১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সুপ্রিম কোর্টের বিচারকাজ স্থগিত

হাই কোর্ট বিভাগের বিচার কার্যক্রম সীমিত আকারে বৃহস্পতিবার থেকে চালুর কথা ছিল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2024, 12:50 AM

Updated : 26 Aug 2026, 10:12 AM

রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারকাজ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করেছেন প্রধান বিচারপতি।

বুধবার রাতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতা বাড়তে থাকলে বন্ধ থাকা হাই কোর্ট বিভাগের বিচার কার্যক্রম বৃহস্পতিবার থেকে সীমিত আকারে চালুর কথা ছিল।

নতুন করে কার্যক্রম বন্ধ রাখার বিষয়ে বুধবারের বিজ্ঞপ্তিতে বলা হয়, “মহামান্য রাষ্ট্রপতির সাথে আলোচনাক্রমে বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের অধিবেশন (বিচার কার্যক্রম) পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করেছেন।” 

এর আগে বুধবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, হাই কোর্ট বিভাগের বিচার কার্যক্রম সীমিত আকারে বৃহস্পতিবার থেকে চলবে। পাশাপাশি দপ্তর ও শাখাগুলোর কার্যক্রম সীমিত আকারে পরিচালিত হবে। 

রেজিস্ট্রার জেনারেলের স্বাক্ষরিত অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আপিল বিভাগের বিচারিক কার্যক্রম এবং চেম্বার আদালত পরিচালনা বিষয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।

তবে বৃহস্পতিবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য দৈনিক চেম্বার কোর্টে সরাসরি বা ভার্চ্যুয়ালি (সুবিধামতো) যথারীতি শুনানি গ্রহণ করবেন।

এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন

বৃহস্পতিবার থেকে চেম্বার আদালত, হাই কোর্টে সীমিত পরিসরে বিচারকাজ

বুধ ও বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে বিচারকাজ চলবে না

অনির্দিষ্টকালের জন্য সব আদালত বন্ধ ঘোষণা