১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

লু-সাবের বৈঠক, অতীত পেছনে রেখে ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে আলোচনা

পরিবেশ ও জলবায়ু সুরক্ষায় বিনামূল্যে যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসার স্যাটেলাইট ইমেজের সহযোগিতা পাওয়ার বিষয়েও ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানান সাবের।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2025, 09:07 PM

Updated : 10 Sep 2026, 12:05 PM

পরিবেশ সুরক্ষার নানা ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে কীভাবে কাজ করা যায় তা নিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে আলোচনা করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডনাল্ড লু।

ডনাল্ড লুর নেতৃত্বে একটি প্রতিনিধি দল বুধবার সচিবালয়ে সাবের হোসেনের সঙ্গে বৈঠক করে। 

বৈঠকের পর পরিবেশমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হন।

শুরুতেই তিনি বলেন, “আমরা ভবিষ্যৎ নিয়ে কথা বলেছি, অতীতের কোনো বিষয় নিয়ে কথা হয়নি। সাংবাদিকদের প্রশ্ন করার সুবিধার্থে এটা আগেই জানিয়ে রাখলাম।” 

জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মানবাধিকার ও অংশগ্রহণমূলক নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আওয়ামী লীগ সরকারের মতপার্থক্য দেখা দিয়েছিল। অবাধ, নিরপেক্ষ ও নির্বিঘ্ন নির্বাচনের স্বার্থে ভিসানীতিতে কড়াকড়ি আরোপের ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্র।

তবে নির্বাচনের পাঁচ মাসের মাথায় ডলান্ড লুর এবারের সফরে সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

সাবের হোসেন চৌধুরী বলেন, “বাংলাদেশ এবং আমেরিকার মধ্যে যে সম্পর্ক আছে এটাকে আমরা কিভাবে আগামী দিনে এগিয়ে নিতে পারি। সেখানে সার্বিকভাবে যে বিষয়গুলোতে আমাদের অবস্থান অভিন্ন, যেমন জলবায়ু পরিবর্তন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলার ক্ষেত্রে বাংলাদেশ এবং আমেরিকা কীভাবে যৌথভাবে কাজ করতে পারে মূলত আমরা সেটা নিয়ে আলাপ করেছি। 

“জলবায়ু নিয়ে কথা বলার সময় পরিবেশ, বন ও জীব বৈচিত্র্যের বিষয়গুলো চলে আসে। এসব ক্ষেত্রে সহযোগিতাকে আগামী দিনে আমরা একটা কাঠামোর মধ্যে নিয়ে আসার চেষ্টা করব। সেজন্য হয়ত আমাদের একটা ওয়ার্কিং গ্রুপের মতো কিছু একটা থাকতে পারে। এখানে আমরা পাঁচ বছরের একটা কর্মসূচি হাতে নেব। এই কর্মসূচির অধিনে প্রতিবছর কী কী কাজ হবে সেটা থাকবে।”

পরিবেশমন্ত্রী বলেন, “জলবায়ু পরিবর্তন মোকাবেলার কর্মসূচিতে আমেরিকার প্রাইভেট সেক্টরেরও আগ্রহ রয়েছে। আমাদের যে মুজিব ক্লাইমেট প্রসারিটি প্ল্যান আছে, এর কিছু অংশে আমেরিকান কোম্পানিগুলোর আগ্রহ রয়েছে।”

ভবিষ্যতে পরিবেশ ও জলবায়ু সুরক্ষায় বিনামূল্যে যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসার স্যাটেলাইট ইমেজের সহযোগিতা পাওয়ার বিষয়েও ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানান সাবের।

তিনি বলেন, “পরিবেশ ও জলবায়ু নিয়ে আজকের আলোচনায় আমাদের দুজনের অবস্থান ছিল অভিন্ন। শুধু আর্থিক সহযোগিতা নয়, গবেষণা ও কারিগরি তথ্য পাওয়ার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে। নাসার বেশকিছু স্যাটেলাইট আছে, বর্তমানে এরা বেশকিছু দেশে তথ্য দিচ্ছে। আগামীতে হয়তো দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য তারা স্যাটেলাইটের এসব তথ্য দেবে। বাংলাদেশের বিষয়টাও তারা বিবেচনা করবে এবং এটা হয়তো আমরা খুব কম মূল্যে অথবা বিনামূল্যে পাব।

“কোন জায়গায় বন উজাড় হচ্ছে, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা কোথায় বাড়ছে, স্যাটেলাইটের মাধ্যমে এর তথ্যগুলো আমরা রিয়েল টাইমে পাব। এটা হবে আমাদের জন্য অনেক বড় একটা বিষয়। স্মার্ট এগ্রিকালচারের ক্ষেত্রে তাদের সাথে আমাদের একটা কোয়ালিশন রয়েছে। এসব বিষয়ে একটা ভালো ফলপ্রসূ আলোচনা হয়েছে। আজকের এই আলোচনার ভিত্তিতে আগামী দিনে আমরা বসে কর্মক্ষেত্রগুলো সুনির্দিষ্ট করব।”

তিন দিনের সফরে মঙ্গলবার ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডনাল্ড লু।

মঙ্গলবার রাতে গুলশানে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের বাসায় নৈশভোজের মধ্য দিয়ে ডনাল্ড লুর সরকারি কর্মসূচি শুরু হয়।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হবে লুর। পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পাশাপাশি নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও ডনাল্ড লু বৈঠক করবেন।

তার সফরে অন্যান্য বিষয়ের সঙ্গে র‌্যাব এবং এর সাবেক-বর্তমান কর্মকর্তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে আলোচনা হবে বলে সোমবার জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।