২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘রাষ্ট্রবিরোধী অপপ্রচারের’ বিরুদ্ধে রাষ্ট্রদূতদের সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

“প্রতি নির্বাচনের আগে আওয়ামী লীগকে কীভাবে সরিয়ে দেওয়া যায়, তা নিয়ে দুয়েকটি দেশ ব্যস্ত থাকে,” বলেন শেখ হাসিনা।

‘রাষ্ট্রবিরোধী অপপ্রচারের’ বিরুদ্ধে রাষ্ট্রদূতদের সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

মঙ্গলবার রোমের পারকো ডেই প্রিনসিপি গ্র্যান্ড হোটেলে ইউরোপের বিভিন্ন দেশে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূতদের এক সম্মেলনে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2023, 11:07 PM

Updated : 25 Jul 2023, 11:07 PM

আন্তর্জাতিক সম্প্রদায় যেন ভুল তথ্যের কারণে বিভ্রান্ত না হয়, সেজন্য কূটনীতিকদের ‘রাষ্ট্রবিরোধী অপপ্রচারের বিরুদ্ধে’ সতর্ক থাকতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন, “আমি বলতে চাই যে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের কাছে অপপ্রচার সংক্রান্ত তথ্য সরবরাহ করা। যদি এটা করা হয়, তাহলে মিথ্যা রটনাকারীরা বিভ্রান্তি সৃষ্টির কোনো সুযোগ পাবে না।”

বাসস জানায়, মঙ্গলবার রোমের পারকো ডেই প্রিনসিপি গ্র্যান্ড হোটেলে ইউরোপের বিভিন্ন দেশে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূতদের এক সম্মেলনে সরকারপ্রধানের এ আহ্বান আসে। বিশ্ব খাদ্য সংস্থার সম্মেলনে অংশ নিতে বর্তমানে রোমে অবস্থান করছেন তিনি।

শেখ হাসিনা বলেন, “যেসব জায়গায় আন্তর্জাতিক সংস্থা রয়েছে, সেই জায়গাগুলোতে আমাদের আরও সক্রিয় হওয়া উচিত, যাতে তারাও অপপ্রচার এবং ভুল তথ্যের শিকার হয়ে বিভ্রান্ত না হয়।”

কিছু লোক অপরাধ করে বিদেশে আশ্রয় নিয়েছে এবং দেশের বিরুদ্ধে ‘ভুল তথ্য ছড়াচ্ছে’ মন্তব্য করে তিনি বলেন, “তারা কখনোই দেশকে মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে যেতে পারেনি, এমন কিছু লোক…তাদের বিরুদ্ধে সবাইকে সচেতন হতে হবে।“

এ সময় বিএনপির সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, “তারা দেশ থেকে বিপুল অর্থ পাচার করেছে, তাই তারা হাজার কোটি টাকা দেশের বিরুদ্ধে ব্যয় করতে সক্ষম।

“তাদের কত আছে! তারা বিলাসবহুল জীবনযাপন করছে, মিথ্যা প্রচার চালাচ্ছে এবং জনগণকে বিভ্রান্ত করছে।”

শেখ হাসিনা বলেন, এমনও কিছু মানুষ আছেন, যারা দুর্নীতি বা অপরাধের কারণে চাকরি হারিয়েছেন, এখন বিদেশে বসে ‘সরকারের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার’ চালাচ্ছেন।

“আমি জানি না, তারা এত টাকা কোথায় পায়। কেউ খোঁজ করলে খুব পরিচিত কিছু মুখ দেখতে পাবেন এবং তারা সর্বত্র মিথ্যা তথ্য ছড়াচ্ছেন ও অপপ্রচার চালাচ্ছেন।”

বিদেশিরা অনেক সময় ভুল তথ্যের কারণে বিভ্রান্ত হয় মন্তব্য করে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, “প্রতি নির্বাচনের আগে আওয়ামী লীগকে কীভাবে সরিয়ে দেওয়া যায়, তা নিয়ে দুয়েকটি দেশ ব্যস্ত থাকে।

“এছাড়া, যারা খুনিদের আশ্রয় দেয় এবং অগ্নিসংযোগ, সন্ত্রাস, জঙ্গিবাদের সঙ্গে জড়িত, তাদের কাছ থেকে আমাদের মানবাধিকারের কথা শুনতে হয়।”

মানবাধিকার প্রশ্নে পশ্চিমা দেশগুলোর ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, “যারা অগ্নিসংযোগের অভিযোগে অভিযুক্ত, তাদের মানবাধিকার রক্ষায় তারা ব্যস্ত, কিন্তু নিহত, আত্মীয়-স্বজন বা যারা দগ্ধ হয়েছেন, তাদের কোনো পরোয়া করেন না।”

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‌্যাবের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার প্রসঙ্গও প্রধানমন্ত্রীর বক্তব্যে আসে।

তিনি বলেন, “দুর্ভাগ্যবশত যারা সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে নিয়োজিত, তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এর ফলে তারা আস্থা হারিয়ে ফেলে।”

এ ধরনের পদক্ষেপ মানুষকে তাদের ‘অপরাধ প্রবণতা বাড়াতে উৎসাহিত করে’ বলেও মন্তব্য করেন শেখ হাসিনা।

তিনি বলেন, “যারা সন্ত্রাস ও জঙ্গিবাদকে প্রতিরোধ করেছিল, তাদের উপরই নিষেধাজ্ঞা আরোপ করা হয়। কীসের জন্য এটা করা হল?

“তারা একদিকে মানবাধিকার সুরক্ষার জন্য আওয়াজ তুলছেন, অন্যদিকে মানবাধিকার লঙ্ঘনকারীদের পক্ষে কথা বলছেন। এই দ্বিচারিতা চলছে বিশ্বময়।”

সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথাও প্রধানমন্ত্রী বলেন।

মানবাধিকার প্রসঙ্গে তিনি বলেন, “মানবাধিকার রক্ষা কেউ করলে, সেটা আওয়ামী লীগই করে, আর যারা মানবাধিকারের কথা বলে, তারা মানুষ হত্যা করে।”

বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডে দণ্ডিত দুই আসামির যুক্তরাষ্ট্র ও কানাডায় অবস্থানের দিকে ইংগিত করে কোনো দেশের নাম উল্লেখ না করে শেখ হাসিনা বলেন, যারা তার বাবা-মা, ভাই, আত্মীয়-স্বজন ও পরিবারের সদস্যদের গুলি করে হত্যা করেছে, তারা এখনো সে দেশে পালিয়ে আছে।

“বারবার অনুরোধ করা সত্ত্বেও তারা খুনিদের বাংলাদেশে ফেরত পাঠায়নি। মানবাধিকার লঙ্ঘনকারীদের সুরক্ষা দেওয়া এবং যারা মানবাধিকার রক্ষা করে, তাদের বিরুদ্ধে যাওয়া- আমি এটাকে একটি খেলা হিসাবে দেখি।”

প্রধানমন্ত্রী বলেন, “তারা যদি মানবাধিকারে বিশ্বাস না করেন এবং তাদের মধ্যে যদি সেই মানবিক দিকগুলো না-ই থাকে, তাহলে কীভাবে তারা রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন।”

অন্যদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন এবং প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।