২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আবদুল মান্নান সৈয়দ : সৃষ্টিশীলতার সিলেট-পর্ব

আফসান চৌধুরী আফসান চৌধুরী

Published : 05 Sep 2012, 07:30 PM

Updated : 23 Jun 2022, 04:07 PM

সিলেটের গাঢ় সবুজ টিলায় এত নির্জন আবহ যে ভয় হয়; এটা কি পৃথিবী নাকি অন্য কোন গ্রহে এসে পড়লাম! এত সবুজ, আকাশ তার এত অদ্ভুত নীল যেন থমকে যাওয়া কোন চিত্র। বিশ্বখ্যাত কোন চিত্রশিল্পীর আঁকা এই চিত্রকল্পে স্থির হয়ে আছে মান্নানের মুহূর্তগুলো। যাবে না সে কিছুতেই, ঐ নির্জনে তার ভয় করে। ডাক্তার বড় ভাই মঈদ নাছোড়বান্দা। যেতে তোকে হবেই। সরকারী চাকরি। তুই কি পাগল হলি? কেউ ছাড়ে এমন সুযোগ! সাহিত্যই কি সব? আর কবিতা লেখার জন্য এর চেয়ে চমৎকার পরিপার্শ্ব কোথায় পাবি? ট্রেনে তাকে উঠিয়ে দিতে গেল বড় ভাই।


১৯৬৮ সাল। সিলেটের এম.সি. কলেজ। বিশাল নামকরা কলেজ। ট্রেনের ঝিকঝিক শব্দে জীবনের নানা চিত্র ভেসে আসে… ছেলেবেলা, আম্মা, নানা-নানীর আদর, মেজভাইয়ের সাথে লাগালাগি তারপর আবার ভাব, ছোটবোন শাহিনের বকবকানি, বোনগুলির হাসি। ঢাকায় থাকতে সে নিয়মিত তার বোরহানউদ্দিন কলেজের ছাত্র পড়ানোর মাসের বেতন দিয়ে পিঠাপিঠি বোন নার্গিস, শিরিনকে নিয়ে চাইনিজ খেতে যেত। বোনেরা ফ্রাইড রাইসটা পছন্দ করে। ঢাকায় চাইনিজ তখনও নতুন, সে কিন্তু ফ্রিতে দেয়া সুপের বেশীর ভাগটাই খেয়ে ফেলে। নার্গিসটা লম্বা, সুন্দরী। প্রিয়দর্শন এক অগ্রজ লেখক বন্ধুর খুব পছন্দ নার্গিসকে। দুজনকে হয়ত মানাবে খুব। কিন্তু পৃথিবীর কয়টা সম্পূর্ণ সুন্দর চিত্র প্রাণ পায়! সে অসহায়! মানুষ মাত্রই অসহায়। নিয়তি যা করবে তাই-ই ঘটবে। ঘটনা ঘটে যাওয়ার পর মনে হয় এতো সাজানোই ছিল।

কলেজে এসে যোগ দেওয়ার পরে কিন্তু ততটা খারাপ লাগল না। বেশ উঁচু মতো একটা টিলার উপর তারা কয়েকজন সহকর্মী একসঙ্গে মেসে থাকবে। একেকদিন রান্নার ভার একেকজনের ওপর। পরে একটা রান্নার লোক যোগাড় হল। সিলেটে তরুণীরা এত সুন্দরী! কিন্তু এত কম তারা সংখ্যায়। ভোরবেলা ঘুম ভেঙ্গে মান্নান কিছুটা অবাক হয়। তার সহকর্মী স্বাস্থ্যচর্চা করছে। তারও ইচ্ছে হয়। কিন্তু লেখার সময় যদি কম পড়ে! ছন্দে ছন্দে একটা কবিতা মাথায় এলেই হয়েছে তার। একটা গল্পের খসড়া করেছিল গতকাল রাতে। চমৎকার দেখাচ্ছিল লেখাটা। লাইটটা নিভিয়ে দিতে হল বলে…

এ বছর অনেকগুলো গল্প লেখা হয়ঃ চাবি, রুপোলি খুন, বান্দা, বাঘ ইত্যাদি। রবীন্দ্রনাথঃ তার শিল্পসাহিত্যতত্ত্বের ত্রিবেণী লিখল। প্রকাশক স্টুডেন্ট ওয়েজ। এ বছরই তার কবিতা 'হেমন্তে ভুল বৃষ্টি' ছাপা হল কপোত-এর ৩য় সংখ্যায়।

'ইনসমনিয়া : তার দরজা জানালা' ছাপা হল পরিক্রমায়। 'ইনসমনিয়া' কবিতার জন্য ২০ টাকা পেল। এই টাকাটা দিয়ে দুটি নতুন প্যান্ট বানাতে হবে। সিলেট রেডিও থেকে ২৫শে মে নজরুল ইসলামের উপর একটা কথিকা ১০ মিনিটের। পারিশ্রমিক পায় ৩০ টাকা। ঢাকা গেলে কাজে লাগাবে টাকাটা, কিছু বই কিনবে। পরিপ্রেক্ষিতের দাসদাসী উপন্যাস ধারাবাহিক ছাপা হল সমকাল পত্রিকায়।

সত্যের মতো বদমাশ গল্পগ্রন্থটি বের হল নভেম্বরে। যেন একটা আলোড়ন। স্বপ্ন সত্যি হল। সিনেমা, নাটকে দেখা যায় পাহাড়ী মেয়েরা খুব আবেদনময়ী হয়, সিলেটে তো পাহাড়ের অভাব নেই। তবে বাস্তবে পাহাড়ী মেয়েগুলো বড্ড রোগা রোগা, তবে তাতে শ্রমজীবীর লালিত্য মিশে তাদেরকে লাবণ্যময়ী করে তোলে বইকি।

দু-চারদিন ভোরে উঠে সেও ব্যায়াম করলো। বেশ আত্মবিশ্বাসের সাথে ব্যায়াম করলো। বিধিপ্রদত্ত দীঘল শরীর, চওড়া কাঁধ তার। রোগা রোগা ভাবটা চলে গিয়ে বেশ চমৎকার অবয়ব ফুটে উঠেছিল। কিন্তু লেখা তার আজন্ম স্বপ্ন। লেখক সে হবেই । শব্দগুলো হারিয়ে যেতে চায়। অতিরিক্ত শরীরের দিকে ঝুঁকে পড়লে মননচর্চা ব্যাহত হবে তার। চুলোয় যাক শরীর। সে লিখতে চায়। শুধুই লিখতে চায়। এত ভালো যে সে তার লেখাকে বাসে, যা বোধ হয় কোনদিন কোন মেয়েকেও বাসতে পারে নি। তাই মেয়েরা ধরা দিয়েও ধরা দেয়নি তাকে । না! সে সব ছাড়তে পারে সাহিত্যের জন্য। কি যে অভূতপূর্ব স্বাদ পায় সে জীবনানন্দের কবিতা পড়ে, নজরুলের রচনায়, রবীন্দ্রনাথ, লালন ফকিরের গানের কথায় ….
সে বেঁচে থাকতে চায় শুধুই লেখার রেখায়।