM
ঢাকার পল্লবী বিহারি ক্যাম্পের জলাবদ্ধতা নিরসনের দাবিতে কালশিতে সড়ক আটকে বিক্ষোভ দেখিয়েছন বাসিন্দারা।
তাদের অবরোধের ফলে আশপাশের সড়কে যানজট সৃষ্টি হয়েছে।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাজারের বেশি মানুষ কালশি মোড় অবরোধ করেন বলে জানান মিরপুর ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপকমিশনার পরিত্রান তালুকদার।
তিনি বলেন, “তাদের মূল দাবি পানি নিরসন করা। তাদের অবরোধের ফলে যান চলাচল ব্যহত হচ্ছে। পুলিশ তাদেরকে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে।”
পুলিশ বলছে, টানা বৃষ্টিতে বিহারি কলোনি এলাকায় পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এর স্থায়ী সমাধান চেয়ে বাসিন্দারা পল্লবী থানার দিক থেকে কালশী ফ্লাইওভারে ওঠার মুখে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়।
মিরপুর ট্রাফিক বিভাগ বলেছে, অবরোধের কারণে ওই এলাকায় ধীরগতিতে যানবাহন চলাচল করছে। সম্ভব হলে চালকদের বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দিয়েছে তারা।