আমাদের সঞ্জীবদা
এই যে আজ তাঁকে নিয়ে লিখতে বসেছি, এই 'লিখতে পারা'র অনেকখানিই তাঁর কাছে শেখা। তিনি আমাদের শিখিয়েছিলেন – কী করে লিখতে হয়। শিখেছি কতটুকু জানি না, তবে তাঁর জানানোর আন্তরিকতা ছিল আকাশের মাপে মাপে।
দার্জিলিং-এর পথে গাড়িতে সামনের সিটে সঞ্জীব চৌধুরী
তিনি সঞ্জীব চৌধুরী – আমাদের সঞ্জীব'দা। কবে তাঁর সাথে পরিচয় হয়েছিল? কোথায়? এই কদিন ধরে নিজের ভিতরে হাতড়াচ্ছি। দুটো ছবি ভাসে আবছা। একটি টিএসসি'র ঘাসে। আরেকটি আজকের কাগজ-এর ঘরে। মনে হচ্ছে, আজকের কাগজেই মুন্নী পরিচয় করিয়ে দিয়েছিল। মুন্নী সাহা আমাদের ভার্সিটি বন্ধু। ও তখন সাংবাদিকতা পড়ে আবার কাজ করে আজকের কাগজ-এ।
আমরা যেতাম আজকের কাগজ-এ মুন্নীর সাথে আড্ডা মারতে। এই দৃশ্যটি বড় উজ্জ্বল হয়ে উঠছে আজ – মুন্নী সব ভুলানো হাসি আঁকা এক ঝাকড়া চুলোকে দেখিয়ে বলেছিল, 'এই আমাদের সঞ্জীব'দা।'
সেই থেকে সঞ্জীব'দা আমারও। এবং আমৃত্যু আমাদেরই ছিলেন। কত স্মৃতি! কত কথা! সঞ্জীব'দা নিজে লিখতেন বাইবেলের ভাষায়। অসংখ্য লেখা আছে তাঁর, 'এবং' দিয়ে শুরু করেছেন তিনি বাক্য। 'এবং তিনি বললেন…' – এ রকম। কখনো সঞ্জীব'দা লিখতেন – 'তবে তাই হোক, এসো আমরা জীবনের কথা বলি…।'
সঞ্জীব'দা আমাদের লেখার কৌশল শেখাতেন, লেখায় শোভনশোভা শেখাতেন, শেখাতেন সাংবাদিকতার অ আ। আক্ষরিক অর্থেই হাতে ধরে শেখাতেন। আমাদের লেখা সম্পাদনা করতে করতে এমন হতো, কাটতে কাটতে লেখাটি তাঁরই হয়ে যেত। আমাদের আর থাকত না। এই 'আমরা' যে কতজন! আজ তাই আমাদের বয়সী, আমারে বয়সের ছোটরা – সবাই কাঁদতে কাঁদতে বলে – দাদার কাছে শিখেছি। আমি, মুন্নী সাহা, মুনীর রানা, তাপস বিশ্বাস, কবির বকুল, তানজিনা হোসেন, তাঁর স্ত্রী প্রজ্ঞা নাসরীন, রাসেল ও'নীল, আবিদা নাসরীন কলি, তাজিন আহমেদ…কতজন! মনে পড়ে, দাদা বলতেন – ছোট ছোট বাক্যে লিখবি, ক্লিশে শব্দ লিখবি না, মজা থাকবে লেখায়, উল্লাস থাকবে…। দাদা, আমাদের যতই লেখার কৌশল শেখান, কী করে পারি 'তবে তাই হোক, তিনি নেই আজ সেই কথা লিখি!'
যেদিন ভোরের কাগজ-এ জয়েন করলাম, মনে পড়ে, সঞ্জীব'দা বুকে জড়িয়ে ধরে বলেছিলেন, 'তুই কিন্তু এখন আমার সহকর্মী।' ভোরের কাগজ তখন নয়া পল্টনের জুয়েল হাউসে। দাদা টেবিল বাজিয়ে গান করতেন। প্রতুল মুখার্জীর 'আলু বেচো কয়লা বেচো, বেচো বাকরখনি, বেচো না বেচো না বন্ধু তোমার চোখের মণি…'। একটি হিন্দি গানের দু'লাইন দাদা গাইতেন। আমার বড় প্রিয় ছিল – 'রে মিত না মিলারে মনকা, তু মিত না মিলা…'। খুব অনুরোধ করে গানটি গাওয়াতাম। গোঁফের নিচে সেই সর্বজয়ী হাসি নিয়ে গাইতেন। আহ, দাদার সেই হাসিটা বড় ভাসে…!
জোড়পুখরীতে সহকর্মীদের সঙ্গে সঞ্জীব। এখানে আশেপাশে সারাক্ষণই মেঘ ঘুরতে থাকে।
তারপর ভোরের কাগজ অফিসটা চলে এল বাংলা মোটরে। তারও পর আমরা চলে এলাম প্রথম আলোয়। দাদা ভোরের কাগজ, আবার আজকের কাগজ হয়ে ফিচার সম্পাদক হিসেবে গেলেন দৈনিক যায়যায়দিন-এ। সেখানে আবার তাঁর সঙ্গী হলাম। দাদার ভাষায় 'সহকর্মী'।
ততদিনে বন্ধুঘেরা ঘরোয়া গায়ক সঞ্জীব'দা সবার গায়ক হয়ে গেছেন। বাপ্পা মজুমদারের সঙ্গে 'দলছুট' গড়ে অসাধারণ সব গান করে যাচ্ছেন। তো সেই সময়ে যায়যায়দিন-এর আমরা ২০ জন গেলাম দার্জিলিং বেড়াতে। দাদার শরীর খারাপ। মন আরো। আগাপাশতলা অভিমানে মোড়া মানুষ, কোথাও যান না। আমরা খুব বেড়াই, ঘুরি। দাদা কোত্থাও যান না। ট্যুরের প্রায় সাত-সাতটা দিনই দাদা হোটেল কক্ষে একলা কাটিয়ে দিলেন। মনে পড়ে তেমনই একদিন… আমার স্ত্রী ঢাকা থেকে ফোন করলেন দার্জিলিংয়ের নর্থ স্টার হোটেলে। আমরা তখন বাইরে ঘুরেটুরে, রাতের খাবার খেয়ে হোটেলে ফিরছি সবে। ঢোকার মুখে হোটেল ম্যানেজার বললেন, 'তোমার স্ত্রী ফোন করেছিলেন, তুমি বাড়িতে একটা ফোন দাও।' স্থির হয়ে গেলাম। পাথর। তাহলে কী হয়েছে! দার্জিলিয়ের হোটেলের ফোন নম্বর তো আমার বাসার কেউ জানে না। তাহলে কী হলো! আমার পাশে অন্য কলিগরাও দাঁড়িয়ে। নিশ্চয়ই খারাপ কোনো খবর! কী সে খবর!
কেউ আমার হাতে ফোনের রিসিভারটা ধরিয়ে দিল। বাসায় ফোন করলাম। গডব্লেস, সব ঠিক আছে। আমার স্ত্রী সাহেবান কী এক দুঃস্বপ্ন দেখেছিলেন। দুঃস্বপ্নতাড়িত হয়ে কী এ দুর্ভাবনায় তিনি ফোন করেছিলেন হোটেলে। শিলিগুড়িতে এক পরিচিতজনের মোবাইল থেকে বাড়িতে একবার ফোন করেছিলাম। সেই মোবাইলে ফোন দিয়ে, তার কাছ থেকে দার্জিলিংয়ের হোটেলের নম্বর নিয়ে তিনি ফোন করেছিলেন। যাক।
রুমে ফিরে দেখি সঞ্জীব'দা তার ব্যাগ-ট্যাগ গুছিয়ে রেডি। আমার বাড়ি থেকে ফোন এসেছিল, তিনি শুনেছেন। অন্যদের মতো তিনিও ভেবেছেন, আমার বাড়িতে খারাপ কোনো কিছু ঘটেছে। এবং ভেবেছেন, তাই যদি হয় তাহলে গিয়াসকে তো বাড়ি ফিরে যেতে হবে। কিন্তু 'তার গিয়াস' তো আর একা যেতে পারবে না! তাই তিনিও তার সাথে যাবেন। তিনি রেডি। এসে আমার কাঁধে হাত রাখলেন। আমি সঞ্জীব'দাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেছিলাম।
মিরিক লেক থেকে ফেরার পথে। একটি খ্রীস্টান কবরের সামনে সহকর্মীদের সঙ্গে সঞ্জীব চৌধুরী। এই স্থানে সঞ্জীব চৌধুরী সহকর্মীদের প্যান্টের পকেটে বৃষ্টির শীলা ঢুকিয়ে আনন্দ করছিলেন।
এই হলেন আমাদের সঞ্জীব'দা – যিনি শরীরের যাতনায়, মনের কাতরতায় একদিনের জন্য ঘর থেকে বেরননি, তিনি পলকে তৈরি হয়েছিলেন আমার দুঃসময়ের সঙ্গী হতে। এই হলেন আমাদের সঞ্জীব'দা- হৃদয় ছিল তাঁর আকাশের মাপে মাপে বোনা। এমন সাদা কাগজের মতো মনের মানুষ আমরা আর পাব না।
তিনি যখন আল-হেলাল হাসপাতালে, ছুটে গেছি। তিনি অ্যাপলোয়, ছুটে গেছি। অসুস্থ সঞ্জীব'দাকে নিয়ে রিপোর্ট লিখতে লিখতে কেঁদেছি। ভিডিও ফুটেজ এডিট করতে করতে কেঁদেছি। টিএসসিতে তাঁর শেষ বিদায়ের দিনে মুন্নী কাঁদতে কাঁদতে বলল, 'সঞ্জীব'দাকে নিয়ে আমাদের এই রিপোর্ট করতে হবে, গিয়াস! তাঁর মৃত্যুর রিপোর্ট!'
মুন্নী কাঁদছিল, আমি কাঁদছিলাম, প্রথম আলোর সুমি আপা কাঁদছিলেন, বকুল কাঁদছিল, তাজিন কাঁদছিল, সংবাদ-এর কলি কাঁদছিল, একুশে টেলিভিশন-এর সুমি খান – দাদাকে তিনি দেখেননি কখনো, গান শুনে শুনে তিনি তাঁর ভক্ত, তিনি কাঁদছিলেন। এত্ত এত্ত মানুষ সেদিন টিএসসিতে – সবাই কাঁদছিল।
কত কিছু মনে হয়, কত কথা মনে হয়, আর আজ আমার খালি এই কথাটা মনে হয় – আমার সরল মানুষ দাদাটা, আগাপাশতলা অভিমানে মোড়া মানুষটা, জানল না সবাই তাঁকে কত ভালোবাসতো! চোখের জল মানুষের আপন আত্মার জিনিস, সেই আত্মাধারা থেকে তাঁকে ভালোবাসতো…!
