Published : 13 Jul 2025, 08:57 PM
পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে মাথা থেঁতলে হত্যার ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ।
রোববার বিকালে ঢাকা মহানগর পুলিশ-ডিএমপির উপ কমিশনার (মিডিয়া) তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেছেন, সোহাগ হত্যার ঘটনায় জড়িত অভিযোগে এ পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সর্বশেষ গ্রেপ্তার দুইজন হলেন- সজীব বেপারি (২৭) ও রাজিব বেপারি (২৫)।
“তাদের নেত্রকোনা থেকে রোববার ভোরে গ্রেপ্তার করা হয়।”
এ আগে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গী আলম চৌধুরী সাতজন গ্রেপ্তারের তথ্য দিয়ে বলেছেন এই সাতজনের মধ্যে ছয়জনকে ভিডিও ফুটেজে শনাক্ত করা হয়েছে।
বুধবার ব্যবসায়িক দ্বন্দ্ব ও পূর্ব শত্রুতার জের ধরে মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে কংক্রিট বোল্ডার দিয়ে শরীর ও মাথা থেতলে হত্যা করা হয় সোহাগকে।
পুলিশ ও স্থানীয়রা বলছেন, ওই হত্যাকাণ্ডে যাদের অংশ নিতে দেখা গেছে এবং নেপথ্যে যাদের নাম আসছে, তারা সবাই পূর্ব পরিচিত। একসময় তাদের কয়েকজন সোহাগের ব্যবসার সহযোগী ছিলেন। ব্যবসা সংক্রান্ত বিরোধে এমন ভয়ংকরভাবে কাউকে হত্যা করা হতে পারে, তা পরিচিতজনদের ধারণারও বাইরে।
এ ঘটনায় তার বড় বোন কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যেখানে ১৯ জনকে আসামী করা হয়েছে।
ঘটনার পরপরই মাহমুদুল হাসান মহিন (৪১) ও তারেক রহমান রবিনকে (২২) গ্রেপ্তার করে পুলিশ। এসময় রবিনের কাছ থেকে একটি অস্ত্রও উদ্ধার করা হয়।
একদিন পরে শুক্রবার র্যাব ঢাকা জেলার কেরাণীগঞ্জ আলমগীর (২৮) ও মনির ওরফে লম্বা মনির (৩২) নামে দুইজনকে গ্রেপ্তার করে।
আর পুলিশ মো. টিটন গাজী (৩২) নামে আরও একজনকে গ্রেপ্তার করে ওই রাতে।
হত্যাকাণ্ডের পরের দিন লোমহর্ষক ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। ফুটেজে দেখা যায়, মিডফোর্ডের ৩ নম্বর গেটের ভেতর থেকে প্রায় বস্ত্রহীন ও রক্তাক্ত এক যুবককে দুইজন টেনেহিঁচড়ে বের করে এনে গালে চড় মারছেন একজন।
আরেকজনকে বুকের ওপর লাফাতে দেখা যায়। আরেকজন এসে প্রায় নিস্তেজ যুবকের মাথায় লাথি মারে এবং একপর্যায়ে পাশে থাকা বড় কংক্রিট দিয়ে মাথায় আঘাত করে।
এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আসায় ও গ্রেপ্তারের পর বিএনপির তিন অঙ্গ সংগঠনের পাঁচজনকে আজীবন বহিষ্কার করা হয়েছে।
তারা হলেন- যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-জলবায়ু বিষয়ক সম্পাদক রজ্জব আলী পিন্টু ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবাহ করিম লাকি; স্বেচ্ছাসেবক দলের কালু ওরফে ‘স্বেচ্ছাসেবক কালু’ এবং ছাত্রদলের চকবাজার শাখার সদস্য সচিব অপু দাস ও মাহমুদুল হাসান মাহিন।
পুরনো খবর:
মিটফোর্ডে হাসপাতালের সামনে ব্যবসায়ীকে মাথা থেঁতলে হত্যা
প্রকাশ্যে মাথা থেঁতলে হত্যা: চারজন গ্রেপ্তার, বহিষ্কার বিএনপির ৫ জন
‘ব্যবসার শেয়ার, না হয় মাসে ২ লাখ টাকা’, বনিবনা না হওয়ায় হত্যা: সোহাগের স্ত্রী