নিখোঁজ কাব্যকে অসুস্থ অবস্থায় উদ্ধার
পুলিশ বলছে, কাব্য তার মাকে ফোন করে জুরাইন এলাকায় অবস্থান করছে বলে জানায়। পরে সেখানে গিয়ে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
নিখোঁজ হওয়ার ১৯ ঘণ্টা পর শিক্ষার্থী আবিদ হাসান কাব্যকে রাজধানী থেকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার রাত নয়টার দিকে ফোনে খবর পেয়ে ঢাকার জুরাইন এলাকা থেকে তাকে উদ্ধার করা হয় বলে জানান, খিলগাঁও থানার ওসি ফারুকুল আলম।
সৌদি আরব থেকে বাবার পাঠানো লাগেজ নিয়ে খিলগাঁওয়ের বাসায় ফেরার পথে আগের রাতে মালিবাগ রেল গেট এলাকা থেকে নিখোঁজ হন ক্যামব্রিয়ান কলেজে উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের এই শিক্ষার্থী।
এ ঘটনায় কাব্যের মা নুরুন নাহার থানায় অভিযোগ করলে তার সন্ধানে মাঠে নামে পুলিশ। পরে কাব্যের মোবাইল ট্র্যাক করে সর্বশেষ জুরাইন ও তার আশেপাশের এলাকায় চিহ্নিত করা হয়।
কাব্যকে পাওয়ার কথা জানিয়ে ওসি ফারুকুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জুরাইন এলাকায় অবস্থান করছে বলে কাব্য তার মাকে ফোন করে জানায়।
“কাব্যের পরিবারের সদস্যরা পরে আমাদের জানায়, এরপরেই তাদের নিয়ে সেখানে গিয়ে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করি।”
প্রথমে তার চিকিৎসার ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, “কী ঘটেছিল একটু সুস্থ হলেই তার কাছ থেকে জানার চেষ্টা করা হবে।”
এর আগে কাব্যের মা নুরুন নাহার জানান, হজ করে দেশে ফেরা চাচার কাছ থেকে রোববার রাত ১২টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাবার পাঠানো লাগেজ বুঝে নেয় কাব্য।
এরপরই রাইড শেয়ারিংয়ের গাড়িতে খিলগাঁওয়ের বাসার উদ্দেশে রওনা দেয় সে। সবশেষ রাত পৌনে ২টার দিকে ফোনে বাসার কাছে চলে এসেছে বলেও জানায়। কিন্তু এরপর আর ফোন করে তাকে পাওয়া যায়নি।
তার বাবা সৈয়দ মাহমুদুল হাসান মান্না দীর্ঘ ২৮ বছর ধরে সৌদি আরবে আছেন। দুই বছর পরপর দেশে আসেন। তাদের দুই মেয়ে এবং এক ছেলে। কাব্য তাদের মধ্যে ছোট।
আরও খবর
