Published : 23 Jul 2026, 05:10 PM
ঢাকার উত্তরার সিরাজ মার্কেট এলাকায় স্ত্রীর সঙ্গে ঝগড়া করে সাত মাসের মেয়েকে আছড়ে হত্যার মামলায় শিশুটির বাবা কবির ইসলামকে তিন দিনের রিমান্ডে চেয়ে আবেদন করেছে পুলিশ।
বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা তুরাগ থানার এসআই মেহেদী হাসান ফয়সাল এ আবেদন করেন।
ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন রোববার আসামির উপস্থিতিতে শুনানির দিন রেখেছেন।
প্রসিকিউশন বিভাগের এসআই হেলাল উদ্দিন এ তথ্য দিয়েছেন।
গেল ১৫ জুলাই সন্ধ্যায় সাত মাসের রাফা মনি কবিতাকে আছাড় মারেন বাবা কবির ইসলাম। পরে আশেপাশের লোকজন তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।
পরদিন সন্দেহভাজন আসামি হিসেবে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কবির ইসলামকে আদালতে হাজির করে তুরাগ থানা পুলিশ। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। সে দিন দুপুরেই চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি।
কোলের শিশুকে আছড়ে হত্যার অভিযোগে ১৭ জুলাই তুরাগ থানায় কবির ইসলামকে আসামি করে মামলা করেন শিশুটির নানি শারমিন আক্তার। তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। মঙ্গলবার আদালত কবিরকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেয়।
মামলার বিবরণীতে বলা হয়েছে, দুই বছর আগে কবিরের সঙ্গে লিমা আক্তারের বিয়ে হয়। তাদের ঘরে রাফা মনি জন্মগ্রহণ করে। কবির রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন, তিনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত।
কবির মাদক সেবন করে প্রায়ই লিমাকে মারধর ও গালিগালাজ করতেন। বাবা অসুস্থ হওয়ায় মেয়েকে নিয়ে বুধবার বাবাকে দেখতে বালুরমাঠ হারুন মোল্লার বস্তির বাসায় যান লিমা। সন্ধ্যা ৭টার দিকে পারিবারিক বিষয় নিয়ে কবিরের সঙ্গে লিমার কথা কাটাকাটি ও ঝগড়া হয়। কবির ক্ষিপ্ত হয়ে রাফা মনিকে তার নানির কোল থেকে ছিনিয়ে নিয়ে মাথার ওপর তুলে রাস্তায় আছাড় মারেন। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাফা মনির মৃত্যু হয়।