স্বাধীনতা ও শামসুর রাহমানের কবিতা
বাংলাদেশ স্বাধীন হবার পর জাতীয় চেতনায় উদ্বুদ্ধ হয়ে প্রখ্যাত গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার লিখেছিলেন:
শোনো একটি মুজিবরের থেকে
লক্ষ মুজিবরের কণ্ঠ
স্বরের ধ্বনি প্রতিধ্বনি
আকাশে বাতাসে ওঠে রণি।
বাংলার এই শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ১৯৭১ সালের ৭ মার্চ রেসকের্স ময়দানে লাখো জনতার উদ্দেশ্যে এক ঐতিহাসিক ভাষণ প্রদান করেছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবের এই ভাষণের সঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের ভাষণের তুলনা করা হয়ে থাকে, যে ভাষণটি প্রদত্ত হয়েছিল 'গেটিসবার্গ এ্যাডড্রেস' নামে। এই বক্তৃতাটি প্রেসিডেন্ট লিঙ্কন প্রদান করেছিলেন ১৮৬৩ সালের ১৯ নভেম্বর 'ডিকলিয়ারেশন অব ইনডিপেনডেনস্' উপলক্ষে। বঙ্গবন্ধুর ভাষণের সঙ্গে লিঙ্কনের ভাষণের পার্থক্য হলো, লিঙ্কনের বৃক্ততাটি ছিল লিখিত আর বঙ্গবন্ধুরটি অলিখিত। এত অসাধারণ সময়োপযোগী এবং দূরদর্শী বক্তৃতা পৃথিবীর ইতিহাসে বিরল। এ সময় তিনি লাখো জনতাকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে আহ্বান জানিয়েছিলেন। আর তাঁর এই সিদ্ধান্ত ছিল সময়োপযোগী। তারপরের ঘটনা সবারই জানা। প্রেসিডেন্ট ইয়াহিয়ার পরিকল্পনায় ২৫ মার্চ বর্বর পাকবাহিনী অপারেশন সার্চলাইট' এর নামে রাতের অন্ধকারে মুক্তিকামী নিরীহ বাঙালীর ওপর হিংস্র দানবের মত ঝাঁপিয়ে পড়েছিল। প্রায় মাঝ রাতে সেনানিবাস থেকে পাকিস্তানি হানাদার বাহিনী জীপ, ট্রাক এবং ট্যাঙ্কসহ আধুনিক সমরাস্ত্র নিয়ে নিরস্ত্র ও ঘুমন্ত বাঙালির ওপর গুলি চালায়। মাত্র এক রাতেই ঢাকাসহ দেশের নানা স্থানে মৃত্যুবরণ করেন প্রায় পঞ্চাশ হাজার মানুষ। ২৫ তারিখ রাত ১২ টার পরে অর্থাৎ ২৬ তারিখের প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান গ্রেফতার হবার পূর্বে ইপিয়ারের ওয়্যারলেসের মাধ্যমে স্বাধীনতা ও সশস্ত্র মুক্তিযুদ্ধের ঘোষণা দেন। বঙ্গবন্ধুর এই স্বাধীনতার ঘোষণার সূত্র ধরেই ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস পালিত হয়। উল্লেখিত গানে গৌরীপ্রসন্ন মজুমদার শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নেতৃত্বের জয়ধ্বনি শুনিয়েছেন তাই নয়, বাংলাদেশ নামক ভূখণ্ডের পূর্বসূরি কবিদের আকুলতার কথাও বলেছেন:
বিশ্ব কবির সোনার বাংলা
নজরুলের বাংলাদেশ,
জীবনানন্দের রূপসী বাংলা
রূপের যে তার নেইকো শেষ বাংলাদেশ ॥
রবীন্দ্রনাথ 'সোনার বাংলা'র স্বপ্ন দেখেছিলেন। আমাদের জাতীয় সঙ্গীত পূর্ববর্তী বাক্যের স্মারকসত্য বহন করে। নজরুল তাঁর গানে 'বাংলাদেশ' শব্দটি ব্যবহার করেছেন; 'নমঃ নমঃ নমো বাংলাদেশ মম'। জীবনানন্দ অখণ্ড ভারতবর্ষ থেকে 'রূপসী বাংলা' অভিধা দিয়ে বাংলাদেশকে পৃথক করে নিয়েছেন। 'রূপসী বাংলা' প্রসঙ্গে স্বাধীনতা যুদ্ধের সময়ের একটি খণ্ড চিত্র বিনিময় করা যাক। ভারতের একটি ক্যাম্পে ১২ বছরের একটি বালক মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করতো। সেখানে রেডক্রসের কয়েকজন সদস্য গিয়েছিলেন। তাঁদের একজন বালকটির কাছে জানতে চেয়েছিলেন, পরবর্তীতে আসবার সময় তাঁরা বালকটির জন্য কী নিয়ে আসবেন। উত্তরে বালকটি জানিয়েছিলো, সে জীবনানন্দের লেখা রূপসী বাংলা কাব্যগ্রন্থটি চায়।
পঞ্চাশ দশকের পরিশীলিত নাগরিক কবি শামসুর রাহমান (১৯২৯-২০০৬) পারিবারিক কারণে দেশের বাইওে গিয়ে মুক্তিযুদ্ধে যোগদান করতে পারেন নি। ১৯৭১ সালের মার্চ মাসের শেষের দিকে তিনি তাঁর গ্রামের বাড়ি পাড়াতলী চলে যান। এই গ্রামে বসেই শামসুর রাহমান অমর দুটি কবিতা রচনা করেন। একটি 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা', অন্যটি 'স্বাধীনতা তুমি'। কবিতা দুটি লেখার প্রেক্ষাপট কবি বর্ণনা করেছেন তাঁর কালের ধুলোয় লেখা জীবন স্মৃতিতে। এপ্রিল মাসের সাত অথবা আট তারিখ দুপুরের কিছু সময় পূর্বে তাঁদের পুকুরের কিনারে গাছতলায় বসেছিলেন। তাঁর মনে হচ্ছিল মৃদু-মন্দ বাতাস তাঁর শরীরে পরশ বুলিয়ে দিচ্ছিল। পুকুরে ছোট ছোট ছেলেমেয়ে এবং কিশোর-কিশোরীরা মহানন্দে সাঁতার কাটছিল। হঠাৎ কবির মনের মাঝে বিদ্যুতের মতো একটা ঝিলিক খেলা করে উঠল। 'সম্ভবত একেই বলে প্রেরণা। কবিতা আমাকে জড়িয়ে ধরল। আমি চটজল্দি আমার মেজ চাচার ঘরে চতুর্থ শ্রেণীর ছাত্র চাচাতো ভাইয়ের কাছ থেকে একটি কাঠপেন্সিল এবং কিছু কাগজ চাইলাম। সে কাঠপেন্সিল এবং একটি রুলটানা খাতা দিল। এই খাতা পেন্সিল দিয়ে সে যেন নিজেকে খুবই সৌভাগ্যবান মনে করল। আমি সেই কাঠপেন্সিল এবং খাতাটি নিয়ে সাততাড়াতাড়ি পুকুরের দিকে ছুটলাম। পুকুর মুন্সীবাড়ির একেবারে গা ঘেঁষে তাঁর অবস্থান ঘোষণা করছে যেন সগর্বে। পুকুরের প্রতিবেশী সেই গাছতলায় আবার বসে পড়ে খাতায় কাঠপেন্সিল দিয়ে শব্দের চাষ শুরু করলাম'। আধঘন্টা অথবা এর চেয়ে কিছু বেশি সময়ের মধ্যে কবি কালজয়ী দুটি কবিতা লিখলেন।
'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতায় কবি আসন্ন স্বাধীনতার পদধ্বনি শুনিয়েছেন পাঠককে। পুরো কবিতা জুড়েই রয়েছে মহৎ অর্জনের পেছনে অপরিমেয় ক্ষয়-ক্ষতি, ত্যাগ এবং বঞ্চনার ধারাবাহিক কূটাভাস। কবিতার প্রারম্ভেই কবি স্বাধীনতাকে প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়ে জানতে চেয়েছেন:
'তোমাকে পাওয়ার জন্যে
আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায়?'
স্বাধীনতা আসবে বলে সাকিনা বিবি আর হরিদাসীর স্বামীকে জীবন দিতে হল। শহরের বুকে দানবের মতো জলপাই রঙের ট্যাঙ্ক নেমে ছাত্রাবাস এবং বস্তি ধ্বংস করে দিল। রিকয়েললেস রাইফেল এবং মেশিন গান যেখানে সেখানে খই ফোটার মতো গুলি চালালো। স্বাধীনতা আসবে বলেই গ্রামের পর গ্রামকে জ্বলে যেতে হল, প্রভুর বাড়ির ভগ্ন-তূপে দাঁড়িয়ে প্রভুভক্ত কুকুর আর্তনাদ করে চলল। মৃত পিতা-মাতার লাশের ওপরে অবুঝ শিশু হামাগুড়ি দিল।
স্বাধীনতা আসবে বলে অশতিপর বৃদ্ধ তাঁর জীবন সায়াহ্নে উদাসীন দৃষ্টিতে বারান্দায় বসে আছে; তাঁর চোখেও বিকেলের হালকা ফিকে আলোর ঝিলিক। বাতাসে তার চুল উড়ছে অর্থাৎ স্বাধীনতার পূর্বাভাস পাওয়া যাচ্ছে। স্বাধীন একটি দেশের আশায় খেতে না পাওয়া হাড্ডিসার একটি কিশোরী পথের ধরে বসে আছে।
কবি সগীর আলী, শাহবাজপুরের জোয়ান কৃষক, কেষ্ট দাস, জেলেপাড়ার অসম্ভব সাহসী ব্যক্তি, দক্ষ মাঝি মতলব মিয়া, ঢাকার রিক্শাওয়ালা রুস্তম শেখ- এদের সকলের প্রসঙ্গ এনে মুক্তিযুদ্ধে আপামর মানুষের সম্পৃক্ততার কথাই বলেছেন। বলেছেন তরুণ দীপ্তিময় মুক্তিযোদ্ধাদের কথা– যাদের জন্যই বাংলাদেশ নামক ভূখণ্ডের জন্ম হয়েছে। কবিতার শেষ স্তবকের আগেই কবি স্বাধীনতার জন্য সকলের অধীর অপেক্ষার কথা ব্যক্ত করেছেন। শেষ স্তবকে স্বাধীনতার স্বপ্নে বিভোর কবি স্বাধীনতার আসবার প্রত্যয়ে মুখরিত হয়ে উঠেছেন। কবি পাঠককে জানাচ্ছেন, পৃথিবীর এক প্রান্ত হতে অপর প্রান্ত আলোড়িত হয়ে, ঘোষণা দিয়ে, পতাকা উড়িয়ে, তুমুল বাজনা বাজিয়ে স্বাধীনতা আসবেই:
'পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত
ঘোষণার ধ্বনি-প্রতিধ্বনি তুলে,
নতুন নিশান উড়িয়ে, দামামা বাজিয়ে দিগ্বিদিক
এই বাংলায়
তোমাকে আসতেই হবে, হে স্বাধীনতা।'
এই কবিতায় কবি দুর্লভ কিছু চিত্রকল্পের আশ্রয় গ্রহণ করেছেন, যা পাঠককে মুক্তিযুদ্ধকালীন বাস্তবলোকে পৌঁছে দেয়। যেমন: রিকয়েললেস রাইফেল/ আর মেশিনগান খই ফোটালো যত্রতত্র।' আবার 'অবুঝ শিশু হামাগুড়ি দিলো পিতা-মাতার লাশের ওপর।' ইত্যাদি।
কবির স্বাধীনতা বিষয়ক দ্বিতীয় কবিতা- 'স্বাধীনতা তুমি'। এই কবিতায় কবি প্রাপ্ত স্বাধীনতাকে নানা অভিধায় বিন্যাস করেছেন। স্বাধীনতাকে কবি বলেছেন রবীন্দ্রনাথের কবিতা, নজরুলের মহান পৌরুষ (নজরুলের সঙ্গে তুলনার বিষয়টি প্রকারান্তরে নজরুলের 'বিদ্রোহী' কবিতাটির কথাই মনে করিয়ে দেয়।), শহীদ মিনারের ফেব্রুয়ারির একুশ তারিখে যে সভা হয়, স্বাধীনতা যেন তাই। আবার কবি স্বাধীনতাকে বলেছেন, পতাকাসহ উচ্চকণ্ঠ মিছিল। স্বাধীনতাকে কবি দেখেছেন ফসলের মাঝে কৃষকের সঙ্গে, দুপুর বেলার পুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতারের মাঝে, রোদে কাজ করা যুবক মজুরের দক্ষ বাহুর গ্রন্থিলে। স্বাধীনতা এমনই একটি বিষয় যা অন্ধকারে মুক্তিসেনার চোখের রোশনাই। এমনিভাবে কবি স্বাধীনতাকে ব্যক্তির জীবন-যাপনের নানা আধার এবং বস্তুর নানা রূপের মধ্যে সংগ্রথিত দেখেছেন। স্বাধীনতাকে কবি দেখেছেন পিতার জায়নামাজে, মাতার শুভ্র শাড়ির মাঝে আর বোনের হাতে মেহেদীর রঙে। কখনও কখনও কবির কাছে স্বাধীনতাকে মনে হয়েছে বন্ধুর হাতের রঙিন পোস্টার, আবার গৃহিণীর ঘন কালো অবাধ্য চুল, শিশুর শরীরের রঙিন শার্ট, খুকীর তুলতুলে গাল আর 'রৌদ্রের খেলা'। রৌদ্রের খেলা অর্থ জীবনের জয়। সবশেষে কবি স্বাধীনতাকে বলেছেন:
বাগানের ঘর, কোকিলের গান,
বয়েসী বটের ঝিলিমিলি পাতা,
যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা।
সর্বশেষ তিন পংক্তিতে কবি স্বাধীন ব্যক্তিকে সকল সুখের উৎস বলে আখ্যায়িত করেছেন। যার বসবাসের স্থানটি শঙ্কামুক্ত, যার মনের মধ্যে নব চঞ্চল ছন্দে বীণা বেজে চলে, আর বয়েসী বট গাছের প্রসঙ্গ এনে কবি নির্ভরতার বিষয়টি প্রতিষ্ঠিত করেছেন। শেষের পংক্তিতে কবি স্বাধীন মানুষের ব্যক্তি স্বাধীনতার বিষয়টি উপস্থাপন করেছেন।
শামসুর রাহমানের যুদ্ধের সময়ে লেখা কবিতাসমূহ শিল্পী আলভির মাধ্যমে শাহাদত চৌধুরী কলকাতায় আবু সয়ীদ আইয়ুব-এর কাছে পাঠিয়েছিলেন। এসব কবিতার কিছু কলকাতার 'সাপ্তাহিক দেশ' পত্রিকায় মজলুম আদিব ছদ্মনামে প্রকাশিত হয়েছিল। ছদ্মানামটি রেখেছিলেন আবু সয়ীদ আইয়ুব নিজে। ১৯৭২ সালের জানুয়ারী মাসে জনাব আইয়ুব এবং তাঁর স্ত্রী গৌরী আইয়ুবের উদ্যোগে কবির লেখা বন্দি শিবির থেকে কাব্যগ্রন্থটি কলকাতা থেকে প্রকাশিত হয়।
৭১-এর স্বাধীনতা যুদ্ধ শামসুর রাহমানকে প্রবলভাবে নাড়া দিয়েছে, তাই নয়; ৫২-এর ভাষা আন্দোলন, ৬৯-এর গণঅভ্যুত্থান, ৭০-এর প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়- এসব কিছু তাঁর কবিতায় প্রবলভাবে উপস্থিত। ভাষার প্রতি গভীর মমতা থেকেই শামসুর রাহমান 'বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা' নামক কবিতাটি লেখেন। ৬৯-এর গণঅভ্যুত্থানে আসাদের ভূমিকা স্মরণীয় হয়ে আছে তাঁর 'আসাদের শার্ট' নামক কবিতায়। ১৯৭০ সালের ১২ নভেম্বর এদেশের সমুদ্র উপকূলে প্রলয়ঙ্করী ঘূর্ণীঝড় নিয়ে শামসুর রাহমান লিখেছেন 'সফেদ পাঞ্জাবি' নামক কবিতাটি। বঙ্গবন্ধুর শাহাদত বরণের পর তিনি লিখেছেন 'ইলেকট্রার গান' নামক কবিতাটি। পরবর্তীকালে শহীদ নূর হোসেনকে নিয়ে লিখেছেন 'বুক তার বাংলাদেশের হৃদয়' নামক কবিতা।
দেশ, কাল ও গণবাঙালির সংকটতম মুহূর্তে একজন সচেতন ও শুদ্ধচারী কবির মতোই শামসুর রাহমান তাঁর লেখনী সচল রেখেছেন, এ কারণেই তিনি 'কবিশ্রেষ্ঠ' শীর্ষক অভিধাও পেয়েছেন। আসলে শামসুর রাহমানের কবিচিত্তে স্বাধীনতার যে অভিব্যক্তি, তা যেমন ব্যক্তিক, তেমনি সামষ্টিক ও সর্বমানবিক মুক্তির আকাক্সক্ষাজাত এক নন্দনসুন্দর উচ্চারণ। এ-কারণে এই উচ্চারণ ব্যক্তি-বাঙালি থেকে শুরু করে বিশ্বেও যে কোনো প্রান্তে চিরমুক্তিকামী ব্যক্তি সমষ্টিমানুষের চিত্তকে অনাগত কাল ধরে অনুপ্রাণিত ও উদ্বোধিত করে যাবে।
