প্রথম আলো ও ডেইলি স্টারে হামলায় আরও ১১ জন গ্রেপ্তার
এ নিয়ে সংবাদমাধ্যম দুটির ওপর আক্রমণের ঘটনায় মোট ২৮ জনকে গ্রেপ্তার করল পুলিশ।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর খবর ছড়ানোর পর প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আরও ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাজধানীর বিভিন্ন স্থান থেকে গোয়েন্দা পুলিশ নয়জনকে ও তেজগাঁও থানা পুলিশ দুইজনকে গ্রেপ্তার করে বলে ডিএমপি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
এ নিয়ে সংবাদমাধ্যম দুটির ওপর আক্রমণের ঘটনায় মোট ২৮ জনকে গ্রেপ্তার করল পুলিশ।
সবশেষ গ্রেপ্তার ১১ জন হলেন- আব্দুর রহমান (৩০), জান্নাতুল নাঈম (২১), মো. ফয়সাল (২৪), ক্বারী মুয়াজ বিন আব্দুল রহমান (৩৩), জুবায়ের হোসাইন (২১), আলমাস আলী (২৯), জুলফিকার আলী সৌরভ, নিয়াজ মাহমুদ (২৮), মোহাম্মদ মাইনুল ইসলাম (২২), মো. হাসেম (২৬) ও আরাফাত ইয়াসিন (২৯)।
এর আগে সোমবার এক সংবাদ সম্মেলনে দুই ঘটনায় ১৭ জনকে গ্রেপ্তারের কথা তুলে ধরেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এস এন মো. নজরুল ইসলাম।
মাথায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার রাতে দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। প্রথম আলোতে হামলার ঘটনায় রোববার রাতে অজ্ঞাত ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করে তেজগাঁও থানায় মামলা হয়। আর ডেইলি স্টারের পক্ষ থেকে সোমবার সন্ধ্যার পর অজ্ঞাত ৩৫০ থেকে ৪০০ জনকে আসামি করে মামলা করা হয়।
