গাজীপুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে মৃত্যু
প্রতিবেশীদের সঙ্গে মাছ ধরতে বাড়ির পাশের বিলে যান সাইফুল। এ সময় একটি সাপ সাইফুলের পায়ে কামড় দেয়।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মাছ ধরার সময় সাপের কামড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শনিবার ভোরে টাঙ্গাইলের মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানিয়েছেন কালিয়াকৈরের ঢালজোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইছামুদ্দিন।
মারা যাওয়া সাইফুল ইসলাম (৪০) উপজেলার বাসুরা গ্রামের ইউনুছ আলীর ছেলে।
এলাকাবাসী-স্বজনদের বরাত দিয়ে চেয়ারম্যান ইছামুদ্দিন জানান, শুক্রবার রাত ৯টার দিকে প্রতিবেশীদের সঙ্গে মাছ ধরতে বাড়ির পাশের বিলে যান সাইফুল। এ সময় একটি সাপ সাইফুলের পায়ে কামড় দেয় এবং তার প্রতিবেশীরা টেঁটা দিয়ে সাপটিকে মেরে ফেলেন।
পরে মৃত সাপটি নিয়ে সাইফুল বাড়িতে গেলে স্বজনরা তাকে ওঝার কাছে নিয়ে যায়। সেখান থেকে রাতেই তাকে টাঙ্গাইলের মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে সাইফুল মারা যান বলে জানান চেয়ারম্যান।
এ বিষয়ে গাজীপুরের সিভিল সার্জন মাহমুদা আখতার বলেন, “গাজীপুরের সব উপজেলা হাসপাতালে অ্যান্টিভেনমের মজুত ও সরবরাহ বাড়ানো হয়েছে। কাউকে সাপে কামড়ালে হাসপাতালগুলোতে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।”
তিনি আরও বলেন, “আতঙ্কিত না হয়ে সাপের কামড় এড়াতে চলাচলে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। লম্বা ঘাস, ঝোপঝাড়ের মধ্যে হাঁটার সময় সতর্ক থাকতে হবে। রাতে চলাচলের সময় টর্চ লাইট ব্যবহার করতে হবে।”
