১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঈদের সময় ফিটনেসবিহীন গাড়ি চলতে না দেওয়ার নির্দেশ আইজিপির

মহাসড়কে নসিমন-ভটভটি জাতীয় যানবাহন উঠতে দেওয়া হবে না বলে জানিয়েছেন তিনি।

ঈদের সময় ফিটনেসবিহীন গাড়ি চলতে না দেওয়ার নির্দেশ আইজিপির

পুলিশ কর্মকর্তাদের নিয়ে সভায় চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2023, 08:17 PM

Updated : 17 Apr 2023, 08:17 PM

ঈদে মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে সড়ক-মহাসড়কে ফিটনেসবিহীন যানবাহন চলাচল করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

মহাসড়কে নসিমন-ভটভটি জাতীয় যানবাহন উঠতে দেওয়া হবে না বলেও জানিয়েছেন তিনি।

ঈদুল ফিতর উপলক্ষে সোমবার পুলিশ সদর দপ্তরে সড়ক ও মহাসড়কে সুষ্ঠু যানবাহন চলাচলের বিষয়ে পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে মতবিনিময় করেন পুলিশ প্রধান।

সেই সভায়ই তিনি ঈদের সময় মহাসড়কে ফিটনেসবিহীন যান এবং নসিমন-ভটভটি চলাচল বন্ধ রাখার কথা বলেন।

ঈদের সময় যানবাহনে অতিরিক্ত যাত্রী বহন না করা, বাসের ছাদে এবং পণ্য পরিবহনকারী যানবাহনে যাত্রী বহন না করতে পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের অনুরোধ জানান আল-মামুন।

পরিবহন মালিক ও শ্রমিক নেতারা ঈদে পুলিশকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেন।

সভায় অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান, ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক, স্পেশাল ব্রাঞ্চের (এসবি) অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলাম, অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) আতিকুল ইসলাম, নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি শফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা ছিলেন।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি, বাংলাদেশ শ্রমিক ফেডারেশন, ঢাকা জেলা সড়ক পরিবহন যানবাহন ইউনিয়ন, ঢাকা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন নেতারা এই মতবিনিময়ে উপস্থিত ছিলেন।

পরে আইজিপি সব মহানগর পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপারদের সঙ্গে ভার্চুয়াল সভায করেন।

এই সভায় আসন্ন ঈদকে সামনে রেখে যানজট নিরসন এবং আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার আহবান জানান তিনি।

বিভিন্ন মার্কেটে সম্প্রতি অগ্নিকাণ্ডের প্রেক্ষাপটে ‍পুলিশ কর্মকর্তাদের তৎপর থাকতে বলেন আল-মামুন।

বাজার কমিটিগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করার পরামর্শ দিয়ে তিনি বলেন, “যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার সাথে সাথে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হবে।”

ঈদে শহর ছেড়ে যাওয়া মানুষের বাসা, ঈদের জামাতের নিরাপত্তা জোরদার করার বিষয়ে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন আইজিপি।

তিনি বলেন, “আমরা সবাই মিলে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করলে একটি সুন্দর ঈদ উপহার দিতে সক্ষম হব।”