২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবীদের ভূমিকা

শুভরঞ্জন দাশগুপ্ত

Published : 09 Nov 2019, 09:09 PM

Updated : 23 Jun 2022, 04:00 PM

প্রথমেই স্মরণ করবো পশ্চিমবঙ্গের অগ্রণী কবি ও বুদ্ধিজীবী শঙ্খ ঘোষের সঙ্গে আমার সংলাপ। শঙ্খ ঘোষ নীরবতাই পছন্দ করেন, তিনি আদ্যন্ত স্বল্পভাষী ও মৃদুভাসী। তাঁর এই স্বভাবসিদ্ধ নীরবতাই ভেঙে পড়েছিল আমাদের বাক্যবিনিময়ের পর্বে। তিনি টানা পনেরো মিনিট কথা বললেন এবং তিনি এতটাই স্বতঃস্ফূর্ত হয়ে ওঠেন যে আমাকে একাধিক প্রশ্ন করতে হয়নি। স্বনামধন্য কবি ও বুদ্ধিজীবী মৃদু কণ্ঠে বললেন, "তুমি লেখক ও চিন্তাশীল ব্যক্তিদের ভূমিকার উপর জোর দিও। কিন্তু আমি প্রথমেই বলব যে সর্বস্তরের সাধারণ মানুষ সমর্থন, সাহায্য ও সহযোগিতার হস্ত প্রসারিত করেছিল সপ্রনোদিত হয়ে। সহযোগিতার এই বিরাট যজ্ঞে আমরা লেখকেরা মসী ব্যবহার করেছিলাম অস্ত্র হিসেবে এবং আমাদের দিক থেকে যতটুকু করণীয় ছিল, তা করেছিলাম হৃদয়গ্রাহী ভালোবাসার আবেগে। বাংলাদেশ থেকে আগত লেখক ও বুদ্ধিজীবীদের সঙ্গে আমরা নিয়মিত মিলিত হতাম ধর্মতলার একটি বাড়িতে এবং সেখানেই আলাপ আলোচনার মাধ্যমে আমরা ভবিষ্যতের রুপরেখা অঙ্কন করতাম। গৌরকিশোর গোষ থেকে শুরু করে সুভাষ মুখোপাধ্যায়, প্রায় সব লেখক ও বুদ্ধিজীবিরা এখানে তাদের বাংলাদেশের লেখক শিল্পীদের সঙ্গে মিলিত হতেন আগামীর কার্যক্রম নির্ধাণের জন্য।


আমার স্পষ্ট মনে পড়ে বর্তমানে যশস্বী শিল্পী শাহাবুদ্দিনও এসেছিলেন এই বাড়িতে। তাঁর বয়স তখন উনিশ কি কুড়ি, কোথায় তিনি রাত্রিবাস করবেন, তা তাঁর জানা ছিল না। আমি শাহবুদ্দিনকে নিয়ে এসেছিলাম আমার বাড়িতে এবং সেখানেই তিনি রাত্রিবাস করেন। আর একটা কথা কবি আল মাহমুদ সীমান্ত পেরিয়ে এদিকে চলে এসেছিলেন, কিন্তু শামসুর রহমান তখনও বাংলাদেশে। শামসুর রহমানের কবিতা চোরাগোপ্তা পথে পৌঁছাতে আমাদের কাছে এবং আমরা সেগুলি প্রকাশের ব্যবস্থা করতাম। সেই পর্বের বহু স্মৃতি মনে জমাট হয়ে আছে। তবে শেষ করার আগে আমি আবার বলব যে শুধুমাত্র লেখক ও বুদ্ধিজীবী নয়, সমগ্র সমাজের সর্বস্তরের মানুষ তখন সহযোগিতার নাজির রেখেছিলেন, তাদের এই বিরাট ব্যাপক ভূমিকাও এ প্রসঙ্গে অবশ্য স্মর্তব্য। এই আন্তরিক সর্বস্তরের সহযোগিতা স্মরণ করেই দাবি করা যেতে পারে যে ৭১ এর আগে অর্থাৎ অতীতে এই মাত্রার স্বতঃস্ফূর্ত কর্মকান্ড পরিলক্ষিত হয়নি এবং সম্ভবত, ভবিষ্যতেও পরিলক্ষিত হবে"


অমর সাহাকে প্রদত্ত একটি নিবিড় সাক্ষাৎকারে কীর্তিমান লেখক সুনীল গঙ্গোপাধ্যায় বলেছিলেন, সেদিন আমরাও দাড়িয়েছিলাম মুক্তিযোদ্ধাদের পাশে। আমি মাঝে মধ্যে বনগাঁ আর সাতক্ষীরা সীমান্তে যেতাম মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে। ওদের জন্য নিয়ে যেতাম ওষুধপত্র আর খাবারদাবার। অনেককে আমাদের বাড়িতে আশ্রয়ও দিয়েছিলাম। সে এক অদ্ভুত সাড়া জাগানো সময়। কলকাতার সর্বস্তরের মানুষ এগিয়ে এসেছিল। বাংলাদেশের মানুষের পাশে তারা দাড়িয়েছিল। সরকারতো এগিয়ে এসেছেই। সেদিন কলকাতায় সব সাহিত্যিকেরা মুক্তিসংগ্রামের পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন। সবার নাম এখন মনে পড়ছেনা, কয়েকজন প্রথিতযশার নাম করব: বুদ্ধদেব বসু, প্রেমেন্দ্র মিত্র, প্রবোধকুমার সান্যাল, সন্তোষ কুমার ঘোষ, সৈয়দ মুজতবা আলি এরা সবাই সেদিন কীভাবে বাংলাদেশকে সাহায্য করা যায় তাই নিয়ে ভেবেছেন। সেদিন কবি জীবনানন্দ দাশ বেঁচে থাকলে সবচেয়ে বেশি আনন্দ পেতেন। বাংলাদেশকে তিনিতো প্রাণ উজাড় করে ভালোবেসেছিলেন। সুনীল গঙ্গোপাধ্যায়ের জীবনান্দকে ঘিরে উক্তি খুবই প্রাসঙ্গিক।
ওই সময় আমি রিসার্চ ফেলো হিসেবে যোগ দিতে রওয়ানা হলাম ১৭ই জুন, ১৯৭১ বোলপুর স্টেশনে নেমে মহামায়া হোটেলে ভাত খেয়ে বিশ্বভারতীর গেস্টহাউসে গিয়ে উঠলাম। নীলিমা সেনের স্বামী অমিয় সেন তখন বিশ্বভারতীর কর্মাধ্যক্ষ। রাত্রে এবং পরদিন খাওয়া হোলো বাসায় মোহরদির। মোহরদি অর্থাৎ কনিকা বন্দ্যোপাধ্যায়। মোহরদি গোটা চারেক ধোপায় ধোয়ানো শাড়ী ধরিয়ে দিলেন হাতে। বাছি (নীলিমা সেন) দিলেন ঘরসংসারের নানান জিনিস বালতি, হাড়িকুড়ি তোষক। শুভময় ঘোষের স্ত্রী সুপ্রিয়াদি দিলেন মস্কো থেকে আনা ভাজ করা টেবিল আর চারখানা চেয়ার। সত্যি স্মরণীয় সেইসব দিনের অপূর্ব স্মৃতি। শান্তিনিকেতন সবাই যেমন করে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তেমনি দিয়েছ কলকাতায়ও। বিনয় কাকাবাবুর স্ত্রী সংসারের নিত্য কর্মব্যস্ততার মধ্যেও খেয়াল করেছেন আমার একটা ট্রাঙ্ক দরকার, দরকার বালতি মগ। মাসখানেকের ওপর জাস্টিস মাসুদ আমার পরিবারের ভরনপোষন করেছেন। আমরা পশ্চিমবঙ্গে রবীন্দ্রনাথকে লাভ করেছি সহজ, বিপত্তিহীন উত্তরাধিকার সূত্রে। পূর্ববঙ্গেও তাই হওয়া উচিত ছিল। কিন্তু না, পূর্ববঙ্গের মানুষকে রবীন্দ্রনাথ অর্জনের জন্য সংঘাত ও সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয়েছে। বিপুল দীর্ঘস্থায়ী সংগ্রাম।


সনজিদা খাতুন যেমন তার স্মৃতিচারনে পশ্চিমবঙ্গের শিল্পী বুদ্ধিজীবী ও সাধারণ মানুষের ভূমিকা ও অবদান সম্পর্কে লিখেছেন, আনিসুজ্জামানও অভিন্ন বিষয়টির উপর আলোকপাত করেছেন তার দুটি গ্রন্থে: আমার একাত্তর ও কাল নিরব। বিষ্ণু দে, গৌরী আইয়ুব, বিচারপতি মাসুদ, গৌতম চ্েট্টাপাধ্যায়, দীপেন্দ্র বন্দ্যেপাধ্যায় এবং অন্যান্যদের সাহায্য সমর্থন ও বাংলাদেশের প্রতি অঙ্গীকারকে তিনি জানিয়েছেন লাখো সেলাম। একটি বিশেষ ঘটনার বর্ণনা এ প্রসঙ্গে উল্লেখের দাবি করে। আলিসভাই লিখেছেন, "এখন বন্ধুবান্ধব, আত্মীয়স্বজনদের কাছ থেকে বিদায় নেওয়ার পালা। কলকাতা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ সহায়ক সমিতির সম্পাদক দিলীপকুমার চক্রবর্তী স্বত:প্রবৃত্ত হয়ে বললেন দেশে ফিরে যাচ্ছেন হাতে কিছু টাকাপয়সা রাখা দরকার। সমিতি যে সামান্য টাকা দিতে পারে, আপনাকে তা নিতে বলতে পারি না। তাই এই হাজার পাঁচেক টাকা ঋণ হিসেবে নিন পরে এক সময়ে পাঠিয়ে দেবেন এই বলে হাতে একটা প্যাকেট ধরিয়ে দিলেন। এরকম পরিস্থিতিতে অভিভুত না হয়ে পারে, এমন পাষন্ড কে আছে। টাকাটা সমিতিরই ছিল, কিন্তু তিনি ধার দিয়েছিলেন নিজেরই দায়িত্বে। বোধহয় জুন মাসের দিকে দিলীপদা ঢাকায় এলে, এই ঋণ পরিশোধ করেছিলাম।"
১৯৭১ সালে সমগ্র পশ্চিমবঙ্গে বিশেষ করে কলকাতায় মুক্তিযুদ্ধকে সোচ্চার সমর্থন জানিয়ে গড়ে উঠেছিল বিভিন্ন সমিতি ও সংগঠন। এগুলির ভিতর সর্বাগ্রে উল্লেখযোগ্য হল কলিকাতা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ সহায়ক সমিতি। যুদ্ধ শুরু হওয়ার ঠিক সাতদিন পর এই সমিতিটি প্রতিষ্ঠিত হয় এবং একই সম্পাদক ছিলেন অধ্যাপক দিলীপ চক্রবর্তী যিনি আনিসভাইকে নিজ দায়িত্বে পাঁচ জাহার টাকা ঋণ দিয়েছিলেন। সমিতির সভাপতি ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য অধ্যাপক সত্যেন্দ্রনাথ সেন। এই সংগঠনটির নানাবিধ সক্রিয়তা অনেকের দৃষ্টি আকর্ষন করে এবং এরা সরকারী ও বেসরকারী অর্থসাহায্য নিপুনভাবে ব্যবহার করে মুক্তিযুদ্ধের স্বার্থে। যারা এই সমিতির বহুমূখী কার্যক্রম ও একনিষ্ঠতা সম্পর্কে অবহিত হতে আগ্রহী তারা সমিতি প্রকাশিত ৪৪ পৃষ্ঠার একটি প্রতিবেদন পাঠ করে নিতে পারে। বস্তুতত এই প্রতিবেদনের উপর ভিত্তি করেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতির অধ্যাপক দুলাল ভৌমিক একটি নিবন্ধ রচনা করেন যার শিরোনাম 'বাংলাদেশের মুক্তিযুদ্ধে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অবদান'।
এই সহায়ক সমিতির কর্মকান্ড মূলত ছয় ভাগে বিভক্ত ছিল যথা: (১) সমর্থন প্রচার ও সাহায্যের অবদান (২) শিক্ষা ও শিক্ষকদের কর্মসংস্থান (৩) মুক্তিবাহিনীর ক্যাম্প পরিদর্শন ও সাহায্য প্রদান (৪) ত্রানকার্য পরিচালনা (৫) চিত্রপ্রদর্শনী ও (৬) প্রকাশনা । এই বহুমুখী দায়িত্ব সম্পাদন করার জন্য বিশ্ববিদ্যালয়ে কর্মরত অধ্যাপক এবং বিশ্ববিদ্যালয়ের অধীনস্ত কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত বুদ্ধিজীবীরা নিরলস পরিশ্রম করেন। সংক্ষেপে সমগ্র রাজ্যের বহু বুদ্ধিজীবীরাই এই পূর্নাঙ্গ একটি ছত্রের নীচে সমবেত হন। আগ্রহী ব্যক্তিরা দুলাল ভৌমিকের লেখাটি পড়ে দেখতে পারেন। তার নিবন্ধটি স্থান পেয়েছে অনবদ্য একটি সংকলনে যার শিরোনাম 'বাংলাদেশের মুক্তিযুদ্ধ ঢাকা ও কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অবদান'। এধরনের সিরিয়াস বই এর একাধিক পুর্নমুদ্রন আমাদের প্রত্যেককেই অনুপ্রানিত করে। এই সমিতির বিবিধ কর্মকান্ডের কয়েকটি ডিটেল পেশ করেছি জুলাই ৭১ এর মধ্যে পশ্চিবঙ্গেই। এরা ৬০৪টি শরনার্থী ক্যাম্প স্থাপন করে এবং এই ক্যাম্পগুলিতে ৩১টি স্কুল প্রতিষ্ঠার মাধ্যমে শরনার্থী শিশুদের শিক্ষাদানের ব্যবস্থা করা হয়। সমিতির প্রকাশনার কাজও সবিশেষ উল্লেখের দাবি করে। এগুলি হল (১) ৬ দফা দাবি (২) মুজিবুরের ঐতিহাসিক ভাষণ (৩) মুক্তিযুদ্ধে বাংলাদেশ (৪) Bangladesh The Truth (5) Conflict in East Pakistan Background and Prospects (6) Bangladesh Through the Lens (7) Bangladesh Through a new life (8) বাংলাদেশের মুক্তিযুদ্ধ (৯) মুক্তিযোদ্ধাদের প্রতি (১০) Pakistanis and Bengali Culture (11) Bleeding Bangladesh. বলাবাহুল্য পশ্চিমবঙ্গের বহু বুদ্ধিবীবী গবেষক শিক্ষক, ছাত্র এই বিরাট প্রকাশনার সঙ্গে নিবিড়ভাবে যুক্ত ছিলেন।
উপসংহার: উপসংহারে আমি দৃষ্টি নিবন্ধ করতে চাই একটি উপন্যাসের উপর। সৈয়দ মুজতবা আলি লিখিত অসামান্য উপন্যাস 'তুলনাহীনা'। এটি তার শেষতম উপন্যাস এবং এটি পান্ডুলিপি থেকেই সরাসরি গ্রন্থাকারে প্রকাশিত হয়। প্রকাশক লেখককে একটি উপন্যাস লিখতে অনুরোধ করেন যার বিষয় হবে বাংলাদেশের মুক্তিযুদ্ধ। এবং প্রকাশকের অনুরোধ বিফলে যায়নি, যদিও লেখাটি গ্রন্থকারে প্রকাশিত হবার পূর্বেই লেখক শেষ নিশ্বাস ত্যাগ করেন। কলকাতার এলিট সমাজের যুবক-যুবতী সদস্যদের নিয়ে উপন্যাসটি লিখিত, তাদের শানিত সংলাপের ফাঁকে ফাঁকেই মূর্ত হয়ে উঠেছে বাংলাদেশের প্রজ্জলিত রাজনৈতিক পরিস্থিতি। এবং উপন্যাসের একেবারে শেষ পৃষ্ঠায় নায়ক ও নায়িকা কীর্তি ও শিপ্রা মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার প্রস্তুতি ও সিদ্ধান্ত ব্যক্ত করেন। এই লেখাটির শেষ পৃষ্ঠাকে স্মরণে রেখেই বলব উপসংহারটি সমর্থন, সাহায্য সহযোগিতার স্তর অতিক্রম করে নায়ক-নায়িকা পূর্বের দিকে পা বাড়ায়।