আমৃত্যু সাজা আলমগীরের, পুলিশ কারাগারে পাঠাল আল-আমিনকে
আলমগীরের বাবার নাম মো. হান্নান আর আল আমিনের বাবার নাম আবদুল হান্নান। আর হান্নানের ছেলে বলে ধরে নেওয়া হয় আল আমিনকে। পরিবারের আবেদনেও খতিয়ে দেখেননি রংপুরের পুলিশ সুপার।
কোনো অপরাধ করেননি রংপুরের কলেজছাত্র আল আমিন। তার বিরুদ্ধে কেউ থানায় অভিযোগও দেয়নি। তবু সংঘবদ্ধ ধর্ষণে কিশোরীর মৃত্যুর মামলায় তিনি আড়াই মাস ধরে কারাগারে।
সেই মামলায় আমৃত্যু সাজা পাওয়া পাঁচ জনের কারও নাম আল আমিন নয়। সাজাপ্রাপ্ত আসামিদের একজন আলমগীর হোসেন। তার বাবার নাম মো. হান্নান। আর আল আমিনের বাবার নাম আবদুল হান্নান। তাদের বাড়ি একই উপজেলায়।
‘হান্নানের’ ছেলে হিসেবে ধরে নেওয়ার পর আল আমিনের পরিচয় যাচাই না করেই পুলিশ তাকে পাঠায় কারাগারে।
ভুক্তভোগীর পরিবার বিষয়টি হাই কোর্টের নজরে আনলে বিচারক পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। আগামী ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে হবে পিবিআইকে।
এ বিষয়ে একটি রুলও জারি করেছে হাই কোর্ট। আসামি আলমগীর হোসেনের পরিবর্তে আল- আমিনকে গ্রেপ্তার কেন বেআইনি ও আইনগত কর্তৃত্ব-বহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে সেখানে।
স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), রংপুরের ডেপুটি কমিশনার, পুলিশ সুপার, গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও রংপুরের জ্যেষ্ঠ জেল সুপারকে আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
বিচারপতি মো. বদরুজ্জামান ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাই কোর্ট বেঞ্চ বুধবার এই আদেশ দেয়। তবে তা পরদিন প্রকাশ পায়।
আলমগীরের জায়গায় আল আমিন যেভাবে কারাগারে
রিটকারীর আইনজীবী শিশির মনির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০১৫ সালে রংপুরে গঙ্গাচড়া উপজেলায় সংঘবদ্ধ ধর্ষণে এক কিশোরীর মৃত্যু হয়। ওই ঘটনায় ২০২২ সালের ২৪ নভেম্বর রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রোকনুজ্জামান পাঁচ আসামির আমৃত্যু কারাদণ্ডের রায় ঘোষণা করেন।
তারা হলেন- গঙ্গাচড়া উপজেলার নরসিংহ মর্ণেয়া গ্রামের আবুজার রহমান, আলমগীর হোসেন, নাজির হোসেন, আবদুল করিম ও আমিনুর রহমান।
আসামিদের মধ্যে আলমগীর পলাতক। তিনি রংপুরের গঙ্গাচড়া উপজেলার নরসিংহ মর্নেয়া গ্রামের মো. হান্নানের ছেলে।
গত ১৮ মার্চ পুলিশ গ্রেপ্তার করে একই উপজেলার হাজির পাড়া গ্রামের মো. আব্দুল হান্নানের ছেলে আল আমিনকে। রংপুরের সিও বাজার মসজিদ ছাত্রাবাস থেকে তাকে নিয়ে আসে পুলিশ।
২০১৫ সালে সেই ধর্ষণের সময় স্কুল পড়তেন আল-আমিন। জন্ম সনদ অনুযায়ী তার জন্ম ২০০০ সালের ২০ জানুয়ারি। তিনি ২০১১ সালে প্রাথমিক সমাপনী পরীক্ষা (পিইসি), ২০১৫ সালে জুনিয়র স্কুল সার্টিফিকেট- জেএসসি, ২০১৮ সালে এসএসসি, ২০০০ সালে এইচএসসি পাস করেন।
লালমনিরহাটের আদিতমারী সরকারি কলেজে ম্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষে পড়ছেন আল আমিন।
তাকে সাজাপ্রাপ্ত আসামি দেখিয়ে কারাগারে পাঠানোর ১২ দিন পর গত ৩০ মার্চ রংপুর পুলিশ সুপারের কাছে একটি আবেদন করেন তার ভাই আলী হোসাইন। সাড়া না পেয়ে গত ২৮ মে হাই কোর্টে আবেদন করেন তিনি।
আলমগীর হোসেনের বদলে আল আমিন কীভাবে গ্রেপ্তার হল, এই প্রশ্নে রংপুরের গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আদালত থেকে ওয়ারেন্ট এসেছে, আমরা সে মোতাবেকই গ্রেপ্তার করে দিয়েছি। এখানে আমাদের কোনো দায় নেই।”
ওয়ারেন্ট যার নামে গেছে, আর গ্রেপ্তার যিনি হয়েছেন, তিনি একই ব্যক্তি কি না, এটা যাচাই করা হয়েছিল কি না- এই প্রশ্নে তিনি বলেন, “মামলাটির তদন্ত করেছে সিআইডি। আমরা করিনি। জবাব দিলে তারা দেবে।”
একই প্রশ্নে রংপুরের পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী বলেন, “এ বিষয়ে আমি এখনও কিছুই জানি না। আমি বিষয়টা আগে জানব, তারপর বলব।”
ধর্ষণ মামলার বিস্তারিত
মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ১৪ মে ভুক্তভোগী কিশোরীকে রেখে তার বাবা ও মা লালমনিরহাটে একটি বিয়ের অনুষ্ঠানে যান। একা পেয়ে সেই কিশোরীকে ধর্ষণের পর দেশীয় অস্ত্র দিয়ে হত্যা করে পালিয়ে যায় একদল দুবৃত্ত।
ওই রাতেই কিশোরীর বাবা-মা বাড়িতে ফিরে মেয়েকে খুঁজে পাননি। পরদিন সকালে বাড়ির অদূরে একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পরে ওই কিশোরীর বাবা গঙ্গাচড়া থানায় মামলা করেন। তদন্ত কর্মকর্তা গঙ্গাচড়া থানার উপপরিদর্শক (এসআই) তৌহিদুল ইসলাম পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।
প্রায় সাত বছর বিচার চলার পর ২০২২ সালের ২৪ নভেম্বর পাঁচ আসামিকে আমৃত্যু কারাদণ্ড ও ১ লাখ টাকা করে জরিমানা করে রায় দেন রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. রোকনুজ্জামান।
