১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভোটার হালনাগাদ: মিলেছে ১০ লাখের বেশি মৃত ভোটারের তথ্য

সারাদেশের হালনাগাদের পূর্ণাঙ্গ তথ্য মঙ্গলবার মিলবে।

ভোটার হালনাগাদ: মিলেছে ১০ লাখের বেশি মৃত ভোটারের তথ্য
যাত্রাবাড়ীর ধলপুর সিটি করপোরেশন আদর্শ উচ্চ বিদ্যালয়ে চলছে ভোটার তালিকা হালনাগাদ-২০২৫ এর কার্যক্রম। এই কার্যক্রমে তথ্য সংগ্রহের শেষদিন ছিল সোমবার। ছবি: আব্দুল্লাহ আল মমীন

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2025, 12:45 AM

Updated : 26 Aug 2026, 11:44 AM

ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে ১০ লাখ মৃত ভোটারের তথ্য মিলেছে, যারা বিদ্যমান তালিকা থেকে বাদ পড়বেন। 

২০২২ সালে হালনাগাদের সময় সর্বোচ্চ ২২ লাখ বেশি মৃত ভোটার বাদ যায়।

এছাড়া রোববার পর্যন্ত এই হালনাগাদ কার্যক্রমে ভোটারযোগ্য ৩৫ লাখের মতো নাগরিকের তথ্য সংগ্রহ করা হয়েছে। 

ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ ও এনআইডি উইং মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর এ তথ্য জানান। 

সোমবার ছিল হালনাগাদ কার্যক্রমের শেষ দিন। মঙ্গলবার হালনাগাদের পূর্ণাঙ্গ তথ্য জানানো হবে।

গত ২০ জানুয়ারি বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের জন্য তথ্য সংগ্রহের কাজ শুরু করেছিল নির্বাচন কমিশন। 

ভোটারযোগ্য যেসব নাগরিকের তথ্য সংগ্রহ করা হয়েছে তাদের ছবি তোলা, আঙুলের ছাপ ও চোখের আইরিশের প্রতিচ্ছবি নেওয়ার কাজ শুরু হবে বুধবার (৫ ফেব্রুয়ারি) থেকে, যা চলবে ১১ এপ্রিল পর্যন্ত।

ছবি তোলার কেন্দ্রে উপস্থিত হয়ে সরাসরি ফরম-২ পূরণ করে ছবি ও আঙুলের ছাপ দিয়ে ভোটার হওয়া যাবে।

২০০৮ সালের ১ জানুয়ারি অথবা তার আগে যাদের জন্ম, যারা বাদ পড়েছেন, তাদের ভোটার তালিকাভুক্তি ও মৃত ভোটারদের তালিকা থেকে বাদ এবং আবাসস্থল পরিবর্তনের কারণে স্থানান্তর করার তথ্য থাকবে হালনাগাদে।

সোমবার রাতে ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ বলেন, “রোববার পর্যন্ত তথ্য পাওয়া গেছে। ২.৫% থেকে ৩% পরিমাণ এ হালনাগাদে ভোটার হয়েছে। এরমধ্যে বাদ পড়া ২০ লাখের বেশি ও নতুন ভোটার ১৪ লাখের বেশি হতে পারে। আর মৃত ভোটার কর্তন হয়েছে ১০ লাখের বেশি।”

ইসির এনআইডি উইংয়ের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর বলেছেন, তথ্য সংগ্রহের কাজ শেষ হলেও কেউ বাদ পড়লে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সংশ্লিষ্ট এলাকার ছবি তোলার কেন্দ্রে গিয়ে ভোটার তালিকায় নাম তোলার সুযোগ পাবেন। 

তিনি বলেন, “বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের মাধ্যমে আমরা সবাইকে সচেতনও করতে পেরেছি। ভোটার হওয়া চলমান প্রক্রিয়া, নিবন্ধন কেন্দ্রে এসেও তথ্যাদি দিয়ে এ সুযোগ থাকবে। প্রায় ৪০ লাখের মতো আবেদন পাওয়া গেছে। মৃতদের তথ্য সংগ্রহ হয়েছে ১০ লাখের বেশি, যারা বিদ্যমান ভোটার তালিকা থেকে বাদ যাবে।”

সবশেষ পূর্ণাঙ্গ তথ্য মঙ্গলবার প্রকাশ করা হবে বলে জানান তিনি। 

গত ২ জানুয়ারি চলতি বছরের খসড়া ভোটার তালিকা প্রকাশ করে ইসি। তাতে নতুন করে যুক্ত হয়েছে ১৮ লাখ ৩৩ হাজার ৩৫২ জনের নাম।

২০২৫ সালের ১ জানুয়ারি যারা ভোটার হওয়ার যোগ্য হয়েছেন, এ বছরের হালনাগাদে তারা তালিকায় যুক্ত হয়েছেন।

গতবছর ২ মার্চ প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় ভোটার ছিলেন ১২ কোটি ১৮ লাখের বেশি।

নতুন ভোটারদের নিয়ে দেশে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৩৬ লাখ ৮৩ হাজার ৫১২ জন। ২ মার্চ তাদের চূড়ান্ত তালিকা প্রকাশ হবে।

এবার হালনাগাদে যারা যুক্ত হচ্ছেন তাদের কাজ জুনের মধ্যে শেষ করতে চায় ইসি। সেক্ষেত্রে নতুনদের যুক্ত এবং মৃতদের বাদ দিয়ে ত্রয়োদশ সংসদের আগে চূড়ান্ত ভোটার সংখ্যা জানা যাবে।

ডিসেম্বরে ভোট হলে তথ্য সংগ্রহ করা এমন অনেকেই ভোটার তালিকাভুক্ত হতে পারবেন না, যাদের বয়স ২০২৬ সালের ১ জানুয়ারি ১৮ বছর হবে। আর ২ জানুয়ারির পরে ভোট হলে সবাই তালিকাভুক্ত হতে পারবেন।

আরও পড়ুন-

ভোটার তালিকায় হালনাগাদতথ্য সংগ্রহের কাজ শেষ হচ্ছে সোমবার

ডিসেম্বর ধরে জাতীয় নির্বাচনের প্রস্তুতি হচ্ছেইসি সানাউল্লাহ

মৃত ভোটার শনাক্তের সম্মানী পাবে চৌকিদাররা

'মৃত ভোটারনিয়ে ইসির উদ্বেগ

দেশে ভোটার এখন ১২ কোটি সাড়ে ১৮ লাখ

এবার হালনাগাদে নতুন ভোটার প্রায় ৮০ লাখ

ডিসেম্বরে নির্বাচন চাইলে অক্টোবরের আগেই প্রস্তুত থাকতে হবেসিইসি

খসড়া প্রকাশহালনাগাদে ভোটার বাড়ল ১৮ লাখের বেশি