২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিআইডব্লিউটিএ চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা হচ্ছে

দুদক বলছে, কিছু কিছু দুর্নীতি ‘কখনও চোখে পড়ে না’, বিআইডব্লিউটিএ এর দুর্নীতি অনেকটা সে রকম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2022, 03:31 PM

Updated : 28 Sep 2022, 03:31 PM

আরিচা নদী বন্দরে শুল্ক আদায়ের দুটি ঘাট কম দামে ইজারা দিয়ে ছয় কোটি ৮০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর গোলাম সাদেকসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের উপ-সহকারী পরিচালক মো. আলিয়াজ হোসেন বাদী হয়ে এ মামলা দায়ের করবেন। মঙ্গলবার কমিশন সভায় এ মামলা দায়েরের অনুমোদন দেওয়া হয়।

দুদকের কমিশনার (অনুসন্ধান) মো. মোজাম্মেল হক খান সাংবাদিকদের বলেন, “কিছু কিছু দুর্নীতি কখনও চোখে পড়ে না, এটা টেকনিক্যাল বিষয়। বিআইডব্লিউটিএ এর দুর্নীতি অনেকটা সে রকম।

“বিআইডব্লিউটিএ চেয়ারম্যানের বিরুদ্ধে নানাবিধ দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ পাওয়া গিয়েছিল, দুদক অভিযোগটি প্রাথমিকভাবে অনুসন্ধান করেছে, অনুসন্ধানে এই অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। এ কারণে মামলা দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

মামলায় বিআইডব্লিউটিএ চেয়ারম্যান ছাড়াও এ সংস্থার সদস্য (পরিচালক পরিকল্পনা) মো. দেলোয়ার হোসেন (যুগ্ম সচিব), প্রশাসন ও মানবসম্পদ বিভাগের পরিচালক মুহাম্মদ আবু জাফর হাওলাদার, বন্দর ও পরিবহন বিভাগের পরিচালক কাজী ওয়াকিল নওয়াজ, অতিরিক্ত পরিচালক মো. সাইলফুল ইসলাম (বর্তমান পরিচালক), যুগ্ম পরিচালক বন্দর জুলফা খানম ও উপ-পরিচালক (ইজারা) মো. মোস্তফিজুর রহমানকে আসামি করা হচ্ছে।

এছাড়া সাবেক তিন উপ-পরিচালক শেখ মো. সেলিম রেজা, মো. কবির হোসেন, মোহা. মাসুদ পারভেজকেও রাখা হচ্ছে আসামির তালিকায়।

তিন ইজারাদার মোহাম্মদ এজাজ আহমেদ সোহাগ, সাকিব আহমেদ ইমন ও মো. রফিকুল ইসলাম খানও আসামি হচ্ছেন মামলায়।

তাদের বিরুদ্ধে অভিযোগ, নগরবাড়ী-কাজিরহাট-নরাদহ বন্দর এলাকায় ঘাট ইজারায় ‘অনিয়ম’ করেছেন তারা।

তারা ‘পরস্পর যোগসাজশে’ ২০২০-২০২১ অর্থবছরে বাজার মূল্যের চেয়ে তিন কোটি ৬৩ লাখ ৩৪ হাজার ৬৩৪ টাকা কমে এবং ২০২১-২০২২ অর্থবছরে বাজার মূল্যের চেয়ে তিন কোটি ১৭ লাখ ৫৮ হাজার ৯০২ টাকা কমে ঘাট ইজারার ব্যবস্থা করে ছয় কোটি ৮০ লাখ ৯৩ হাজার ৫৩৬ টাকা ‘আত্মসাৎ’ করেন বলে মামলায় অভিযোগ আনা হচ্ছে।

বিআইডব্লিউটিএ চেয়ারম্যানের বিষয়ে দুদকের অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়, “তিনি প্রতিষ্ঠানটির প্রধান হিসেবে নিয়োজিত থেকে আমদানি-রপ্তানি/খালাস মালামালের পরিমাণ সংক্রান্ত তথ্য পর্যালোচনা না করে ঘাটের চলমান বার্ষিক ইজারা মূল্য চার কোটি ৮০ লাখ টাকা হলেও প্রাক্কলতি মূল্য নির্ধারণে গঠিত পাঁচ সদস্যের কমিটির মূল্যায়ন প্রতিবেদন ছাড়াই ২০২১-২০২২ অর্থবছরের দুই কোটি টাকা ধরে ইজারা অনুমোদন করেন।”

যারা ইজারা পেয়েছেন, তারা পূর্ণকালীন চুক্তির ইজারাদার না হলেও ২০১১-২০১২ অর্থবছরে তাদের ইজারা নবায়ন করা হয় জানিয়ে প্রতিবেদনে বলা হয়, “সেখানে ঘাট ইজারা দেওয়ার পদ্ধতি অনুসরণ করা হয়নি।”

বিআইডব্লিউটিএ এর চেয়ারম্যান গোলাম সাদেক বলেছেন, মামলার বিষয়টি তিনি ‘সাংবাদিকদের মাধ্যমে’ জানতে পেরেছেন।

“নগরবাড়ি ইজারা ঘাটের বিষয়ে সংক্ষুব্ধ এক ব্যক্তি আমাদের কাছে অভিযোগ নিয়ে এসেছিলেন। তারপর উনি কোর্টে গেছেন এবং দুর্নীতি দমন কমিশনের কাছেও অভিযোগ করেছেন। হাই কোর্ট হয়ে আপিল বিভাগের ওই অভিযোগ খারিজ হয়ে আমাদের পক্ষে রায় আসে।”

এরপর এ বিষয়ে গত ফেব্রুয়ারিতে দুদক থেকে একটি চিঠি আসে জানিয়ে তিনি বলেন, “সেখানে বলা হয়, বিষয়টি নিয়ে যেন চেয়ারম্যান (বিআইডিব্লিউটিএ) ব্যবস্থা নেন। পরে এ বিষয়ে ব্যবস্থা নিতে গেলে সংক্ষুব্ধ ব্যক্তি আমাদের কাছে এসেছিলেন, তার অভিযোগ প্রত্যাহার করে নেন। ফলে আমরা বিষয়টি ওইখানেই সমাপ্ত করি।

“এরপরও দুদক যেহেতু বিষয়টি নিয়ে মামলার প্রস্তুতি নিচ্ছে, এখন বিষয়টি আমাদের দেখতে হবে, দরকার হলে আমরা রিভিউ করব। দুদকের এ বিষয়ে কোনো সহযোগিতার দরকার হলে তা করা হবে।”

বিআইডব্লিউটিএ চেয়ারম্যান বলেন, “সরকার থেকে আইন দ্বারা কিছু দায়িত্ব দেওয়া আছে, আমরা আইন, বিধি ও নীতিমালা মেনে বোর্ডের সিদ্ধান্ত অনুসারে সবকিছু পরিচালনা করে থাকি। আইনগত দিন দেখে পরবর্তী পদক্ষেপ নেব।”