Published : 31 Jan 2026, 11:42 PM
কিছু ‘ভুয়া মুক্তিযোদ্ধার’ জন্য প্রকৃত মুক্তিযোদ্ধারা ‘ব্যথিত’ হচ্ছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের বন্ধু জুলিয়ান ফ্রান্সিস।
শনিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মুক্তিযুদ্ধভিত্তিক সংকলন ‘রক্তরেখায় বাংলাদেশ’-এর দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
ফ্রান্সিস বলেন, “মুক্তিযোদ্ধাদের নামগুলো এক অর্থে বিতর্কিত হয়ে পড়েছে; তাদের কাজের জন্য নয়, বরং বিগত বছরগুলোতে সরকারি ভাতা পাওয়ার জন্য মুক্তিযোদ্ধাদের তালিকায় অনেক ভুয়া নাম অন্তর্ভুক্ত করার কারণে। এটি খুবই হতাশাজনক যে, এমন কিছু লোকও সুবিধা নিচ্ছিল, যাদের ১৯৭১ সালে মুক্তিযোদ্ধা হওয়ার মতো পর্যাপ্ত বয়সও ছিল না
“ফলে মানুষ এই সিদ্ধান্তে পৌঁছেছে যে, পুরো মুক্তিযোদ্ধা সম্প্রদায় বা তাদের বড় একটি অংশই হয়তো ভুয়া। এটি একটি বড় ট্র্যাজেডি। কারণ, এখনো অনেক বীর মুক্তিযোদ্ধা বেঁচে আছেন এবং এসব দেখে তারা নিশ্চয়ই খুব ব্যথিত হচ্ছেন।”
বহুমাত্রিক জনযুদ্ধের ইতিহাসকে তিন খণ্ডের সংকলনে মলাটবদ্ধ করছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
‘রক্তরেখায় বাংলাদেশ–অন্তহীন যুদ্ধ: গৌরব, বেদনা আর শিকড়ের ইতিহাস’ শিরোনামে এ সংকলনের প্রথম খণ্ড প্রকাশিত হয় গত বিজয় দিবসে।
এবার ৩১ জানুয়ারিতে প্রকাশিত হলো সংকলটির দ্বিতীয় খণ্ড। সংকলনটি সম্পাদনা করেছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী।

মোড়ক উন্মোচনের অনুষ্ঠানে ফ্রান্সিসের পাশাপাশি অতিথি হয়ে এসেছিলেন মুক্তিযোদ্ধা ও আলোকচিত্রী শফিকুল ইসলাম স্বপন, ফেরদৌসী হক লিনু (লিনু হক) ও শহীদ বুদ্ধিজীবী ও চলচ্চিত্রকার জহির রায়হানের ছেলে তপু রায়হান।
বাংলাদেশের সঙ্গে ফ্রান্সিসের বন্ধুত্ব এই দেশের জন্মযুদ্ধের সময় থেকে। মুক্তিযুদ্ধের সময়ে জুলিয়ান ফ্রান্সিস ২৫ বছরের তরুণ; ওই সময় অক্সফামের হয়ে ছিলেন ভারতের বিহার রাজ্যে। ভারতের শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া লাখো বাংলাদেশি শরণার্থীদের জন্য ত্রাণ সমন্বয়কারী হিসেবে কাজ করেছেন তিনি।
সংকলনটি প্রসঙ্গে ফ্রান্সিস বলেন, “আমার মনে হয় এই বইটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ এবং এটি অনেক বিস্তারিত। আমার বুকশেলফেও মুক্তিযুদ্ধ নিয়ে ভিন্ন ভিন্ন অনেক বই আছে; ভিন্ন ভিন্ন বর্ণনা আছে। কিন্তু অনেক ক্ষেত্রেই সেগুলোতে পুরো চিত্র ফুটে ওঠে না এবং বিশেষ করে ১৯৭১ সালের আগের ইতিহাসও থাকে না। আমার মনে হয়, এই সংকলনে সেই সমস্ত বিষয়গুলো উঠে এসেছে।”
তরুণ প্রজন্মের জন্য দেশের এবং মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানা ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ বলেও মন্তব্য করেন তিনি।
এক প্রশ্নের জবাবে ফ্রান্সিস বলেন, “অনেক তরুণ, যারা ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানে অংশ নিয়েছেন, তাদের মা-বাবার হয়ত ১৯৭১ সালের আগে জন্মই হয়নি। ফলে তারা এই ইতিহাস সম্পর্কে তেমন শিক্ষিত নন। এটি খুবই দুর্ভাগ্যজনক। আমি জানি না, এই সমস্যার সমাধান কীভাবে হবে।”
আগের খবর
শিকলভাঙার ইতিহাস 'রক্তরেখায় বাংলাদেশ
'রক্তরেখায় বাংলাদেশ': ইতিহাসের পুনর্পাঠ
'রক্তরেখায় বাংলাদেশের' দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন
একাত্তর 'নিকৃষ্টতম প্রজন্ম', শুনে বুক ফেটে যায়: মুক্তিযোদ্ধা শাহজাহান
বীরাঙ্গনার আকুতি: 'আমাদের আর অপমান কইরেন না'
আমরা এখন একটা বাধাগ্রস্ত অবস্থায় চলছি: মুক্তিযোদ্ধা শহিদউল্লাহ