২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আবদুল হামিদ রায়হান: যুদ্ধদিনের আলোকচিত্রীর বিরল অবদান

mofidul_haque

Published : 06 Oct 2012, 08:56 PM

Updated : 03 Oct 2022, 11:26 AM

আলোকচিত্রী আব্দুল হামিদ রায়হান আমাদের যুদ্ধদিনের এক অনন্য শিল্পী। ঢাকা আর্ট সেন্টার তার একটি একক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে। 'রায়হানের ৭১' শিরোনামে এ প্রদর্শনীর কিউরেটর চিত্রশিল্পী ও তার পুত্র আব্দুল হালিম চঞ্চল। এ প্রদর্শনী উপলক্ষ্যে আব্দুল হামিদ রায়হানকে নিয়ে লিখেছেন মফিদুল হক। তার লেখাটিসহ নির্বাচিত কিছু আলোকচিত্র দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পাঠকদের জন্য প্রদর্শনীটির একটি অনলাইন সংস্করণ প্রকাশ করা হল। রাজধানীর ঢাকা আর্ট সেন্টার গ্যালারিতে (বাড়ী-৬০, সড়ক-০৭/এ, ধানমন্ডি) এ প্রদর্শনী চলেছে ২২ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত । বি.স.

Image
71-a.jpg

মুক্তিযুদ্ধ জাদুঘরের দ্বার উদ্ঘাটন হয়েছিল ১৯৯৬ সালের ২২ মার্চের বৃষ্টিস্নাত বিকেলে। সেগুন বাগিচার সাবেকি এক দ্বিতল গৃহ ভাড়া নিয়ে জাদুঘরের যাত্রা শুরুর তোড়জোড় শুরু হয়েছিল এর প্রায় বছরকাল আগে। কাঠখড় পুড়িয়ে যে যজ্ঞের আয়োজন তার উপকরণ সংগ্রহ কঠিন হলেও অসাধ্য নয়, জাদুঘর প্রতিষ্ঠার প্রাথমিক আয়োজন সেভাবেই সম্পন্ন হচ্ছিল; কিন্তু বড় প্রশ্ন দেখা দিয়েছিল মুক্তিযুদ্ধের উপকরণ পাওয়া নিয়ে। ইতিহাসের অমূল্য সব উপাদান গচ্ছিত রয়েছে বিভিন্ন মানুষের কাছে, তাঁদের অনেক গর্ভ ও দুঃখের সেইসব ধন তাঁরা কি নিয়ে আসবেন মুক্তিযুদ্ধ জাদুঘরে, যার প্রতিষ্ঠা তখনো ঘটে নি, যে-জাদুঘর তখন কেবল প্রতিশ্রুতি হয়ে রয়েছে।

কিন্তু আমাদের এই শঙ্কা মোচনে বিশেষ বিলম্ব ঘটে নি, বহু মানুষের বহু অবদানে এমনভাবে সমৃদ্ধি অর্জন করেছে জাদুঘর যে তা অচিরেই হয়ে উঠলো জনগণের দ্বারা প্রতিষ্ঠিত সর্বজনের প্রতিষ্ঠান। শুরুর সেই শুরুতে একাত্তরের বিপুলসংখ্যক আলোকচিত্র প্রদান করে যাঁরা মুক্তিযুদ্ধের ইতিহাস সজীব করে তুলতে বিশেষ সহায়তা করেছিলেন, তাঁদের মধ্যে তিন গুণীর কথা বিশেষভাবে স্মরণ করতে হয়। এঁরা হলেন ঢাকার রশীদ তালুকদার, যশোরের এস. এম. শফী এবং কুষ্টিয়ার আবদুল হামিদ রায়হান। রশীদ তালুকদার ঢাকার রাজপথের বহু মিছিলের শরিক সেই ষাটের দশক থেকে। পেশাদারি দায়িত্ব পালনকালে তিনি হয়ে উঠেছিলেন মিছিলেরই একজন। বঙ্গবন্ধুর বিশেষ স্নেহ তিনি পেয়েছিলেন। ঢাকার এক প্রধান দৈনিকের আলোকচিত্রগ্রাহক হিসেবে সেটা তাঁর যেন ছিল সহজাত প্রাপ্য। কিন্তু এস. এম. শফী ও আবদুল হামিদ রায়হান সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধের ফসল, মুক্তিযুদ্ধ যেমন বহু অজানা-অচেনা মানুষকে জাতীয় গুরুত্ব অর্জনকারী হিসেবে চিহ্নিত ও সম্মানিত করেছে, তেমনি বিরল ভূষণ আমরা অনায়াসে প্রদান করতে পারি শফী ভাই ও রায়হান ভাইয়ের প্রতি। একাত্তরে এক বিরল ভূমিকা তাঁরা পালন করেছিলেন, যাঁর যা কিছু আছে তাই নিয়ে যে লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েছিল মানুষ, সেই যুদ্ধে মফস্বলের এই দুই পেশাদার আলোকচিত্রগ্রাহক রাতারাতি পরিণত হয়েছিলেন যুদ্ধ-আলোকচিত্রী। এঁদের রত্নভান্ডার ছিল লোকচক্ষুর আড়ালে, স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের রক্তাক্ত অধ্যায় ইতিহাসের অস্বীকৃতি ও বিস্মৃতির যে ধারা তৈরি হয়েছিল সেখানে এসব আলোকচিত্রের কোনো কদর ছিল না, মূল্য দেয়ার মতো সামাজিক-রাজনৈতিক পরিস্থিতিও ছিল না। যখন মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠার বার্তা প্রচারিত হলো তখন উভয়েই বাড়িয়ে দিয়েছিলেন সহযোগিতার হাত এবং আজ আমরা বিশেষভাবে বলবো আবদুল হামিদ রায়হানের কথা।

মুক্তিযুদ্ধ জাদুঘরকে যেতে হয় নি জনাব আবদুল হামিদ রায়হানের কাছে, তিনি স্বতঃপ্রণোদিত হয়ে এসেছিলেন জাদুঘরে এবং ভান্ডারে জমা দিয়েছেন তাঁর কাজের বিশাল সম্ভার। প্রায় দুইশ' ছবি বড় আকারে ম্যাট পেপারে প্রিন্ট করে তিনি দান করেছেন মুক্তিযুদ্ধ জাদুঘরে। সব ছবি প্রদর্শিত হতে পারে নি গ্যালারিসমূহে। যে-ক'টি ছবি প্রদর্শনের ব্যবস্থা করা গেছে, তার বিষয়-মাহাত্ম নিমেষে একজন দর্শককে ফিরিয়ে নিয়ে যায় একাত্তরের দিনগুলোতে। এসব ছবি একত্র করে দেখবার অবকাশ তৈরি হলে তা মানুষের জন্য হবে বড় পাওয়া এবং এটা আনন্দবহ যে অনেক বিলম্ব হলেও দৃক গ্যালারির উদ্যোগে সেই কাজ সম্পাদিত হচ্ছে।

আমি যতবারই দেখি আবদুল হামিদ রায়হানের ছবি ততবারই মুগ্ধ হই এর আটপৌরে আন্তরিকতার স্পর্শে। তিনি পেশাদার সংবাদচিত্রী ছিলেন না, ফলে নাটকীয় মুহূর্তের খোঁজে তিনি প্রাণপাত করেন নি, ক্যামেরায় তিনি বন্দি করতে চেয়েছিলেন জীবনকে। আর তাই এমন অনেক ছবি তিনি তুলেছেন যার সংবাদ গুরুত্ব হয়তো কম; কিন্তু মানবিক মাত্রা অনেক বেশি। ফলে মুক্তিযুদ্ধের আরেক মাত্রা আমরা খুঁজে পাই আবদুল হামিদ রায়হানের স্ন্যাপশটে।

একাত্তর সালে আমাদের সমাজে ক্যামেরা বিশেষ সুলভ ছিল না। ঢাকার বাইরে ভালো ক্যামেরার অধিকারী মানুষ তো ছিল প্রায় হাতেগোনা। মফস্বল শহরে একটি-দুটি পেশাদারি যেসব স্টুডিও ছিল তার অনেকগুলো পাকবাহিনীর আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়েছিল, অনেক ক্ষেত্রে স্টুডিও ফেলে পালাতে হয়েছিল মালিককে, ব্যবসার আর কোনো সুযোগ তো ছিলই না, উপরন্তু ছিল ধনে-প্রাণে মরবার আশঙ্কা। সেই দুঃসহ দিনে পরিবার সহ সরে পড়তে হয়েছিল আবদুল হামিদ রায়হানকে, কিন্তু সরে গিয়ে তিনি কী করেছিলেন তাঁর দলিল হয়ে আছে সেইসব আলোকচিত্র। তিনি শরণার্থী শিবিরের জীবন দেখেছেন, প্রশিক্ষণ শিবিরের তরুণ যোদ্ধাদের ছবি ধারণ করেছেন পরম মমত্বে, গ্রামীণ পটভূমি থেকে আসা সাধারণ সেইসব যুবার প্রত্যয়ী চেহারা তো মুক্তিযুদ্ধের অনেক কথাই বলে যায়। তিনি প্রবাসী সরকারের নেতাদের মুক্তাঞ্চল সফরের ছবি তুলেছেন, জনসংযোগ কর্মকর্তার দৃষ্টিকোণ থেকে নয়, সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকে এবং সেসব ছবি দেখিয়ে দেয় সেই রণদীপ্ত দিনে কীভাবে ঘুচে গিয়েছিল নেতা ও জনতার ফারাক। পাটগ্রামের মুক্ত এলাকায় ব্রিটিশ পার্লামেন্ট সদস্য এবং ওয়ার অন ওয়ান্টের প্রধান ডোনাল্ড চেসওয়ার্থের ছবি তুলেছেন আবদুল হামিদ রায়হান এবং এই ছবি হয়ে আছে ইতিহাসের মূল্যবান দলিল।

মুক্তিযুদ্ধ জাদুঘরে আবদুল হামিদ রায়হানের তোলা একটি ছবি দর্শকদের বিশেষভাবে টানে। তা হলো যুদ্ধাবসানে কুষ্টিয়ার মুক্তির পর পাকবাহিনীর ক্যাম্পের সামনে ইতস্তত ছড়িয়ে-ছিটিয়ে থাকা তাজা গোলাবারুদের মধ্যে দাঁড়িয়ে থাকা অর্ধ-উলঙ্গ বিস্ফারিত দৃষ্টির দুই বালকের আলোকচিত্র, ছবি দেখে মনে হবে যুদ্ধের প্রবল মৃত্যুলীলার মাঝখানে এভাবেই বুঝি ফুটে ওঠে জীবনের ফুল, মনে পড়বে এ-বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাওয়ার অঙ্গীকার।

কোনো প্রাপ্তি নয়, নিবিড় এক অঙ্গীকার থেকে একাত্তরের চিত্রধারণ করেছিলেন আবদুল হামিদ রায়হান এবং তাঁর সেই চিত্রসম্ভার দান করে গেছেন জাতিকে। এমন মানুষের প্রতি যথাযোগ্য সম্মান জানানোটাও এক দুরূহ কাজ। কামনা করি তাঁর শতায়ু, তাঁর অক্ষয় অবদান সত্যরূপে স্নাত করুক প্রজন্মের পর প্রজন্ম। জয় হোক আলোকচিত্রী আবদুল হামিদ রায়হানের।

আবদুল হামিদ রায়হান : সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত
আবদুল হামিদ রায়হানের জন্ম ১৯৩২ সালের ২২ সেপ্টেম্বর, ৪ আশ্বিন ১৩৩৯, বৃহস্পতিবার;কুষ্টিয়ার জগতি ইউনিয়নের বড়িয়া গ্রামে, খালার বাড়িতে। তার পৈতৃক ভিটেবাড়ি গড়াই নদীর ওপারে শালদা গ্রামে। বাবার নাম চয়েন উদ্দিন, মা জোবেদা খাতুন।

তার পড়ালেখা শুরু হয় আড়–য়াপাড়ায় এক মক্তবে। পরবর্তীকালে মুসলিম হাই স্কুলে পড়ালেখা করেছেন ক্লাশ নাইন পর্যন্ত। অর্থনৈতিক অস্বচ্ছলতা ও পারিবারিক চাপে প্রাতিষ্ঠানিক পড়াশোনার ইতি ঘটে এবং এরপর জীবিকা হিসেবে বেছে নিয়েছেন নানা পেশা।

চল্লিশের দশকে খুব অল্প বয়স থেকেই রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে তার পরিচয় ও সম্পর্ক গড়ে উঠে। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় কুষ্টিয়ার সাংস্কৃতিক-রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। পরবর্তীকালেও তার এই সম্পৃক্ততা বজায় ছিল।

আলোকচিত্রের সঙ্গে সম্পৃক্ততা তৈরি হয় ১৯৪৫ সাল নাগাদ। কিন্তু অর্থনৈতিক ও পারিবারিক দায়িত্বের চাপে আলোকচিত্রে মনোযোগী হওয়ার সুযোগ পাননি তিনি। ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের পর তিনি আলোকচিত্রে বিশেষভাবে আকৃষ্ট হন এবং নিয়মিত চর্চা শুরু করেন। ১৯৬৬ সালে লুবিডর ক্যামেরা দিয়ে এই যাত্রা শুরু, পরে ইয়াসিকা সহ বিভিন্ন ক্যামেরা ব্যবহার করেছেন।

১৯৬৯ এর গণআন্দোলন যখন তুঙ্গে তিনি ক্যামেরা হাতে এর ডকুমেন্টেশন করতে শুরু করেন এবং ১৯৭০ এবং ১৯৭১ সালে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোকচিত্র ধারণ করেন। এর মধ্যে ১৯৭০ এর নির্বাচনের সময় বঙ্গবন্ধু শেখ মুজিববর রহমানের কুষ্টিয়া সফর এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালীন বিভিন্ন আলোকচিত্র বিশেষ উল্লেখযোগ্য।

মুক্তিযুদ্ধের শুরুতে করিমপুর ইয়ুথ ক্যাম্পের সঙ্গে সহকারী ইন্সট্রাক্টর হিসেবে যুক্ত ছিলেন। তবে, এ সময়টাতে তিনি ফটোগ্রাফির সুযোগ পাননি। পরে বাল্যবন্ধু ব্যারিষ্টার আমীরুল ইসলামের সহায়তায় বাংলাদেশ ভলান্টারি সার্ভিসেস কোর (বি.ভি.এস.সি.) -এ আলোকচিত্রী হিসেবে যোগ দেন সেপ্টেম্বর মাসের ১৫ তারিখ এবং এরপর থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিভিন্ন গুরুত্বপূর্ণ অধ্যায় ও ঘটনা তিনি তার ক্যামেরায় ধরে রেখেছেন। বিশেষ করে তৎকালীন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদসহ সেসময়ের অনেক গুরুত্বপূর্ণ দেশি-বিদেশি ব্যক্তিত্বদের কর্মকান্ড, মুক্তিযোদ্ধা ও শরণার্থীদের ক্যাম্প- জীবন, মুক্তাঞ্চলের কর্মকান্ড, পাকিস্তান বাহিনীর অত্যাচারের নানা উদাহরন, রাজাকার ও আল বদর বাহিনীর নির্যাতন এবং ধরা পড়ার পর তাদের শাস্তি ও পরিণতি, মুক্তিযুদ্ধচলাকালীন কলকাতাসহ বিভিন্ন সীমান্ত-অঞ্চলে স্বাধীনতার সপক্ষে নানা কার্যক্রম তিনি তাঁর ক্যামেরায় বন্দি করেছেন।

মুক্তিযুদ্ধের পর ১৯৭২ সালে তিনি কুষ্টিয়ায় 'রূপান্তর' নামে একটি বাণিজ্যিক ফটোগ্রাফির প্রতিষ্ঠান তৈরি করেন যা এখনো বিদ্যমান ও সক্রিয়।

যুদ্ধদিনের আলোকচিত্র
(বড় আকারে দেখতে ছবিতে ক্লিক করুন।)

Image
Flag Counter


free counters