২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্মসূচি পালনে বাধা নেই, নাশকতা করলে ব্যবস্থা: আইজিপি

জঙ্গি দমনে পুলিশ পুরোপুরি সক্ষম বলে তার দাবি।

কর্মসূচি পালনে বাধা নেই, নাশকতা করলে ব্যবস্থা: আইজিপি

ঢাকার রাজারবাগে বাংলাদেশ পুলিশ মিলনায়তনে বুধবার  জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2023, 08:24 PM

Updated : 16 Aug 2023, 08:24 PM

রাজনৈতিক কর্মসূচি পালনে কোনো বাধা দেওয়া হচ্ছে না দাবি করে পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, শুধু নাশকতা করলেই আইন-শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেয়।

বুধবার ঢাকার রাজারবাগে বাংলাদেশ পুলিশ মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

সাম্প্রতিক কয়েকটি রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের বিষয়ে আল-মামুন বলেন, “রাজনৈতিক কর্মসূচির বিষয়ে আমাদের কোনো কথা নেই। আমাদের কথা হচ্ছে, যখনই নাশকতা হবে, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করা হবে, সেটার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব।”

যুদ্ধাপরাধে আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী মারা যাওয়ার পর সহিংসতার নিয়ে তিনি বলেন, “আপনারা দেখেছেন সেদিন রাতে যে অবস্থা হয়েছিল। তারা প্রথম বলেছিলেন, একটা জানাজা করতে চান। ডিএমপি কমিশনার এর আগে তাদেরকে বলেছেন, জানাজা করে তাদেরকে রাতে চলে যাওয়ার একটা ব্যবস্থা করবেন। একটা জানাজা করার জন্য তাদেরকে সময়ও দেওয়া হয়।

“কিন্তু তারা সেই জানাজা করেন নাই। পরবর্তীতে দেশের বিভিন্ন স্থানে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করেন। আমি স্পষ্টভাবে বলতে চাই, যারাই দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

হুমকি পাওয়ায় সাঈদীর এক চিকিৎসকের নিরাপত্তার বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হয়েছে- এ প্রশ্নের জবাবে আইজিপি বলেন, “ধানমন্ডি থানায় একটা জিডি করেছেন এই তথ্য পেয়েছি। তদন্ত করছি। তার সঙ্গে আমরা কথা বলে হুমকিদাতাকে চিহ্নিত করার চেষ্টা করব।”

জঙ্গি দমনে পুলিশের সক্ষমতার দাবি করে তিনি বলেন, “আপনারা দেখেছেন, জঙ্গিরা যখনই সংঘটিত হওয়ার চেষ্টা করেছে। জঙ্গিদের নিয়ে আমাদের যেসব সংস্থা কাজ করে, তারা কিন্তু সক্রিয় আছে। যখনই তারা সংঘটিত হওয়ার চেষ্টা করেছে, সাথে সাথেই কিন্তু তাদেরকে নিষ্ক্রিয় করতে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সক্ষম হয়েছি।”

সম্প্রতি মৌলভীবাজারের কুলাউড়ায় জঙ্গি আস্তানায় অভিযানের ঘটনাটি তুলে ধরে আল-মামুন বলেন, “যত দুর্গম অঞ্চলেই তারা করুক, সেই তথ্য পেয়ে আমরা তাদের বিরুদ্ধে সফল অভিযান পরিচালনা করছি।”