১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বাদশ সংসদ নির্বাচনেও সেনা মোতায়েন চাইবে ইসি

বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে ‘স্ট্রাইকিং ফোর্স’ হিসেবে সেনাবাহিনী মোতায়েন হয়ে থাকে বলে জানিয়েছেন একজন নির্বাচন কমিশনার।

দ্বাদশ সংসদ নির্বাচনেও সেনা মোতায়েন চাইবে ইসি

নির্বাচন কমিশনার মো. আলমগীর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2022, 11:36 PM

Updated : 25 Aug 2022, 11:38 PM

দ্বাদশ সংসদ নির্বাচনে সেনা মোতায়েনের জন্য সরকারের কাছে সহায়তা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।

আইন শৃঙ্খলা রক্ষায় এ বাহিনীর সদস্যরা ভোটের সময় বরাবরের মত ‘স্ট্রাইকিং ফোর্স’ হিসেবে কাজ করবে বলে জানান তিনি।

বৃহস্পতিবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, “আগামী সাধারণ নির্বাচনে সেনাবাহিনীর সহযোগিতা নেব, সেটা আমাদের সিদ্ধান্ত আছে। সরকারকে প্রস্তাব দেব সেনাবাহিনীর সহায়তা দেওয়ার জন্য।”

নির্বাচন কমিশনার আলমগীর বলেন, “যেখানে প্রয়োজন আছে, সেখানে ডাকলে চলে আসবে। কেননা, তাদের কাজ বাদ দিয়ে তো তাদের নামাতে পারব না। এত লোকবল তো তাদের নেই। পুলিশ, বিজিবি, আনসারের মত তো প্রতি কেন্দ্রে তাদের রাখা সম্ভব নয়।

“আমরা তাদের সহায়তা নেব। … আইন অনুযায়ী, তারা সহায়তা দিতে বাধ্য। বেসামরিক প্রশাসন যদি মনে করেন জেলা প্রশাসক চাইতে পারেন। সেটাই আইনে বলা আছে। নির্বাচনে সাধারণত আমরাই চাই। তারা টহল দেন, স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকেন।”

দেশে এর আগের প্রতিটি জাতীয় নির্বাচনেই সেনা মোতায়েন হয়েছে। ভোটের মাঠে সেনা সদস্যরা বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে নিয়োজিত থাকেন।

সবশেষ একাদশ সংসদ নির্বাচনে ভোটের আগেই মাঠে নেমেছিল এ বাহিনীর সদস্যরা।

এদিন এক প্রশ্নের জবাবে কমিশনার আলমগীর বলেন, “কোনো একটা দল না আসলেও আমাদের নির্বাচন করতে হবে। না হলে সংবিধান লঙ্ঘনের দায়ি হব। কোনো একটি দলকে নির্বাচনে আনা বা না আনার দায়িত্ব ইসির নয়। সংবিধানের কোথাও আমাদের এই দায়িত্ব আমাদের দেওয়া হয়নি।“

বিএনপি না এলে নির্বাচন হবে কি না প্রশ্নের জবাবে তিনি বলেন, “কারও নাম উল্লেখ করব না। … অপেক্ষা করেন, এখনও তো এক বছর চার মাস সময় আছে, আসতেও পারে।”

পুরনো খবর:

ভোটে সেনা মোতায়েন এবারও আগের মতোই: সিইসি
১৫ ডিসেম্বরের পর মাঠে সশস্ত্রবাহিনী: সিইসি
ভোটে সেনা ১০ দিন
নির্বাচন: ২৭২ কোটি টাকা আগাম পেল আইন-শৃঙ্খলা বাহিনী
দেড়শ আসনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত ইসির নিজস্ব: সিইসি