২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচার বিভাগ কার্যকরভাবে কাজ করছে: আইনমন্ত্রী

“বিচারকরা স্বাধীনভাবে ও সততার সঙ্গে দায়িত্ব পালনের সুযোগ পাচ্ছে,” বলেন তিনি।

বিচার বিভাগ কার্যকরভাবে কাজ করছে: আইনমন্ত্রী
সুপ্রিম কোর্ট মিলনায়তনে সম্মেলনে বক্তব্য দেন আইনমন্ত্রী আনিসুল হক।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2024, 10:31 PM

Updated : 26 Aug 2026, 09:44 AM

দেশে ন্যায়বিচার নিশ্চিতে বিচার বিভাগ দক্ষতার সঙ্গে কার্যকরভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

তিনি বলেছেন, “বর্তমানে প্রায় সব ক্ষেত্রেই আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। বিচারকরা স্বাধীনভাবে ও সততার সঙ্গে দায়িত্ব পালনের সুযোগ পাচ্ছে।

“জনগণের জন্য ন্যায়বিচার, গণতান্ত্রিক অধিকার, আর্থ-সামাজিক অধিকার এবং সাংস্কৃতিক অধিকার নিশ্চিত করতে

স্মার্ট বিচার বিভাগ অপরিহার্য। স্মার্ট বিচার বিভাগ গড়ে তোলার লক্ষ্যে ইতোমধ্যে উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়া হয়েছে।”

বাংলাদেশ সুপ্রিম কোর্ট মিলনায়তনে এক সম্মেলনে কথা বলছিলেন আইনমন্ত্রী। ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন জুডিশিয়ারি অ্যাক্রোস দ্য বর্ডার্স’ নামের ওই সম্মেলন আয়োজন করে সুপ্রিম কোর্ট।

বিচার বিভাগের স্বাধীনতা ও বিচারকদের পেশাগত সুযোগ-সুবিধা নিশ্চিতে সরকার সবসময় আন্তরিক মন্তব্য করে অনুষ্ঠানে আনিসুল হক বলেন, “বঙ্গবন্ধু প্রণীত সংবিধানের আলোকে আইনের শাসন প্রতিষ্ঠায় শেখ হাসিনা সরকার অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। বিচারকদের কর্মক্ষেত্রের সুযোগ-সুবিধা, বেতন-ভাতা, আবাসন এবং পরিবহনের ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি করা হয়েছে।

“প্রযুক্তির সমন্বয় ও বিচার প্রক্রিয়ার আধুনিকায়নের মাধ্যমে আইনি ব্যবস্থার মধ্যে স্বচ্ছতা, দক্ষতা এবং প্রবেশাধিকার বৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এতে শুধু বিচার প্রশাসনের উন্নতিই হবে না, বরং বিচারব্যবস্থার প্রতি জনগণের আস্থাও জোরদার হবে।”

বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, নেপালের প্রধান বিচারপতি বিসম্ভর প্রসাদ শ্রেষ্ঠা, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম, ভুটানের হাই কোর্টের বিচারপতি লবজাং রিনজিন ইয়ারগে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক মো. জাকির হোসেন ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন সম্মেলনে উপস্থিত ছিলেন।