১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভারত সীমান্তে ড্রোন মোতায়েনের খবরটি ভুয়া: প্রধান উপদেষ্টার দপ্তর

‘বাংলাদেশের বিরুদ্ধে চলমান মিথ্যা প্রচারণার অংশ এটা।’

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2024, 07:32 PM

Updated : 10 Sep 2026, 12:25 PM

ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে ভারতের সীমান্তে বাংলাদেশের ড্রোন মোতায়েনের যে দাবি করা হয়েছে সেটিকে ‘ভুয়া খবর’ হিসেবে শনাক্ত করার কথা বলেছে প্রধান উপদেষ্টার দপ্তর।

শনিবার প্রধান উপদেষ্টার দপ্তরের প্রেস উইং ফ্যাক্টস নামের ফেইসবুক পেইজে এ বিষয়ে একটি পোস্ট দেওয়া হয়েছে।

তথ্য যাচাইয়ের কথা তুলে ধরে পেইজে বলা হয়েছে, ‘এটি সম্পূর্ণরূপে একটি অসত্য ও বানোয়াট খবর।’

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্রকে উদ্ধৃত করে ওই পোস্টে বলা হয়, “বাংলাদেশ রুটিন কার্যক্রমের বাইরে দেশের কোনো এলাকায় কোনো ড্রোন মোতায়েন করেনি। এই খবরটি বাংলাদেশের বিরুদ্ধে চলমান মিথ্যা প্রচারণার একটি অংশ।”

বাংলাদেশ নিয়ে ভারতের ৪৯ সংবাদমাধ্যমে ১৩ ভুয়া খবররিউমর স্ক্যানার

ভারতীয় সংবাদমাধ্যম সাপ্তাহিক ইন্ডিয়া টুডে'তে প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হয়, “ভারত-বাংলাদেশ সীমান্তে বাংলাদেশ ‘বায়রাকতার টিবি২’ ড্রোন মোতায়েন করেছে।” প্রতিবেদনে এটাও বলা হয়েছে যে, এ ড্রোন তুরস্কের নির্মিত।

প্রেস উইং ফ্যাক্টস নামের ফেইসবুক পেইজে প্রতিবেদনটির একটি স্ক্রিন শট তুলে ধরা হয়েছে, যার শিরোনাম হল- ‘হোয়াট’স বায়রাকতার টিবি২ ড্রোন ডেপ্লয়েড বাই বাংলাদশ অ্যান্ড ইজ ইন্ডিয়া প্রিপ্রেয়ার্ড?’