১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মিরপুরে ‘মবের মুখে’ শিক্ষককে বরখাস্তের অভিযোগ

“আমাকে স্কুলে ডেকে পাঠানো হয়। যাওয়ার পর অনেক শিক্ষার্থীকে দেখতে পাই। তারা আমাকে দেখে স্লোগান দেওয়া শুরু করে”, বলেন বরখাস্ত হওয়া শিক্ষক ধীরেন মাহাতো।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2025, 08:43 PM

Updated : 26 Aug 2026, 11:41 AM

রাজধানীর মিরপুরে বনফুল আদিবাসী গ্রিনহার্ট স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষককে ‘মবের মুখে’ বরখাস্ত করার অভিযোগ পাওয়া গেছে।

বরখাস্ত হওয়া ওই শিক্ষকের নাম ধীরেন মাহাতো, যিনি সেখানকার স্কুল শাখায় গণিত পড়াতেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “নানা ভিত্তিহীন অভিযোগে গত ১৯ ডিসেম্বর আমাকে সাময়িক বরখাস্ত করা হয়। এরপর শোকজ করা হয় ৯ জানুয়ারি। 

“আজ আমাকে প্রতিষ্ঠানে ডেকে পাঠানো হয়। যাওয়ার পর স্কুলের মাঠে ও বাইরে অনেক শিক্ষার্থী দেখতে পাই। তারা আমাকে দেখে স্লোগান দিতে থাকে। নিরাপত্তার কথা ভেবে আমি প্রতিষ্ঠান থেকে বেরিয়ে আসি।”

তিনি বলেন, “পরে আমাকে আবার কলেজে যেতে বলা হয়। কিন্তু নিরাপত্তার কথা ভেবে আমি আর যাইনি। পরে জানতে পারি আমাকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে।”

ধীরেন বলেন, “সাময়িক বরখাস্ত করার পর তদন্ত ছাড়াই মবের মুখে আমাকে স্থায়ী বহিষ্কার করা হল। আমার পেছনে শিক্ষক ও প্রতিষ্ঠান কর্তৃপক্ষের একাংশ লেগেছে। তারা আমার জায়গায় একজনকে নিয়োগ দিয়েছে।”

বরখাস্তের বিষয়ে জানতে চাইলে অধ্যক্ষ সুদীপ কুমার মণ্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ বিষয়ে ট্রাস্টি বোর্ডের সদস্যরা বলতে পারবেন। আমি কিছু বলতে চাচ্ছি না।”

প্রতিষ্ঠানের রেক্টর অধ্যাপক তরুণ কান্তি বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি ছুটিতে আছি। এ বিষয়ে সঠিক কিছু বলতে পারব না।”

এ বিষয়ে বক্তব্য জানতে ট্রাস্টি বোর্ডের সভাপতি প্রজ্ঞানন্দ মহাথেরোর সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার সাড়া মেলেনি।