১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এবার মেনন ও মমতাজের ব্যাংক হিসাব অবরুদ্ধ

আওয়ামী লীগ সরকার পতনের পর মেননকে গ্রেপ্তার করা হয়েছে, তবে মমতাজ আত্মগোপনে আছেন।

এবার মেনন ও মমতাজের ব্যাংক হিসাব অবরুদ্ধ
নৌকা প্রতীকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য রাশেদ খান মেনন ও মমতাজ বেগম

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2024, 05:12 PM

Updated : 26 Aug 2026, 10:39 AM

এবার বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও শিল্পী মমতাজ বেগমের ব্যাংক হিসাব অবরুদ্ধ করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট-বিএফআইইউ।

বেসরকারি ব্যাংকের একাধিক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তারা জানিয়েছেন, এই দুই সাবেক সংসদ সদস্যদের পরিবারের সদস্য এবং স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তির হিসাবও অবরুদ্ধ হয়েছে।

বিএফআইইউ জানায়, মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ২৩(১)(গ) ধারার আওতায় এ নির্দেশনা দেওয়া হয়েছে। মেনন ও মমতাজের নামে কোনো লকার সুবিধা থাকলে তার ব্যবহার রহিত করতেও বলা হয়েছে।

মেনন ও তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং শিল্পী মমতাজ বেগম ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে কোনো হিসাব পরিচালিত হয়ে থাকলে হিসাবের তথ্য, কেওয়াইসি, হিসাব খোলার ফরম ও শুরু থেকে হালনাগাদ লেনদেন বিবরণী দুই দিনের মধ্যে পাঠাতেও বলা হয়েছে।

গত ৫ অগাস্ট পতনের পর শেখ হাসিনা সরকারের সদস্য, বহু সংসদ সদস্য এবং আওয়ামী লীগ ও তার জোটের নেতাদের ব্যাংক হিসাব অবরুদ্ধ হয়েছে। 

মেনন ২০০৮ থেকে ২০২৪ পর্যন্ত চারটি জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের সমর্থনে সংসদ সদস্য হয়েছিলেন, মন্ত্রিত্বও পেয়েছেন; লোকসংগীতের প্রতিষ্ঠিত শিল্পী মমতাজ প্রথমে সংরক্ষিত নারী আসনের ও পরে নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন, তবে দ্বাদশ সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী এক আওয়ামী লীগ নেতার কাছে হেরে গেছেন।  

আওয়ামী লীগ সরকার পতনের পর মেননকে গ্রেপ্তার করা হয়েছে, তবে মমতাজ আত্মগোপনে আছেন। তার ফেইসবুক পেজে অজ্ঞাত স্থান থেকে গান পোস্ট করে আলোচিত হয়েছেন তিনি।

আওয়ামী লীগ সরকারের পতনের পর আন্দোলনে প্রাণহানির ঘটনায় করা একাধিক মামলায় দুই জনই আসামি।