২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

একুশের শহীদেরা অমর অক্ষয় চিরঞ্জীব

বেবী মওদুদ

Published : 20 Feb 2010, 11:25 PM

Updated : 02 Sep 2022, 08:37 PM

Image
bhashani-mujib.jpg

……..
১৯৫৪-র ২১ ফেব্রুয়ারি র‌্যালিতে ভাসানী ও মুজিব খালি পায়ে।
……..
২১ ফেব্রুয়ারি ১৯৫২ সালে মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবীতে যারা জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন তারা এই বাংলার অমর সন্তান। পাকিস্তানি শাসকগোষ্ঠির বুলেটে ছিন্নভিন্ন হয়ে যাওয়া সেই রক্তাক্ত স্মৃতি আমরা স্মরণ করি, ফুলে ফুলে সাজিয়ে দেই তাদের কবর এবং তাদের স্মরণে নির্মিত শহীদ মিনার। শ্রদ্ধায় ভালোবাসায় পবিত্রতায় আমরা এক নতুনতর চেতনায় ও দীপ্ততায় আবার শক্তি অর্জন করি। একুশের শোককে আমরা শক্তি হিসেবে ধারণ করে এসেছি বলে যে কোনও অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারি। বাঙালি প্রতিরোধ গড়ে তুলেছিল একাত্তরেও পাকিস্তানি সামরিক শাসক গোষ্ঠির দমন নিপীড়ন, বৈষম্য-বঞ্চনার বিরুদ্ধে। বাংলার ছাত্র-জনতা রক্তাক্ত গেরিলা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে পাকিস্তানি সেনাবাহিনীকে আত্মসমর্পণে বাধ্য করে বাংলাদেশের স্বাধীনতার বিজয় অর্জন করেছিল।

Image
eden-c.jpg

…….
ইডেন কলেজের ছাত্রীরা শহীদ মিনার বানাচ্ছেন। কিছু শিক্ষক তাদের নিষেধ করছেন।
…….
বায়ান্ন থেকে শুরু হয়েছিল বাঙালির জাতিসত্তার প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রাম। মাতৃভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে বাঙালি সেদিন ঐক্যবদ্ধ হয়েছিল। পকিস্তানি শাসকগোষ্ঠি চেয়েছিল একমাত্র উর্দু হবে রাষ্ট্রভাষা। অথচ জনসংখ্যার দিক থেকে বাঙালি ছিল পাকিস্তানে সংখ্যাগরিষ্ঠ। তাই তারা সেদিন এই অন্যায় সিদ্ধান্ত মেনে নেয়নি বরং কঠোর অবস্থান নিয়ে প্রতিবাদমুখর হয়েছে। সংগ্রাম-আন্দোলন গড়ে তুলেছে, পুলিশের রাইফেল- লাঠির মার খেয়েছে, বুটের আঘাত সহ্য করেছে, টিয়ার গ্যাসের যন্ত্রণায় বিদ্ধ হয়েছে এবং জেল-জুলুমের শিকার হয়েছে। দুশো বছরের ইংরেজ শাসনের পদাংক অনুসরন করে পাকিস্তানি সামরিক শাসকরা ধর্মের দোহাই দিয়ে এবং অস্ত্রের দম্ভ দেখিয়ে বাঙালিকে শোষণের শাসনে নিয়ন্ত্রণ করতে প্রয়াস চালিয়েছে। বাঙালির জাতিসত্ত্বাকে মুছে দিতে চেয়েছে। বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যকে ধংস করে তাদের চিরতরে পদানত রাখতে চেয়েছে। কিন্তু বাংলার বীর সন্তানেরা সেটা করতে দেয় নি। বুকের রক্ত দিয়ে প্রতিষ্ঠা করেছে 'মহান একুশে ফেব্রুয়ারি'। সারা বিশ্ব আজ এই দিনটি 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে পালন করে থাকে। এই দিনটির রক্তাক্ত ইতিহাসের বিবরণ শোনে, অমর শহীদদের নাম শোনে—শ্রদ্ধায় ভালোবাসায় পবিত্রতায় তারাও শক্তি অর্জন করে।

বায়ান্নর একুশে ফেব্রুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় ছাত্ররা সেদিন সকাল থেকেই জড়ো হতে থাকে। বাইরে পুলিশ ১৪৪ ধারা জারি করে বারবার মাইকে সতর্ক করছিল। ছাত্রদের সভা হলো, ভাষাসৈনিক গাজিউল হকের সভাপতিত্বে। ছাত্রনেতাদের মধ্য থেকে অধিকাংশই ১৪৪ ধারা ভাঙ্গার পক্ষেই মতামত দিলেন।

বেলা একটার পর চারজন করে ছাত্র-ছাত্রীরা গেট দিয়ে বের হবার পর পুলিশের লাঠির ব্যারিকেড ভাঙলেন। পুলিশ তাদের ছত্রভঙ্গ করেছে, গ্রেপ্তারও করে তাদের ভ্যানে তুলছে। আর এ সময়েই চলে লাঠিচার্জ, টিয়ার গ্যাস এবং সবশেষে গুলি। বেলা তিনটায় এই গুলিতে শহীদ হয়েছিল অনেকে। শোনা যায়, পুলিশ অনেকের লাশ সরিয়ে ফেলে। যাদের লাশ পাওয়া যায় তারা হলেন: রফিকউদ্দিন আহমেদ, আবুল বরকত, আবদুল জব্বার, আবদুস সালাম, শফিউর রহমান, অহিউল্লাহ, আবদুল আওয়াল ও একজন বালক। এদের মধ্যে প্রথম চারজন ২১ ফেব্রুয়ারিতেই হসাপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনজন ২২ তারিখে শহীদ হন। ২২ ফেব্রুয়ারিতে জানাযার পর যে বিশাল শোক মিছিল রাজপথ প্রদক্ষিণ করে সে মিছিলে সশস্ত্র বাহিনীর একটি ট্রাক চালিয়ে দিলে আবদুল আওয়াল নিহত হয়। অবশ্য সরকারি প্রেস নোটে এটাকে মোটর দুর্ঘটনা বলা হয়েছে। অজ্ঞাত পরিচয় বালকের মৃত্যুকেও তারা দুর্ঘটনা বলে উল্লেখ করে। সেদিন গুলি বর্ষণে অনেকেই মাটিতে লুটিয়ে পড়ে। ছাত্ররা যাদের তুলে নিয়ে হাসপাতালে ভর্তি করে শুধু মাত্র তাদের নাম-পরিচয় পাওয়া গেছে। হাসপাতালের কোনো রেকর্ডেও সেদিন এসব শহীদের তথ্য পাওয়া যায়নি। পত্রিকায় এসব শহীদদের নাম, ছবি ও পরিচয় ছাপা হয়েছিল। প্রেস নোটটিও মিথ্যা তথ্য ও বিবরণে ঠাসা ছিল।

শহীদদের পরিচয় থেকে জানা যায়

১. রফিকউদ্দিন আহমদের জন্ম ১৯৩২ সালে মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর থানার পারিল গ্রামে। পিতার নাম মরহুম আবদুল লতিফ ও মায়ের নাম রাফিজা খানম। গুলিতে তার মাথার মগজ ছিটকে পড়ে।

২. আবুল বরকতের জন্ম ১৬ জুন ১৯২৭ সালে মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার বাবলা গ্রামে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এম. এ. ক্লাশের ছাত্র ছিলেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। ঢাকায় তার মামার বাসা ছিল পুরানা পল্টনে। তবে তিনি হলে থেকে লেখাপড়া করতেন।

৩. আবদুল জব্বারের জন্ম ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার পাঁচাইয়া থানায়। পিতার নাম আবদুল কাদের।

৪. আবদুল সালামের জন্ম ফেনী জেলার লক্ষ্মণপুর গ্রামে। তিনি শিল্প দপ্তরে পিয়নের চাকরি করতেন। পিতার নাম মো. ফাজিল মিয়া। তিনি ২১ ফেব্রুয়ারি আহত হয়ে হাসপাতালে ভার্তি হন। ৭ এপ্রিল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

৫. শফিউর রহমানের জন্ম ২৪ জানুয়ারি ১৯১৮ সালে হুগলি জেলার কোন্নগরে। পিতার নাম মাহবুবুর রহমান। ঢাকার হেমেন্দ্র দাস রোডে বসবাস করতেন। তিনি ঢাকা হাইকোর্টের কর্মচারী ছিলেন।

৬. অহিউল্লাহ একজন শিশু শ্রমিক। পিতা রাজমিস্ত্রী হাবিবুর রহমান। পুলিশ তার লাশ সরিয়ে ফেলেছিল।

৭. আবদুল আওয়ালের পিতার নাম মোহাম্মদ হাশিম। পাকিস্তান আর্মির ২৪ ডিভিশনের একটি প্লাটুনের তাঁবুতে তিনি অবস্থান করতেন। তাঁবুটি ছিল ঢাকা হাইকোর্টের পিছনে। তিনি শোক মিছিলে অংশ নিয়েছিলেন।

৮. অজ্ঞাত পরিচয় এক বালকের লাশ কার্জন হল এলাকা থেকে পাওয়া যায়।

একুশ ও বাইশ ফেব্রুয়ারি শাহীদদের পরিচয় পত্র-পত্রিকায় প্রকাশিত তথ্য ও বিবরণী থেকেই পাওয়া যায়। পাকিস্তান আমলে তাদের প্রতি সরকার কোনো সম্মান জানায়নি। সম্মান জানানো তো দূরের কথা, তাদের বিরুদ্ধে প্রচারণা চালায় সরকার। বাংলাদেশ স্বাধীনতা অর্জন করলে সরকারি উদ্যোগে তাদের স্মৃতি সংরক্ষণার্থে নিজস্ব গ্রামে পাঠাগার প্রতিষ্ঠা ও পরিবারে অর্থ সাহায্য প্রদান করা হয়। শহীদ শফিউর রহমানের পিতা মাহবুবুর রহমান ১৯৫২ সালে ২৩ ফেব্রুয়ারি প্রথম শহীদ স্মৃতি মিনারের উদ্বোধন করেছিলেন।

বাঙালির হৃদয়ে এইসব শহীদদের নাম রক্তাক্ষরে গাঁথা হয়ে আছে। তাঁরা অমর অক্ষয় চিরঞ্জীব।