১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ট্রেনে ধর্ষণ: আরেকজন গ্রেপ্তার, খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিত

তদন্ত প্রতিবেদন না আসা পর্যন্ত উদয়ন এক্সপ্রেস ট্রেনে এসএ করপোরেশনের কার্যক্রম স্থগিত করা হয়েছে।

ট্রেনে ধর্ষণ: আরেকজন গ্রেপ্তার, খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিত
ফাইল ছবি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2024, 01:25 PM

Updated : 26 Aug 2026, 09:52 AM

সিলেট থেকে চট্টগ্রাম আসা উদয়ন এক্সপ্রেস ট্রেনে তরুণীকে ধর্ষণের অভিযোগে আরও একজনকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। 

এসএ করপোরেশনের কর্মচারি আব্দুর রউফ রাসেলকে (২৮) বৃহস্পতিবার নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। 

এ নিয়ে ধর্ষণকাণ্ডে চার জনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ। 

অন্যদিকে উদয়ন একপ্রেস ট্রেনে খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান এসএ করপোরেশনের কার্যক্রম স্থগিত করা হয়েছে।  

রেলওয়ে পুলিশের চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘটনার পরপর তিন জনকে গ্রেপ্তার করা হলেও রাসেল পালিয়ে নোয়াখালী চলে গিয়েছিল। 

“গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।”

মঙ্গলবার রাতে সিলেট থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেস ট্রেনের খাবারের বগিতে এক তরুণী ধর্ষণের শিকার হন বলে অভিযোগ উঠেছে। বুধবার সকালে ট্রেনটি চট্টগ্রামে পৌঁছানোর পর ওই তরুণী জিআরপি পুলিশকে অভিযোগের পর ট্রেনে খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান এসএ করপোরেশনের তিন কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। 

চট্টগ্রাম জিআরপি থানার ওসি এসএম শহীদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই তরুণী সিলেট স্টেশন থেকে ট্রেনে উঠেছিলেন চট্টগ্রামে আসার জন্য। পথিমধ্যে তাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেন।”

এ ঘটনায় ওই তরুণী চার জনকে অভিযুক্ত করে জিআরপি থানায় মামলা করেছেন বলে জানান ওসি। 

এসএ করপোরেশনের কার্যক্রম স্থগিত

চার কর্মীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠার পর উদয়ন এক্সপ্রেস ট্রেন এসএ করপোরেশনের খাবার সরবরাহ স্থগিত করার নির্দেশ দিয়েছে রেল কর্তৃপক্ষ।

পূর্ব রেলের সহকারী চিফ অ্যাসিসট্যান্ট কমার্শিয়াল ম্যানেজার মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকী বলেন, “যেহেতু একটা অভিযোগ উঠেছে, সেটার তদন্ত প্রয়োজন। তাই প্রতিবেদন না আসা পর্যন্ত উদয়ন এক্সপ্রেস ট্রেনে এসএ করপোরেশনের কার্যক্রম স্থগিত করা হয়েছে।”

পাশাপাশি একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি। 

উদয়ন এক্সপ্রেসের খাবার বগিতে তরুণী 'ধর্ষণ': গ্রেপ্তার ৩