২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোট ‘সুষ্ঠু হবে’, ওআইসি ও কমনওয়েলথ দলকে জানাল আওয়ামী লীগ

শুক্রবার ঢাকায় আন্তর্জাতিক এই দুই সংগঠনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক হয় আওয়ামী লীগের।

ভোট ‘সুষ্ঠু হবে’, ওআইসি ও কমনওয়েলথ দলকে জানাল আওয়ামী লীগ

সোনারগাঁও হোটেলে কমনওয়েলথের পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠকে আওয়ামী লীগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2024, 04:27 PM

Updated : 05 Jan 2024, 05:27 PM

সুষ্ঠুভাবে দ্বাদশ সংসদ নির্বাচন আয়োজনের বিষয়ে ওআইসি ও কমনওয়েলথের পর্যবেক্ষকদের আশ্বস্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

শুক্রবার ঢাকায় আন্তর্জাতিক এই দুই সংগঠনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক হয় আওয়ামী লীগের।

সকালে সোনারগাঁও হোটেলে কমনওয়েলথ এবং পরে তেজগাঁওয়ে দলের ঢাকা জেলা কার্যালয়ে দুই বৈঠকেই আওয়ামী লীগের ১০ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সকালে সোনারগাঁও হোটেলের বলরুমে বৈঠকে ওবায়দুল কাদের কমনওয়েলথ পর্যবেক্ষক দলকে ৭ জানুয়ারির নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করা নিয়ে আওয়ামী লীগের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন বলে জানিয়েছেন দলের সদস্যরা।

বৈঠকে ১৫ সদস্যের কমনওয়েলথ দলের নেতৃত্ব দেন জ্যামাইকার সাবেক প্রধানমন্ত্রী অরিতি ব্রুস গোল্ডিং।

পরে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ওআইসির সঙ্গে বৈঠকে বসে আওয়ামী লীগ।

এতে তিন সদস্যদের ওআইসি নির্বাচনি পর্যবেক্ষক দলের নেতৃত্ব দেন সংস্থাটির সেক্রেটারি জেনারেল ফর পলিটিক্যালের অ্যাসিসট্যান্ট সেক্রেটারি ইউসুফ মোহাম্মদ আল দুবাই।

আওয়ামী লীগের প্রতিনিধি দলে ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল আলম চৌধুরী নওফেল, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী আরাফাত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শতবর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক কবি কামাল আব্দুল নাসের চৌধুরী, আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়সা সিদ্দিকা, তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ।