১৮ অক্টোবর ২০২৬, ০৩ কার্তিক ১৪৩৩

প্রধানমন্ত্রী ‘আবার আসতে পারেন’, তাই গ্রিনরোড কোয়ার্টারের বাজার বন্ধ

বাজারের কিছু সবজি ব্যবসায়ী সরকারি কোয়ার্টারগুলোতে ‘সাবলেট’ হিসেবেও থাকেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 18 Oct 2026, 03:57 PM

Updated : 18 Oct 2026, 03:57 PM

প্রধানমন্ত্রীর পরিদর্শনের সম্ভাবনার খবরে রাজধানীর গ্রিনরোড সরকারি স্টাফ কোয়ার্টার এলাকার ‘সকালের হাট-বাজার’ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

আবাসিক এলাকার ‘পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং ডেঙ্গু প্রতিরোধের’ কথা বলে এ সিদ্ধান্ত নিয়েছে গ্রিনরোড এস্টেট সরকারি কর্মচারী সমাজকেন্দ্র।

সংগঠনটির বিজ্ঞপ্তিতে রোববার বলা হয়, “প্রধানমন্ত্রীর সাম্প্রতিক পরিবেশ সংরক্ষণ ও পরিচ্ছন্নতা বৃদ্ধির নির্দেশনার পরিপ্রেক্ষিতে গ্রিনরোড সরকারি স্টাফ কোয়ার্টারের দুই নম্বর খেলার মাঠ সংলগ্ন ‘সকালের হাট-বাজার’ ১৮ অক্টোবর থেকে সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হল। উক্ত স্থানে কোনো প্রকার অস্থায়ী দোকানপাট বসানো, হাট-বাজার পরিচালনা করা বা বর্জ্য ফেলা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।”

এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে গ্রিনরোড এস্টেট সরকারি কর্মচারী সমাজকেন্দ্রের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কোয়ার্টারের ভেতরে বসা এই বাজারের কারণে আবাসিক এলাকার পরিবেশ দূষিত হচ্ছিল। বাজারে ময়লা আবর্জনা জমে থাকত, দুর্গন্ধ ছড়াত এবং পলিথিনসহ বিভিন্ন বর্জ্যের স্তূপ তৈরি হত।”

সরকারি কোয়ার্টারের ভেতরে এভাবে বাজার বসানো ‘ঠিক নয়’ মন্তব্য করে তিনি আরও বলেন, বাজারের কিছু সবজি ব্যবসায়ী সরকারি কোয়ার্টারগুলোতে ‘সাবলেট’ হিসেবেও থাকেন।

বাজার বন্ধের সিদ্ধান্তের বিষয়ে নজরুল ইসলাম বলেন, গণপূর্ত অধিদপ্তরের এসডি ও এসও পর্যায়ের কর্মকর্তারা মৌখিকভাবে তাদের জানিয়েছেন যে বাজারটি কলোনির পরিবেশের জন্য ক্ষতিকর। তবে এ বিষয়ে কোনো লিখিত চিঠি দেওয়া হয়নি।

প্রধানমন্ত্রীর পরিদর্শনের সঙ্গে বাজার বন্ধের সিদ্ধান্তের কোনো সম্পর্ক আছে কি না-জানতে চাইলে তিনি বলেন, প্রধানমন্ত্রী এর আগে কোয়ার্টার পরিদর্শন করে সেখানে অনেক ময়লা-আবর্জনা দেখেছেন।

“তিনি আবারও সেখানে পরিদর্শনে আসতে পারেন বলে জানা গেছে।”

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রম দেখতে শনিবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় 'আকস্মিক' পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার সকালে তিনি ধানমন্ডি গভ. বয়েজ হাইস্কুল, গ্রিনরোড সরকারি স্টাফ কোয়ার্টার এবং আজিমপুরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসন এলাকা ঘুরে দেখেন। ঘুরে দেখেছেন কয়েকটি হাসপাতালও।

পুরনো খবর:

আচমকা শিশু হাসপাতালে প্রধানমন্ত্রী, ধূমপান করতে দেখে চিকিৎসককে বরখাস্তের নির্দেশ
ডেঙ্গু: হাসপাতাল ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী