২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্যাতনবিরোধী কনভেনশন: ঢাকার ‘আপত্তি’ প্রত্যাহারের প্রস্তাবে জাতিসংঘের সায়

এই কনভেনশনে অনুসমর্থন দেওয়ার সময় একটি অনুচ্ছেদ নিয়ে আপত্তি তুলেছিল বাংলাদেশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2026, 09:18 PM

Updated : 26 Aug 2026, 02:52 PM

রাষ্ট্রীয় গুম-নির্যাতনবিরোধী জাতিসংঘের কনভেনশনের বিষয়ে বাংলাদেশ যে আপত্তি (ডিক্লারেশন) তুলেছিল, তা প্রত্যাহারের প্রস্তাব অনুমোদন পেয়েছে। 

প্রধান উপদেষ্টার দপ্তর বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

গত ২৯ ডিসেম্বর কনভেনশনের ১৪(১) অনুচ্ছেদ সংক্রান্ত আপত্তি প্রত্যাহারের প্রস্তাবে অনুমোদন দেয় অন্তর্বর্তী সরকার।

এখন জাতিসংঘে সেটা অনুমোদন পাওয়ায় ভুক্তভোগীদের ক্ষতিপূরণ পাওয়ার পথ সুগম হলো।

জাতিসংঘের কনভেনশনটি ১৯৮৪ সালের। বিশ্বের ১৭৩টি রাষ্ট্র এতে অনুসমর্থন দিয়েছে। বাংলাদেশ ১৯৯৮ সালে কনভেনশনটিতে অনুসমর্থন দেয়। 

তবে যোগ দেওয়ার সময় ১৪(১) এর ক্ষেত্রে বাংলাদেশসহ পাঁচটি রাষ্ট্র— বাহামা, ফিজি, নিউজিল্যান্ড, সামোয়া ও যুক্তরাষ্ট্র আপত্তি তুলেছিল। 

ফলে এতদিন রাষ্ট্রীয় নির্যাতন বা গুমের শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের অধিকার কার্যকরভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

অন্তর্বর্তী সরকার বলছে, ‘ডিক্লারেশন’ প্রত্যাহারের ফলে এখন রাষ্ট্রীয় নির্যাতনের শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ ও পুনর্বাসন পাওয়ার পথ সুগম হলো। 

“নির্যাতনের কারণে কোনো ভুক্তভোগীর মৃত্যু হলে, তার ওপর নির্ভরশীল ব্যক্তিরাও ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী হবেন।”

উপদেষ্টা পরিষদের মতে, এই সিদ্ধান্ত একটি যুগান্তকারী ও ঐতিহাসিক পদক্ষেপ। এর মাধ্যমে মানবাধিকার সংরক্ষণে বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি আরও শক্তিশালী হবে এবং একই সঙ্গে রাষ্ট্রের জবাবদিহিতা ও স্বচ্ছতা বাড়বে।