২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিঙ্গাদের সহায়তায় যুক্তরাষ্ট্র পাশে থাকবে: ম্যাকেঞ্জি রো

রোহিঙ্গা সংকটের শুরু থেকে এ পর্যন্ত প্রায় ২৪০ কোটি ডলার সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র।

রোহিঙ্গাদের সহায়তায় যুক্তরাষ্ট্র পাশে থাকবে: ম্যাকেঞ্জি রো
ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2024, 07:22 PM

Updated : 10 Sep 2026, 12:08 PM

রোহিঙ্গা শরণার্থীদের ফেরত যাওয়ার পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাষ্ট্র দূতাবাসের রিজিওনাল রিফিউজি কোঅর্ডিনেটর ম্যাকেঞ্জি রো।

বুধবার ঢাকার আমেরিকান সেন্টারে এক ব্রিফিংয়ে তিনি বলেন, “রোহিঙ্গাদের জন্য বাংলাদেশকে সহায়তায় যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। মিয়ানমারের সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য আমরা আঞ্চলিক দেশগুলোর সঙ্গে এবং জাতিসংঘে আমাদের সমর্থন অব্যাহত রেখেছি, যাতে সহিংসতায় বাস্তুচ্যুত রোহিঙ্গা এবং অন্যরা নিরাপদে দেশে ফিরে যেতে পারেন। 

“সেই দিন না আসা পর্যন্ত যুক্তরাষ্ট্র রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তায় বাংলাদেশের অবিচল অংশীদার হয়ে থাকবে।”

মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতন ও গণহত্যার মুখে ২০১৭ সালের ২৫ অগাস্ট রাখাইন (আরাকান) রাজ্য থেকে বাংলাদেশে স্রোতের মত ঢুকতে শুরু করে রোহিঙ্গারা। কয়েক মাসের মধ্যে সাড়ে সাত লাখ রোহিঙ্গা কক্সবাজারের উখিয়া-টেকনাফে আশ্রয় নেয়। যেখানে আগে থেকেই ক্যাম্পে বসবাস করছিল আরও চার লাখ।

আন্তর্জাতিক চাপের মুখে ওই বছরের শেষ দিকে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে রাজি হয় মিয়ানমারের অং সান সু চি সরকার। ওই বছর সেপ্টেম্বরে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তিও করে। 

পালিয়ে আসা রোহিঙ্গাদের পরিচয় নিশ্চিত হওয়াসহ বিভিন্ন বিষয়ে আলোচনার এক পর্যায়ে ২০১৯ সালে দুই দফায় প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু মিয়ানমার সরকারের ওপর আস্থা রাখতে পারেনি রোহিঙ্গারা, ভেস্তে যায় আলোচনা।

এরপর আসে কোভিড মহামারী, রোহিঙ্গাদের ওপর থেকে আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগেও ঢিল পড়ে। বিশ্বজুড়ে সেই সংকটের মধ্যেই ২০২১ সালের ফেব্রুয়ারিতে সু চির সরকারকে সরিয়ে ক্ষমতা দখল করেন সামরিক জান্তা জেনারেল মিন অং হ্লাইং। প্রত্যাবাসন প্রক্রিয়ায় আসে নতুন বাধা।

এখন মিয়ানমারে গৃহযুদ্ধের কারণে প্রত্যাবাসনের আলোচনা আপাতত বন্ধ, উল্টো রাখাইনে যুদ্ধের কারণে নতুন করে অনুপ্রবেশের আশঙ্কা তৈরি হয়েছে। সাত বছর আগে বাংলাদেশ সীমানা খুলে দিলেও এবার সরকার কঠোর অবস্থানে।

২০ জুন বিশ্ব শরণার্থী দিবস সামনে রেখে আয়োজিত ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তা ম্যাকেঞ্জি রো বলেন, “আজ আমি আরও জোর দিয়ে বলতে চাই যে, বাংলাদেশ একা নয়। যুক্তরাষ্ট্র, অন্যান্য অনেক দেশের সরকার, জাতিসংঘের সংস্থা এবং এনজিও বাংলাদেশের সাথে কাজ করছে যাতে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা করা যায়।

রোহিঙ্গা শরণার্থী সংকটে ক্ষতিগ্রস্তদের জন্য মানবিক সহায়তার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র যে বৃহত্তম দাতা, সে কথা মনে করিয়ে দিয়ে রিজিওনাল রিফিউজি কোঅর্ডিনেটর বলেন, “২০১৭ সালের অগাস্ট মাসে যখন ৭ লাখ ৪০ হাজারের বেশি রোহিঙ্গা মিয়ানমারের রাখাইন রাজ্যে গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ এবং জাতিগত নির্মূল থেকে বাস্তুচ্যুত হয়ে এসেছিল, তখন থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র প্রায় ২৪০ কোটি ডলার বা ২৮ হাজার ৮০ কোটি টাকার তহবিল দিয়েছে সহায়তা হিসেবে। 

যুক্তরাষ্ট্র দূতাবাসের রিজিওনাল রিফিউজি কোঅর্ডিনেটর ম্যাকেঞ্জি রো।

যুক্তরাষ্ট্র দূতাবাসের রিজিওনাল রিফিউজি কোঅর্ডিনেটর ম্যাকেঞ্জি রো।

“এর মধ্যে যুক্তরাষ্ট্র শুধুমাত্র বাংলাদেশে শরণার্থী এবং আশ্রয়দাতা জনগোষ্ঠীকে সহায়তার জন্য প্রায় ১৯০ কোটি ডলার বা ২২ হাজার ২৩০ কোটি টাকা দিয়েছে।”

তিনি বলেন, “জীবন রক্ষাকারী সহায়তা ও সুরক্ষার জন্য আমরা সাহায্য দিয়ে যাচ্ছি, যার মধ্যে আছে- শিক্ষা ও প্রশিক্ষণের সুযোগ যা পরিস্থিতি সাপেক্ষে মিয়ানমারে স্বেচ্ছায়, নিরাপদে, মর্যাদাপূর্ণ এবং টেকসই প্রত্যাবর্তন নিশ্চিত করতে রোহিঙ্গাদের দক্ষতা তৈরিতে সহায়তা করা।

“কক্সবাজার অঞ্চল জুড়ে দুর্যোগ প্রস্তুতি জোরদার করা; এবং রোহিঙ্গা এবং আশ্রয়দাতা জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবা এবং বিশুদ্ধ পানির সুযোগ প্রসারিত করার জন্যও আমরা সহায়তা দিয়ে যাচ্ছি।”