২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বলরাম পোদ্দারকে কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ

রিমান্ড আবেদন নামঞ্জুর করে ঢাকা মহানগর হাকিম সাইফুজ্জামান এ আদেশ দেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2025, 08:34 PM

Updated : 10 Sep 2026, 12:28 PM

ঢাকার রমনা মডেল থানার একটি হত্যাচেষ্টার মামলায় জনতা ও অগ্রণী ব্যাংকের সাবেক পরিচালক, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দারকে কারা ফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। 

বৃহস্পতিবার রিমান্ডের আবেদনের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সাইফুজ্জামান এ আদেশ দেন।

আদালতের রমনা থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই জিন্নাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বলরাম পোদ্দারকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডে চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোস্তাফিজুর রহমান।

অন্যদিকে রিমান্ড আবেদন বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন বলরামের আইনজীবী আনোয়ারুল কবীর বাবুল। শুনানি শেষে আদালত তাকে কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

২০২৪ সালের ২৬ ডিসেম্বর বলরাম পোদ্দারের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান।

২৫ ডিসেম্বর দিবাগত রাতে কাকরাইলের বাসা থেকে বররাম পোদ্দারকে গ্রেপ্তার করে রমনা থানা পুলিশ। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য এবং ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি।

মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই রাজধানীর রমনা থানাধীন জাতীয় পার্টির প্রধান কার্যালয়ের বিপরীত পাশে আন্দোলনকারীদের ওপর হামলা চালায় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে শাকিবসহ কয়েকজন আহত হন। 

পরে শাকিব বাদী হয়ে রমনা মডেল থানায় হত্যাচেষ্টা মামলা করেন। এ মামলায় সন্দেহভাজন আসামি হিসাবে গ্রেফতার করা হয় বলরাম পোদ্দারকে।