আচমকা শিশু হাসপাতালে প্রধানমন্ত্রী, ধূমপান করতে দেখে চিকিৎসককে বরখাস্তের নির্দেশ
এদিন সকাল থেকে ঢাকার বিভিন্ন হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে দেখেন সরকারপ্রধান।
বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আচমকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে হাসপাতালটি পরিদর্শনের সময় একজন চিকিৎসককে নিজের কক্ষে ধূমপান করতে দেখে প্রধানমন্ত্রী তাকে বরখাস্তের নির্দেশ দেন।
এ তথ্য দিয়ে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী শিশু হাসপাতালে আকস্মিক পরিদর্শনে যান। সেখানে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।
“শুধু তাই নয় ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায় দেখতে পান তিনি। এ ঘটনায় ওই চিকিৎসককে তাৎক্ষণিক বরখাস্তের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।”
উপ প্রেস সচিব হাসান শিপলু জানান, ডেঙ্গু ও পরিচ্ছন্নতা পরিস্থিতি দেখতে এদিন সকাল থেকে ঢাকার বিভিন্ন হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সরকারপ্রধান সকালে যান উত্তরায় কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে। সেখানে হাসপাতালে কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় অসন্তোষ প্রকাশ করেন তিনি।
এরপর কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে দুপুরে প্রধানমন্ত্রী আসেন আগারগাঁওয়ে শিশু হাসপাতাল পরিদর্শনে।
সেখানে হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখার পাশাপাশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কর্মপরিবেশ এবং হাসপাতালের সার্বিক পরিচ্ছন্নতা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী।
হাসান শিপলু বলেন, পরিদর্শনের এক পর্যায়ে হাসপাতালের সহযোগী অধ্যাপক রফিকুল ইসলামের কক্ষে গিয়ে তাকে ধূমপান করতে দেখেন প্রধানমন্ত্রী। এ সময় ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায় ছিল।
হাসপাতালের মতো একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চিকিৎসকের এমন আচরণ ও অপরিচ্ছন্ন পরিবেশ দেখে ক্ষোভ প্রকাশ করেন সরকারপ্রধান।
তিনি তাৎক্ষণিকভাবে হাসপাতালের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক এ কে এম আজিজুল হককে সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
উপ প্রেস সচিব বলেন, “প্রধানমন্ত্রীর নির্দেশের পর চিকিৎসক রফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।”
প্রধানমন্ত্রী শিশু হাসপাতালে স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখা, পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং চিকিৎসকসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার ওপরে প্রধানমন্ত্রী গুরুত্বারোপ করেছেন।
আরও পড়ুন:
ডেঙ্গু: হাসপাতাল ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী
ডেঙ্গু প্রতিরোধ: সরকারি উদ্যোগে ‘নির্ভরতা কমিয়ে’ সম্মিলিতভাবে কাজ করার তাগিদ প্রধানমন্ত্রীর
