সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন নায়েব আলি জোয়ার্দ্দার
গত ১৬ মার্চ বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের মৃত্যুর পর ঝিনাইদহ-১ আসনটি শূন্য ঘোষণা করেছিল নির্বাচন কমিশন।
সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন ঝিনাইদহ-১ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত মো. নায়েব আলি জোয়ার্দ্দার।
জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী রোববার সংসদ ভবনের শপথ কক্ষে তাকে শপথ বাক্য পাঠ করান।
জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন।
শপথগ্রহণ অনুষ্ঠানে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, হুইপ নজরুল ইসলাম বাবু, হুইপ সানজিদা খানম এবং সংসদ সদস্য মো. নাসের শাহরিয়ার জাহেদী উপস্থিত ছিলেন।
গত ১৬ মার্চ বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের মৃত্যুর পর ঝিনাইদহ-১ আসনটি শূন্য ঘোষণা করেছিল নির্বাচন কমিশন।
৫ জুন এই আসনে উপনির্বাচনে ভোটগ্রহণের দিন রাখা হয়েছিল।
গত ১০ এপ্রিল ছিল এই উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন। আওয়ামী লীগের নায়েব আলি জোয়ার্দ্দার ছাড়াও বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আব্দুল আলিম নিজামী এবং স্বতন্ত্র হিসেবে মো. নজরুল ইসলাম ও মুনিয়া আরেফিন মনোনয়নপত্র জমা দেন।
যাচাই-বাছাইয়ে মুনিয়া আরফিনের মনোনয়ন বাতিল হলে ভোটের মাঠে থাকেন তিনজন প্রার্থী।
১৮ মে মনোনয়নপত্র বাছাইয়ের শেষদিনে বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আব্দুল আলিম নিজামী এবং স্বতন্ত্র প্রার্থী মো. নজরুল ইসলাম মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলে নায়েব আলি জোয়ার্দ্দারকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করা হয়।
