আমার ২৬শে মার্চ ১৯৭১, আগে ও পরে
আমি সক্রিয় রাজনীতি প্রাপ্ত বয়সে করিনি; আবার রাজনৈতিক বন্ধুদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েও থাকিনি। আমার অন্যতম রাজনৈতিক বন্ধু ছিলেন প্রদীপ বসু। প্রদীপ বসু নেতাজী সুভাষচন্দ্র বসুর ভাইপো। ১৯৬৮ সালের কোন একদিন তার সভায় উপস্থিত হয়েছিলাম। সভা শেষে প্রদীপ বসু তার কয়েকজন সাঙ্গপাঙ্গ নিয়ে তার অতি পুরাতন গাড়ীতে বসেছিলেন। আমাকে বাইরে আসতে দেখে ডেকে বললেন, "আসুন, আপনাকে শিয়ালদহে পৌছে দেই। ওখান থেকে ফিরতে আপনার সুবিধা হবে।"
"কিন্তু আপনার গাড়ী ত ভর্তি। সবাইকে কষ্ট দেয়া ঠিক হবে না। আমি ঠিক চলে যাব। আমার কোন অসুবিধা হবে না।" গাড়ীর সব যাত্রী হৈ হৈ করে উঠলেন, "না, না, আমাদের কোন অসুবিধা হবে না। আপনি আসুন।"
গাড়ী খুব ধীরে চলতে শুরু করল। তখন এক আরোহী আমাকে জানালেন যে, প্রদীপবাবু পূর্ববাঙলার রাজনীতির গতিপ্রকৃতির বিষয়ে বিস্তারিত জানতে, এবং যোগাযোগ রাখতে একটা ছোট সংগঠন করেছেন। আমরা, এই কজন, তার সহকর্মী। আমরা চাই যে আপনিও আমাদের সঙ্গে কাজ করুন। আমরা এখন আমাদের আড্ডায় যাচ্ছি। আপনি কি এখন আমাদের সঙ্গে যেতে পারবেন?"
আমি তৎক্ষণাৎ রাজী হলাম। পূর্বকলকাতায় একটি বাড়ীতে হাজির হলাম। সেখানে জানলাম প্রদীপ বাবু পূর্ববাংলা থেকে কিছু দৈনিক সংবাদপত্র আনাবার ব্যবস্থা করেছেন। কিন্তু যারা সরাসরি রাজনীতি করেন তাদের বাড়ী সেগুলি পাঠানো যাবে না, কারণ যিনি পাঠাবেন তিনি সরকারী কর্মী। কোনো রাজনৈতিক ব্যক্তির এ ধরনের সাহায্য জানাজানি হলে তার চাকরী নিয়ে সমস্যা হবে। পনের বিশ দিন পর থেকে আমি পূর্ব-পাকিস্তানের অনেকগুলি ইংরাজী ও বাংলা দৈনিক পেতে থাকলাম। সাধারণত তিন/চার দিনের কাগজ একসাথে পেতাম। এতদিন পরেও মনে পড়ে, আমি ইত্তেফাক, পূর্বদেশ, আজাদ, দৈনিক পূর্ব পাকিস্তান, Morning News নিয়মিতভাবে পেতাম। এর মাঝে কখনো সখনো Dawnও থাকত। কাগজগুলি খুঁটিয়ে পড়তাম। তারপর দুই/তিনদিন বাদে প্রদীপবাবুর পূর্বকলকাতার আড্ডায় জমা করে দিতাম।
১৯৬৯ সালের মাঝামাছি থেকে আমরা "এপার বাংলা ওপার বাংলা" নামে একটি পাক্ষিক (?) কাগজ প্রকাশ করলাম। প্রথম তিনটি সংখ্যা নিয়মিত প্রকাশিত হলেও পরে অর্থাভাবে অনিয়মিত হয়ে গেল। এই কাগজের মূলনীতি প্রকাশের জন্য বিরাট সভায় বক্তৃতারত তোফায়েল আহমেদের একটি আবক্ষ ছবি প্রতি সংখ্যায় ছাপা হত। যেন এই সভাতেই তোফায়েল আহমেদ ঘোষণা করছেন, "আর পূর্ব পাকিস্তান নয়। এবার নাম হবে – বাংলাদেশ।"
প্রচণ্ড ঝড়ের কথা আর তার ক্ষয়ক্ষতির কথা জানলাম এবং আমাদের কাগজে তা ছাপাও হল। নির্বাচনের কথাও জানালাম। প্রকৌশলী হিসাবে তাৎক্ষণাৎ হিসাব করে ফেললাম– আওয়ামী লীগ যদি পূর্বপাকিস্তানে ৮৬% আসনে জিততে পারে তবে পাকিস্তান পার্লামেন্টে সংখ্যারিস্ট হবে, ফলে আওয়ামী লীগ ওখানেই স্বাধীনতা ঘোষণা করতে পারবে। (ছয় দফা জানতাম, কিন্তু সেটাকে আমি স্বাধীনতা ঘোষণার পদক্ষেপ বলেই ধরে নিয়েছিলাম।)
সত্তরের নির্বাচনের ফলাফল ঘোষণার সময় আমি আমার কর্মসংস্থানের প্রয়োজনে মুম্বাই গিয়েছিলাম। ফেরার পথে আমার কামরায় রাউরকেল্লা ইস্পাত কারখানার এক বাঙালি প্রকৌশলী উঠলেন। প্রতি স্টেশনে কামরা থেকে নেমে আমার ছোট রেডিও দিয়ে ঢাকার খবর ধরবার চেষ্টা করছিলাম। ভদ্রলোক জিজ্ঞাসা করলেন বারে বারে কি শুনতে আমি প্রতি স্টেশনে কামরার বাইরে যাচ্ছিলাম। আমি জানালাম যে পূর্ব পাকিস্তানের নির্বাচনের ফলাফল জানতে। "ওখানে জানার কি আছে ? অর্ধেক আসন পাবেন মৌলানা ভাসানী, আর বাকি অর্ধেক অন্য দলগুলি ভাগাভাগি করে নেবে।" ভদ্রলোক জানতেন না যে ভাসানী নির্বাচন বর্জন করেছিলেন। কথায় কথায় প্রকাশ পেল, উনি কোনো এক কম্যুনিস্ট দলের সমর্থক; আর ওদের কাছে পূর্ব-পাকিস্তান মানে মৌলানা ভাসানী। মৃদুস্বরে জানালাম, "ওখানে ছবি পাল্টে গিয়েছে। আমি হিসাব করছি আওয়ামী লীগ ৮৬% ভাগ আসন পাবে কিনা।" শেষ ফলাফল সবার জানা, আর সেটা আমার প্রত্যাশা থেকে অনেক বেশী। ভদ্রলোকটি আমাকে রাউরকেল্লার ঠিকানা দিয়েছিলেন। পরে আমি পূর্ণ ফলাফল জানিয়ে চিঠি দিয়েছিলাম। স্বভাবতই উত্তর পাইনি।
এর পরের দিনগুলি টান টান উত্তেজনার মধ্যে অথচ নিষ্ক্রিয়ভাবে কাটল; কারণ আমাদের কিছু করার ছিল না। নিয়ম করে ঢাকা রেডিও শুনতাম, বিশেষ করে সকালেরটা। সেটা আমার প্রাতরাশের ঠিক আগে। ২৬শে আগস্ট যথারীতি তাড়াতাড়ি রেডিও খুলেছি। ঢাকা রেডিও পেলাম। উপর তলায় উঠে দেখি রেডিও নিরব। ভয় হ'ল, বেহাল বিদ্যুৎ ঠিক সেই সময়েই বিগড়ে গেল কিনা। নাঃ, বিদ্যুৎ আছে; ঢাকা নীরব।
দূরালাপনীতে খবর নিয়ে দিয়ে দেখি, সে যন্ত্র অকর্মণ্য। দুই দিন পরে আমাদের 'বাংলাদেশ দলের' এক বন্ধুকে ফোনে পেলাম। তিনি জানলেন বাংলা হিলি থেকে তিন জন এসেছেন এবং তাঁর বাড়ীতেই আছেন। "আপনি কাল চলে আসুন। অনেক কাজ আছে।" আমি থাকি উত্তর কলকাতার প্রান্তিক রাস্তায় আর আমার বন্ধুর বাড়ী কলকাতার দক্ষিণ সীমানার কাছাকাছি। তার ওপর ২৯শে মার্চ বাংলাদেশের সমর্থনে হরতাল ডাকা হয়েছিল। কলকাতায় স্বতঃস্ফূর্ত হরতাল মানে কোনো রিক্সাও চলে না। অর্থাৎ সকাল ছয়টায় বেরিয়ে ২৪ কিমি রাস্তা শ্রীচরণেই পাড়ি দিতে হ'ল। শিয়ালদা স্টেশনের উত্তরে, দক্ষিণে দুটি ছোট ছোট কম্যুনিস্ট মিছিলের দেখা পেলাম। ওরা চেঁচাচ্ছিল, "মুজিব, ইন্দিরা আমেরিকার দালাল– ভুলো মাৎ ভুলো মাৎ।"
দশটার পরেই বন্ধুর বাড়ী পৌছলাম। তিন জনের সঙ্গে আলাপ হ'ল। প্রথম ব্যক্তি Ñ পাঁচবিবির LMF ডাক্তার এবং ইংরাজ আমলের হিলি স্বদেশী ডাকাতির মামলার অন্যতম আসামী ও ভাসানী ন্যাপের সদস্য। এর নাম ভুলেছি বলে আমি অত্যন্ত লজ্জিত। দ্বিতীয় ব্যক্তি পূর্ব হিলি বাজারে একটি ছোট পুস্তক বিপণীর অধিকারী ও স্থানীয় আওয়ামী লীগের সভ্য। তৃতীয় জন জয়পুরহাটের ছাত্র ইউনিয়নের নেতা। ওর নাম মনে নেই। পশ্চিম হিলির মাধব রায়, যিনি ইংরাজ আমলের হিলি স্বদেশী ডাকাতি মামলার অন্যতম আসামী, এই তিন জনের কলকাতা আসার ব্যবস্থা করে দিয়েছিলেন।
ত্বরা করে দ্বিপ্রাহরিক আহার শেষ করে, একটা দ্বিতীয় মহাযুদ্ধকালীন জীপের ওপর বাংলাদেশের পতাকা লাগিয়ে আমরা প্রথমে গেলাম টাটা কোম্পানীর অফিসে। যোগাযোগ করার জন্য এক ব্যক্তির নাম প্রদীপ বাবু দিয়েছিলেন। ওখানে টাটার উচ্চতম পর্যায়ে ব্যক্তিদের সাথে আলাপ হ'ল। ওরা জানালেন যে ভারত সরকারের মাধ্যমে সাহায্য দিতে ওরা নীতিগত ভাবে প্রস্তুত। ওখান থেকে
হেলাম কলকাতা আকাশবাণী ভবনে। ওখানে দেবদুলাল বন্দ্যোপধ্যায়-এর সঙ্গে আমাদের কথা হয়, তারপর আমাদের সাথী তিন জনের এক সাক্ষাৎকার নেওয়া হয়। এই সাক্ষাৎকার রাতে আকাশবাণী কলকাতা থেকে প্রচার করা হয়। আরো দুই একটি স্থানে সাহায্যের আবেদন জানাতে গিয়েছিলাম।
সন্ধ্যার সময়ে আমরা শ্রদ্ধেয় রাজনীতিবিদ সুনীল দাসের কাছে গেলাম। সুনীল দাস বললেন এরা যখন হিলি ফেরত যাবে তখন আমাদের কেউ যেন সঙ্গে থাকে, কারণ দুটি রাজনৈতিক দল বাংলাদেশের এই আন্দোলনের বিরোধী। তারা যে কোন ধরনের অন্যায় কাজে লিপ্ত হতে পারে। আমরা এক সময়ে বাংলাদেশের বিশেষ বন্ধু অধ্যাপক সমর গুহর সঙ্গেও দেখা করি। তিনি আমার হাতে দশহাজার টাকা দিয়ে বললেন, টাকাটা রায়গঞ্জের নিশীথনাথ কু-ুর হাতে দিতে। অদূর ভবিষ্যতে বাংলাদেশের জন্য তাকে অনেক খরচ করতে হবে। অধিকন্তু বললেন, আমরা যেন রেলগাড়ীতে যাই। রায়গঞ্জ হোয়ে আমরা পয়লা এপ্রিলে হিলি পৌঁছলাম।
দোসরা এপ্রিল বিকালে শ্রদ্ধেয় কামরুজ্জামান ও তোফায়েল আহমেদ একসাথে পূর্ব হিলি থেকে পশ্চিম হিলিতে প্রবেশ করলেন। সীমানাতেই রেল লাইন। পার হবার সময় কামরুজ্জামান সাহেব রেল লাইনে সামান্য একটু ধাক্কা খেলেন। আমি তার হাতটা তখন ধরেছিলাম। আজও সেকথা স্মরণ করি।
পশ্চিম হিলিতে প্রবেশের পর পশ্চিম হিলির দারোগা ওদের দায়িত্ব নিলেন। যেখানে রাখলেন সেখানকার অবস্থা বড় করুণ। তোফায়েল আহমেদ রুষ্ট হয়ে অনুযোগ করলেন, "এর থেকে ভাল জায়গা হিলিতে ত পাওয়া যাবে না।"
এসব কথা দারোগা বাবু পরে আমাকে জানিয়েছিলেন। কামরুজ্জামান সাহেব যখন শুনলেন আমি কলকাতা থেকে গিয়েছি তখন জিজ্ঞাসা করলেন আমি সমর গুহকে চিনি কি না, তার বাড়ী কোথায় জানি কি না। আমি সমর গুহের ঠিকানা দিতে উদ্যত হলে জানালেন যে ঠিকানা ওর জানা আছে। পরের দিন সকালে মাধব রায় ওদের নিয়ে কলকাতা চলে গেলেন।
সেদিন সন্ধ্যাবেলা প্রথমে গেলাম চরকাই, পরের দিন ফুলবাড়ী। ফুলবাড়ীতে ৪ঠা এপ্রিল সদ্য পাকিস্তান সৈন্যদের বিরুদ্ধে এক খণ্ড যুদ্ধ হয়। পরের দিন হিলি ফিরে আসি। সবাই স্বাধীন বাংলাদেশ দেখার জন্য উদগ্রীব হয়ে অপেক্ষা করছেন। যে উৎসাহ সাধারণ মানুষের মধ্যে দেখেছি তা ভাষায় প্রকাশ করার ক্ষমতা আমার নেই।
এর মাঝে মাধব বাবু কলকাতা থেকে ফিরে এলেন। কলকাতা পৌছে কৌশলে মাধব বাবুকে ফাঁকি দিয়ে ওরা একটা ট্যাক্সি করে কেথাও চলে যান। পরে জেনেছিলাম, বঙ্গবন্ধু তার নিকটতম সহকর্মীদের দুটি ঠিকানা দিয়েছিলেনঃ একটি ঠিকানা, বেশ কিছুদিন পূর্বে পাঠানো তার এক প্রতিনিধির, ব্যর্থ হলে সমর গুহের ঠিকানা।
কলকাতায় ফিরে এলাম। আর প্রায় প্রতিদিন জনাকয়েক বাংলাদেশ থেকে আগত শরণীর্থীদের বাড়ীতে আশ্রয় দিতে হচ্ছিল। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের কলকাতার ম্যানেজার আমার বন্ধুর ছোট ভাই। আমার বন্ধু ফুটু চাকী তার ভাইকে বলে দিয়েছিল, বাংলাদেশ নিয়ে যা কিছু হবে তার দায়িত্ব আমাকে দিতে। তার ফলে যারাই উত্তরবঙ্গ পরিবহনে সন্ধ্যাবেলা বা রাতে কলকাতা পৌছতেন তাদের প্রাথমিক আবাস আমার বাড়ী। ইতিমধ্যে আমার সাথে কামরুজ্জামান ও তার মাধ্যমে অধ্যাপক ইউসুফ আলির সাথে পরিচয় হয়েছিল। আর এদের সহায়তায় দুই তিন দিনের মধ্যেই শরণার্থীদের যোগ্যতা অনুযায়ী বিভিন্ন স্থানে নির্দিষ্ট কোন কর্মে যোগ দিতে বলতেন। পুরাতনরা চলে যাবার আগেই হয়ত নতুন কেউ আসতেন। বেশ কিছুদিন বাড়ীতে রোজ পনেরো থেকে বিশ জনের আহার বাসস্থানের দায়িত্ব নিতে হয়েছিল। বেশ কয়েক রাত এক বিছানায় আমার স্ত্রী ও আমি একজন সম্পূর্ণ অপরিচিত ব্যক্তিকে পাশে নিয়ে রাত কাটাতে বাধ্য হয়েছিলাম। শরণার্থী যারা আমার বাড়ীতে এসেছিলেন তাঁরা সবাই ইসলাম ধর্মাবলম্বী। অধ্যাপক ইউসুফ আলি ও শ্রদ্ধেয় কামরুজ্জামানের সহায়তায় সবার জন্য আট/নয় মাসের আহার বাসস্থানের ব্যবস্থা করতে পেরেছিলাম। কেবল তিন জন্য স্থায়ীভাবে আমার কাছে ছিল। প্রথম জন ঃ মহম্মদ আলি মনসব। দ্বিতীয় ঃ আবু খালেদ নূর-ই-ইলাহি কাশেম। ইনি ক্যাপ্টেন মনুসর আলির শ্যালক (একটু দূরের)। কাশেমের মাধ্যমে ক্যাপ্টেন মনসুর আলির সাথেও পরিচয় হ'ল। তৃতীয় ব্যক্তি: প্রকৌশলী শেখ মুজিবর রহমান/শেখ মুজিবর রহমান। মুজিব বাহিনীর সাতক্ষীরা শাখার প্রধান ছিলেন, তাই জুলাই মাস থেকে বাংলাদেশের মধ্যেই থাকতেন। মাঝে মাঝে দুই-এক দিনের জন্য কলকাতায় এসে (আমার ধারণা গোলাগুলি সংগ্রহ করার জন্য) মুজিব বাহিনীর ক্যাম্পে না উঠে আমার কাছেই থাকতেন। প্রায় দেড়শ মানুষের মধ্যে কেবলমাত্র শেখ মুজিবর রহমান প্রথম থেকে আজ অবধি যোগাযোগ রেখেছেন।
এর মধ্যে সমর গুহ বিচারপতি চাগলাকে সভাপতি করে "মুক্তিযোদ্ধা সহায়ক সমিতি" নামে এক সংগ্রঠন তৈরী করলেন। এর দীর্ঘ নামের তালিকায় আমার কোন উল্লেখ ছিল না। কিন্তু আট মাস আমি কার্যত এর অফিস সেক্রেটারী ছিলাম। অফিস ছিল নেতাজী সুভাষচন্দ্র বসুর বাড়ীতে।
গরমকালে অফিসে বসে আছি, দুপুরে এক ভদ্রলোক এসে তার নাম বললেন, জানালেন তিনি বাংলাদেশের এক নামকরা কলেজের ইংরাজীর প্রভাষক। আবেদন জানালেন সাহায্যের। স্ত্রী ও সদ্যোজাত সন্তান নিয়ে শিয়ালদা স্টেশনে দিনযাপন করছেন। ভদ্রলোককে জানালাম, আমরা কোন ব্যক্তি বিশেষকে সাহায্য দিতে পারি না। তারপর তাকে সঙ্গে নিয়ে শিয়ালদা এসে দেখি এক মহিলা মৃতপ্রায় এক শিশু নিয়ে সিমেন্টের মেঝেতে একটা চাদরের ওপর শুয়ে আছেন। সঙ্গে সঙ্গে ওদের আমার বাড়ীতে নিয়ে গেলাম। আমার স্ত্রীর যত্নে সাত দিনের মধ্যেই বাচ্চাটি সজীব হয়ে উঠল। এর মধ্যে অধ্যাপক ইউসুফ আলির সাহায্যে ভদ্রলোকের জন্য একটা শিক্ষকতার সুযোগ পাওয়া গেল।
এইভাবে ১৬ই ডিসেম্বর এল। রাত দশটায় বাড়ী ফিরে দেখি প্রকৌশলী শেখ মুজিবর রহমান আমাদের, মানে আমি, আমার পুত্রদ্বয় ও তাদের মাকে, নিয়ে যাবার জন্য এক দূত পাঠিয়েছে। পরের দিন সাতক্ষীরা শহর পার হয়ে মুজিবের ঘাঁটি পাটকেলঘাটায় গেলাম এবং ১৮ তারিখে জনসভায় বক্তৃতা দিলাম। জীবনের প্রথম জনসভায় প্রথম বক্তৃতা প্রদান।
