আমার শিক্ষক প্রফেসর আলী আনোয়ার
রাজশাহী বিশ্ববিদ্যালয় চত্বরে আলী আনোয়ার স্যারের হেঁটে যাওয়ায় ছিল রাজপুত্তুর স্টাইল। বাম হাতের কোল জুড়ে সন্তান বহন করার মতো তাঁর সাথে থাকতো এক গাদা বই; তিনি হাঁটতেন বড়ো বড়ো সৌখিন চুলের সিঁথি কেটে, তাগ্ড়া বীরের তালে। কেবল ইংরেজির ছাত্ররাই নয়, তাঁর এই রাজকীয় হেঁটে-যাওয়া চেয়ে চেয়ে দেখতো মতিহার ক্যাম্পাসের সব বিষয়ের ছাত্ররাই। এমন কি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শামস হক বলতেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় গেলাম আর আলী আনোয়ার স্যারের হাঁটার স্টাইল উপভোগ করলাম না- সে যাত্রায় লাভ হলো কী!
আমি যে সময়ের কথা বলছি, সেটা সত্তর দশকের মাঝামাঝি। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম ১৯৭৪-এর মার্চ থেকে ১৯৭৭ পর্যন্ত। আলী আনোয়ার স্যারের পথ চলা ছিল তৎকালীন মাদার বক্স হলের সামনের কাঁচা রাস্তা ধরে। প্রতিদিন বিকেলে তাঁকে দেখতাম সনৎ সাহা স্যারসহ জুবেরি হলের দিকে হেঁটে যেতে। সনৎ স্যার খ্যাতিমান অর্থনীতিবিদ; কিন্তু সাহিত্যজগতে বড়ো মাপের প্রাবন্ধিক। রবীন্দ্রনাথ বিষয়ে তাঁর পাণ্ডিত্যের খ্যাতি আছে দেশে বিদেশে। আলী আনোয়ার স্যারের একটা লেখা ওই সময়ে পড়লাম কৌশিক আহমেদ সম্পাদিত 'সংবর্ত' নামের ছোট কাগজে; বিষয় বাংলা রেনেসাঁ। রবীন্দ্রনাথ ও জীবনানন্দ দাশ নিয়ে তাঁর লেখা প্রবন্ধ প্রায় প্রতি মাসে দেখেছি দৈনিক সংবাদের সাহিত্য সাময়িকীতে। আমি আলী আনোয়ার স্যারের বাসাতেও যাওয়া আসা করতাম। টুক্-টাক্ কথা বলতাম; উনি সাহিত্যিক ব্যাখ্যা দিতেন তবে দীর্ঘ বক্তৃতা করতেন না। রোববার তখন ছিল সাপ্তাহিক ছুটি। স্যারের বাসায় ছুটির দিন সকালে প্রায়-ই পেতাম দর্শনের হাসান আজিজুল হক স্যারকে। হাসান আজিজুল হক স্যার একদম নীরব থাকতেন, শুধু কথা শুনতেন। তিনি ছিলেন খুবই স্বল্পভাষী, মৃদুভাষী। পরবর্তীকালে আমরা তাঁকে পেয়েছি শ্রেষ্ঠ কথাসাহিত্যিক হিসেবে।
জন ডান-এর এক্সটাজি পড়াতে গিয়ে আলী আনোয়ার স্যার বলতেন, এক্সটাজি আছে পরবর্তী যুগের রোমান্টিক কবি কীট্সের 'ওড টু দা নাইটিংগেল' কবিতায়:
Darkling I listen; and, for many a time
I have been half in love with easeful death,
Called him soft names in many a mused rhyme,
To take into the air my quiet breath;
রবীন্দ্রনাথের 'মরণ রে, তুঁহু মম শ্যাম সমান'-এর সাথে তুলনা করতেন তিনি কীট্স-এর এই মৃতুপ্রেমকে। রবীন্দ্রনাথের বাঁশি কবিতার হরিপদ কেরানি যখন বাঁশিতে করুণ সুর তুলে সেই সুরের মূর্ছনায় আত্মলীন হয়ে যায়, এবং তার "ছেঁড়া ছাতা রাজছত্র মিলে চলে যায় এক বৈকুন্ঠের দিকে," তখন আসে সেই মাহেন্দ্র লগ্ন, এক্সটাজি। কীটসের কবিতায় ইন্দ্রিয়ানুভূতি প্রকাশের দৃষ্টান্ত দিতে গিয়ে তিনি The murmurous haunt of flies on summer eves এমনভাবে আবৃত্তি করতেন যে মৌমাছির মু-মু-মু গুঞ্জনধ্বনি আমাদের শ্রবণে স্পষ্ট হয়ে বাজতো, সেই সাথে মনে হতো, আগের লাইনের dewy wine- শিশিরভেজা মদ, যেন দুই ঠোঁট ভিজিয়ে দিয়ে গেল!
আলী আনোয়ার স্যার ছিলেন ইয়েট্স্-এর কবিতার প্রবল অনুরাগী। ইয়েট্স্ৎ-এর কবিতায় অন্ত্যমিলগুলো অর্ধ-মিল হওয়ার একটা কারণ ছিল। স্যার বলতেন, বৃটিশের সাথে আইরিশ জনগণ পূর্ণ-স্বাধীন নয়, অর্ধ-স্বাধীন। ইয়েট্স্ পূর্ণ-স্বাধীনতার সাথে পূর্ণ-মিল ও অর্ধ-স্বাধীনতার সাথে তাৎপর্য রক্ষা করে অর্ধ-মিলের কবিতা লিখতেন, যেমন
Turning and turning in the widening gyre,
The falcon cannot see the falconer.
'ner' ও 'gyre' অর্ধ-মিলাত্মক। তা ছাড়া ধ্বনিব্যঞ্জনার দিক থেকেও কবিতাটিতে অর্থপূর্ণতা স্পষ্ট, যেমন উদ্ধৃত লাইন দুটিতে ঘূর্ণায়মান বস্তুর বোঁ বোঁ ধ্বনি বুঝাতে ন ধ্বনির পৌনঃপুনিক ব্যবহার আছে।
মনে পড়ে, সত্তর দশকের মাঝামাঝি সময়ে অধ্যাপক হায়াত মামুদসহ যৌথভাবে প্রণীত একটি কিশোর রবীন্দ্রজীবনী গ্রন্থ ছিল আলী আনোয়ার স্যারের। সেটির বর্তমান সংস্করণে স্যারের নাম নেই। তিনি অনেকদিন ধরে অসুস্থ ছিলেন বলেই হয়তো গ্রন্থকার হিসেবে যুগল নামের একটি খোয়া গেছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হোমারের কাব্য প্রসঙ্গে তিনি ১৯৭৬-এ আমাদের বলেছিলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু মুজিবকে নিয়ে বাঙালির মহাকাব্য হবে। বাঙালির মুক্তিযুদ্ধ একটি এপিক প্লট। তাঁর এই বাণীর চল্লিশ বছর পর সত্যি সত্যিই এমন একটি কাব্য বাংলা সাহিত্য দেখেছে যার নাম প্রমিথিউস বঙ্গবন্ধু। আমি এ বইয়ের ভূমিকায় স্যারের প্রতি আমার কৃতজ্ঞতা স্বীকার করেছি। তিনি অনেকদিন নিউ ইয়র্কে প্রবাস জীবনে ছিলেন। আমি ইচ্ছে করেছিলাম তাঁর সাথে একবার দেখা করবো। তা আর হলো না।
তিনি রংপুর কারমাইকেল কলেজে এসেছিলেন ১৯৮৬ সালে, ইংরেজি অনার্স ফাইনালের ভাইভা নিতে। সেবারে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের জন্য ভালো শিক্ষক খুঁজছিলেন। একজনকে তাঁর পছন্দও হয়েছিল, যাঁকে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন। স্যারের সম্মানে আমরা রাজশাহী গিয়েছিলাম, কিন্তু পছন্দের সেই ভদ্রলোক পরে চাকুরি উপলক্ষে বিলেতে চলে যান। রংপুর ভ্রমণের দিনে স্যার আমার বাসায় বেড়াতে আসেন। আমি তাঁকে ই এম ফস্টারের আ প্যাসেজ টু ইন্ডিয়ার একটি ভিডিও সিডি উপহার দিয়েছিলাম।
আমার সেই প্রবলপ্রতাপী প্রভাবশালী ও প্রতিভাবান শিক্ষক আজ আর নেই! তাঁকে অনেকদিন স্মরণ করবে তাঁর হাজার হাজার গুণমুগ্ধ ছাত্র।
