২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

প্রাক্তন স্ত্রীর মামলা: দুদক কর্মকর্তা সাময়িক বরখাস্ত

তার কর্মকাণ্ডে ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে, যা চাকরি বিধিমালা অনুযায়ী অসদাচরণের শাস্তিযোগ্য অপরাধ, বলছে দুদক।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2025, 09:34 PM

Updated : 26 Aug 2026, 12:03 PM

নারী ও শিশু নির্যাতন দমন আইনে প্রাক্তন স্ত্রীর করা মামলার আসামি দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক এস এম মামুনুর রশীদকে সংস্থাটি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার দুদকের এক অফিস আদেশে তাকে বরখাস্তের বিষয়টি তুলে ধরা হয়।

২০২২ সালে সহকারী পরিচালক হওয়া মামুনুর রশীদের বিষয়ে দুদক বলছে, তার কর্মকাণ্ডে প্রতিষ্ঠানটির ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে, যা দুদক (কর্মচারী) চাকরি বিধিমালা অনুযায়ী অসদাচরণের শাস্তিযোগ্য অপরাধ। বিধি অনুযায়ী কমিশন তাকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে। বরখাস্তের সময়টিতে তিনি বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন।

দুদকের আদেশে বলা হয়, মামুনুর রশীদের প্রাক্তন স্ত্রী সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ মামলা করেছেন। তদন্ত প্রতিবেদনে তার বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

সংবাদমাধ্যমের খবরের প্রসঙ্গ টেনে আদেশে আরও বলা হয়, ক্ষমতার অপব্যবহার করে মামলার বাদীকে তিনি হেনস্তা করেছেন বলেও অভিযোগ রয়েছে।