শিক্ষার বাজেটে সেই পুরনো হতাশা
“এশিয়া ও আফ্রিকার কোনো দেশে বাংলাদেশের মত এত কম বরাদ্দ শিক্ষায় নেই,” বলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের একজন সাবেক চেয়ারম্যান।
নতুন অর্থবছরের জন্য যে বাজেট সংসদে উত্থাপন করা হয়েছে, সেখানে শিক্ষা খাতে বরাদ্দ জিডিপির অনুপাতে বেড়েছে সামান্যই।
এই বাজেট ‘আশানুরূপ হয়নি’ বলে হতাশা প্রকাশ করেছেন শিক্ষাবিদরা। তারা বলছেন, মানবসম্পদ উন্নয়নে বিনিয়োগ না করলে সরকারের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করা সম্ভব হবে না।
বৃহস্পতিবার জাতীয় সংসদে আগামী অর্থবছরের জন্য উত্থাপিত ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাবে শিক্ষা ও প্রযুক্তি খাতে বরাদ্দ রাখা হয়েছে ১ লাখ ১১ হাজার ১৫৭ কোটি টাকা, যা মোট বাজেটের ১৩ দশমিক ৯৫ শতাংশ এবং জিডিপির ১.৯৮ শতাংশ।
চলতি ২০২৩-২৪ অর্থবছর শিক্ষা খাতে মূল বাজেটের আকার ছিল ১ লাখ ৪ হাজার ১৩৭ কোটি টাকা, যা সংশোধনে ৮৯ হাজার ১২ কোটি টাকায় নামিয়ে আনা হয়।
খরচ করা টাকার ওই পরিমাণ মোট সংশোধিত বাজেটের ১২.৪৫ শতাংশ এবং জিডিপির ১.৭৬ শতাংশ।
অথচ, আন্তর্জাতিক মানদণ্ডে একটি দেশের শিক্ষা খাত জিডিপির ৬ শতাংশ বা বাজেটের ২০ শতাংশ বরাদ্দ পেলে তা আদর্শ ধরা হয়।
গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী বলেন, বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ মোটেও আশানুরূপ হয়নি।
“বাজেটে সরকারের অনেক সদিচ্ছার প্রতিফলন আসছে, কিন্তু সেই সদিচ্ছাগুলো আনার ক্ষেত্রে এই বাজেট যথেষ্ট না। আমরা মূলত উন্নত বিশ্বের দিকে যাচ্ছি, কিন্তু এই ব্যাপারে আমরা অনেক উন্নয়নশীল দেশ থেকে পিছিয়ে আছি, দক্ষিণ এশিয়ায় পিছিয়ে আছি। এটা মোটেও আকাঙ্ক্ষিত নয়।”
বাজেটে মিড ডে মিলের পরিধি বাড়ানো, প্রতিবন্ধীদের জন্য ভাতা বাড়ানো, উপবৃত্তির পরিধে বাড়ানোর মত ইতিবাচক দিক তুলে ধরে তিনি বলেন, “আমরা তো পরিমাণ বাড়ানোর কথা বলেছি, অন্যান্য জায়গায় বাড়ানো হয়েছে, কিন্তু এখানে কোনো নমুনাই দেখছি না।
“নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের জন্য শিক্ষকদের যত ধরনের প্রশিক্ষণ দরকার তার প্রতিফলন বাজেটে দেখিনি। শিক্ষকরা প্রশিক্ষণ পেয়ে তারা নতুন কারিকুলামে সেটা লেখাপড়ায় ব্যবহার করছেন কিনা এগুলো মনিটরিংয়ে আমাদের পুরোপুরি দুর্বলতা আছে। সে দুর্বলতা দূরীকরণে কোনো দিকনির্দেশনা দেখিনি। শিক্ষা গবেষণায় বরাদ্দ বাড়ানোর কোনো নমুনাও দেখিনি।”
শিক্ষা খাতের বরাদ্দ কেন খরচ করা যাচ্ছে না- সে বিষয়ে গবেষণার প্রয়োজন বলে মনে করেন রাশেদা কে চৌধুরী।
তিনি বলেন, “বাজেট ব্যবহারে দক্ষতা, সক্ষমতা বৃদ্ধির ব্যপারে কোনো দিক নির্দেশনা দেখিনি। তবে সেটা দেওয়া প্রয়োজন।”
শিক্ষায় বরাদ্দ ‘যথেষ্ট নয়’ বলে মনে করছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নানও।
তিনি বলেন, “এশিয়া ও আফ্রিকার কোনো দেশে বাংলাদেশের মত এত কম বরাদ্দ শিক্ষায় নেই। অন্যান্য দেশে বরাদ্দ বেশি দেওয়া হয়। শিক্ষার এই বরাদ্দটা যথেষ্ট নয়। কিন্তু আমাদের চেষ্টা করতে হবে যতটা সম্ভব বাড়ানো। শিক্ষায় বরাদ্দটা ব্যয় নয়, এটা বিনিয়োগ। আমরা সেই বিনিয়োগ সঠিকভাবে করতে পারি না। আমি উচ্চ শিক্ষার চেয়ে প্রাথমিক ও কারিগরিতে এটা বাড়াতে বলব।
“বিশেষায়িত কিছু শিক্ষা প্রতিষ্ঠান, ক্যাডেট কলেজ, সেনাবাহিনীর বিশ্ববিদ্যালয় হয়েছে। তাদের সুযোগ-সুবিধা আর সাধারণ শিক্ষার্থীদের সুযোগসুবিধা এক না। আমি চাইব, শিক্ষায় বরাদ্দ বাড়ুক।”
শিক্ষার বাজেট আমলাতান্ত্রিক জটিলতার কারণে ব্যয় করা সম্ভব হয় না বলে আবদুল মান্নান মনে করেন।
তিনি বলেন, শিক্ষায় যা বরাদ্দ দেওয়া হয়, সেই অর্থ ছাড় করাতেও বছর পার হয়ে যায়। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছার।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক তারিক আহসান মনে করেন, শিক্ষা খাতে বাজেট বরাদ্দের অগ্রাধিকারের জায়গাগুলো নিয়ে ভাবার সময় এসেছে।
“আমরা গত কয়েক বছর ধরে দেখছি, যে পরিমাণ অর্থ বরাদ্দ হচ্ছে, সেটি খরচ হচ্ছে না বরং ফেরত যাচ্ছে। আমরা শুধুমাত্র কি ভৌত অবকাঠামোর উন্নয়নের দিকে নজর দেব, নাকি মানবসম্পদ উন্নয়নের দিকে নজর দেব? আমাদের শিক্ষকদের মান বাড়াতে হবে। শিখন পরিবেশের মান বাড়াতে হবে।
“এই জায়গাগুলোয় আমরা যদি অগ্রাধিকার না দিই, তাহলে দেখা যাবে ওই অর্থগুলো ফেরত যাচ্ছে। নতুন শিক্ষাক্রমের আলোকে শিক্ষকদের প্রশিক্ষণ বাড়ানো দরকার। প্রতিষ্ঠানগুলোতে যেন ক্লাসরুমে আমাদের শিক্ষার্থীদের উপযোগী পরিবেশ হয়, কেননা এখন ক্লাসরুমের ডিজাইনের পরিবর্তনের সময় এসেছে। নতুন শিক্ষাক্রমে দলীয় কাজ করার ব্যাপার রয়েছে। সে খাতে বরাদ্দ বাড়াতে হবে। প্রতিষ্ঠানগুলোতে ইন্টারনেট অ্যাক্টিভিটি নিশ্চিত করতে হবে।”
শিক্ষকদের পাশাপাশি শিক্ষা প্রশাসনেরও আধুনিকায়নের প্রয়োজন বলে মনে করেন এই শিক্ষক।
“পুরো সিস্টেমটাই ডিজিটাল হওয়া প্রয়োজন। আমরা এখনও মনে করছি, শিক্ষার বাজেট আশানুরূপ নয়। শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে এটিকে মেগা প্রকল্পের দিকে নিতে হবে।”
শুধু ভৌত অবকাঠামোগত উন্নয়নই নয়, বরং মানবসম্পদ উন্নয়নের জায়গাটিতে আধুনিকায়ন করতে না পারলে আমাদের উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখা সম্ভব হবে না বলে মনে করেন তিনি।
অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী তার বাজেটে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে ৩৮ হাজার ৮১৯ কোটি টাকা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগকে ৪৪ হাজার ১০৯ কোটি টাকা এবং কারিগরি ও মাদ্রাসা বিভাগকে ১১ হাজার ৭৮৩ কোটি টাকা বরাদ্দ দেওয়ার প্রস্তাব করেছেন।
বিজ্ঞান ও প্রযুক্তিতে ১৩ হাজার ৫৭৩ কোটি টাকা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে ২ হাজার ৮৭৩ কোটি টাকা রাখা হয়েছে তার প্রস্তাবে।
প্রস্তাবিত বাজেটে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে বরাদ্দ বাড়ানো হলেও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ কমেছে।
বিদায়ী অর্থবছরে এ মন্ত্রণালয়ে ১৩ হাজার ৬০৭ কোটি টাকা বরাদ্দ থাকলেও, সংশোধিত বাজেটে তা ১২ হাজার ৩৪ কোটি টাকায় নেমে আসে। আর আগামী অর্থবছরে এই মন্ত্রণালয়ে বরাদ্দ দেওয়া হয়েছে ১৩ হাজার ৫৭৩ কোটি টাকা।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, “আমাদের সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় শিক্ষাক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে, যার ফলে মানব উন্নয়ন সূচকে ভারত এবং পাকিস্তানকে পেছনে ফেলে বাংলাদেশ ১৯২টি দেশের মধ্যে ১২৯তম স্থানে অধিষ্ঠিত হয়েছে।”
মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের ভর্তির হার ৭১.৮২ শতাংশে উন্নীত হয়েছে তথ্য দিয়ে তিনি বলেন, “শিক্ষা সম্প্রসারণে সরকার শিক্ষা-প্রতিষ্ঠান নির্মাণ ও উন্নয়ন, ছাত্র ও শিক্ষকদের বৃত্তি-উপবৃত্তিসহ আর্থিক সহায়তা, মেধার বিকাশে নানাবিধ কার্যক্রম বাস্তবায়ন করছে।”
শিক্ষার সম্প্রসারণে সহায়ক নীতিমালা ও পরিবেশ তৈরি করা হচ্ছে বলেও মন্ত্রী দাবি করেন।
তিনি বলেন, “প্রাথমিক শিক্ষার স্তরে শিশুদের ঝরে পড়া রোধ করতে শতভাগ শিক্ষার্থীকে ইএফটি'র মাধ্যমে উপবৃত্তি প্রদান করা হচ্ছে।”
১৫০টি উপজেলার সব প্রাথমিক স্কুলে 'স্কুল ফিডিং প্রোগ্রাম'
অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বাজেট বক্তৃতায় বলেন, 'দারিদ্র্য-পীড়িত এলাকায় স্কুল ফিডিং' শীর্ষক প্রকল্পের মাধ্যমে দেশের ১০৪টি উপজেলায় ১৫ হাজার ৪৭০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৭ লাখের বেশি শিক্ষার্থীর জন্য চলমান স্কুল ফিডিং কার্যক্রম সম্প্রতি শেষ হয়েছে।
“এরই ধারাবাহিকতায় দেশের ১৫০টি উপজেলার সকল প্রাইমারি স্কুলে 'স্কুল ফিডিং প্রোগ্রাম' চালুর লক্ষ্যে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে।”
