২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের ‘প্রতিবেশী প্রথম’ নীতির শক্তিশালী স্তম্ভ বাংলাদেশ: জয়শঙ্কর

“অভিন্ন ত্যাগের ওপর আমাদের দুদেশের বহুমুখী অংশীদারিত্ব প্রতিষ্ঠিত,” বলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2023, 09:01 PM

Updated : 26 Mar 2023, 09:01 PM

স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের সরকার ও জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্কর।

রোববার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকে উদ্দেশ্য করে এই টুইটে এ শুভেচ্ছা জানিয়ে তিনি বলেছেন, “অভিন্ন ত্যাগের ওপর আমাদের দুদেশের বহুমুখী অংশীদারিত্ব প্রতিষ্ঠিত।

“ভারতের প্রতিবেশী প্রথম নীতির ক্ষেত্রে সবসময় শক্তিশালী স্তম্ভ হিসেবে থাকবে বাংলাদেশ।”

পরাধীনতার শৃঙ্খল ভেঙে রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার ৫২তম বার্ষিকী উদযাপন করছে বাংলাদেশ।

১৯৭১ সালে নয় মাসের মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে পাকিস্তানি শোষণ-নির্যাতন থেকে অর্জন হয় মুক্ত স্বাধীন দেশ।

সেই যুদ্ধে বাঙালি মুক্তিযোদ্ধাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করে ভারতীয় মিত্র বাহিনী; প্রাণ গিয়েছিল ১২ হাজারের বেশি ভারতীয় নাগরিকের।

অনিশ্চয়তার সেই সময়ে প্রায় এক কোটির শরণার্থীকে আশ্রয় দিয়েছিল ভারত সরকার; প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সরকার তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছিল মুক্তিযুদ্ধের পক্ষে বৈশ্বিক জনমত গঠনে।