কৃষক হাশিম হত্যায় গ্রেপ্তার ৬
পুলিশ বলছে, মাদক কারবারী, সন্ত্রাসী ও জুয়াড়িদের অপরাধ কর্মকাণ্ডে বাধা হয়ে দাঁড়ানোয় খুন হন কৃষক হাশিম।
ঢাকার নবাবগঞ্জে এক কৃষককে হত্যায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই।
পুলিশ বলছে, মাদক কারবারী, সন্ত্রাসী ও জুয়াড়িদের অপরাধ কর্মকাণ্ডে বাধা হয়ে দাঁড়ানোয় খুন হন কৃষক হাশিম।
গ্রেপ্তাররা হলেন- কামাল (৩৬), মেছের আলী (৪২), মো. জাহাঙ্গীর আলম (৪৫), মো. নাছির উদ্দিন ওরফে নসু (৪৬), মো. পিন্টু চৌধুরী (৩০), মোজলেম (৫৫) ও সোহেল।
বৃহস্পতিবার দুপুরে ধানমণ্ডি পিবিআই সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনে ঢাকা জেলার পিআইবির পুলিশ সুপার কুদরাত ই খুদা বলেন, নবাবগঞ্জের কৈলাইল ইউনিয়নের মাতাবপুর গ্রামের কৃষক মো. হাশিমকে (৬৫) এ বছর ১৬ এপ্রিল হত্যা করা হয়।
“হাশিম তার বাড়ির কাছে সবজি ও ঘাসের আবাদ করতেন। ঘটনার দিন রাত দেড়টার দিকে তিনি জমির ঘাস পাহারা দিতে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি।পরদিন জমির পাশে তার গলাকাটা লাশ পাওয়া যায়।”
ওই ঘটনায় হালিমের ছেলে মো. আরিফ বাদী হয়ে হত্যা মামলা করেন। পরে মামলার তদন্তভার যায় পিবিআইয়ের হাতে।
তদন্তে জানা যায়, ওই রাতে হাশিম যখন জমির সবজি ও ঘাস পাহারা দিচ্ছিলেন, ওই ছয়জন পাশের স্কুল মাঠে বসে গাঁজা সেবন করছিলেন এবং জুয়া খেলছিলেন।
পুলিশ সুপার কুদরাত ই খুদা বলেন, “রাতে ওই স্কুল ভবনটি মূলত মাদক সেবন, মাদক ক্রয়-বিক্রয়, বিভিন্ন ব্যক্তিকে অপহরণ করে মুক্তিপণ আদায়, চাঁদা আদায়, বিভিন্ন এলাকায় ডাকাতির পরিকল্পনা, পার্শ্ববর্তী নদীতে চলমান ট্রলার ও কার্গো থেকে চাঁদা আদায়সহ এলাকায় আধিপত্য বিস্তারের মত অপরাধ করার পরিকল্পনাস্থল হিসেবে ব্যবহার করতেন আসামিরা।ঘটনার রাতে তারা জুয়া খেলার পাশাপাশি মাদক সেবন এবং মাদক ক্রয়-বিক্রয় করছিলেন।”
ওই সময় হাশিম তার জমি পাহারা দিতে সেখানে থাকায় আসামিদের কর্মকাণ্ডে ‘বাধা’ তৈরি হয়। সে কারণে তারা হাশিমকে চলে যেতে হুমকি দেয়।
“হাশিম তাদের কথা না শোনায় এবং তর্কে জড়িয়ে পড়ার কারণে নাছির উদ্দিন ও জাহাঙ্গীর আলম অন্যদের সহযোগিতায় ঘাস কাটার কাঁচি দিয়ে গলা কেটে হাশিমকে হত্যা করে।”
তদন্তে নাম আসার পর বুধবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই ছয়জনকে গ্রেপ্তার করে পিবিআই। তাদের মধ্যে পিন্টু চৌধুরী, মোজলেম, মেছের আলী ও কামাল আদালতে ১৬৪ ধারা জবানবন্দি দিয়েছেন বলে পিবিআইয়ের সংবাদ সম্মেলনে জানানো হয়।
