২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আহসান হাবীব: আমার কাছে ‘হেরে’ যাওয়া মহৎ কবি

আনা ইসলাম

Published : 10 Jul 2021, 02:06 AM

Updated : 23 Jun 2022, 03:57 PM


তিরিশোত্তর কবিদের পর বাংলার কাব্য-প্রবাহকে নতুন আবেগে তরঙ্গায়িত করেছেন কবি আহসান হাবীব। আধুনিক বাংলা কবিতার নিজস্বতা-চিহ্নিত কণ্ঠস্বর। বিশ শতকের সত্তর দশকে দৈনিক বাংলা এবং আহসান হাবীবকে কেন্দ্র করে আমাদের সাহিত্যের মনন ও পরিশীলতার সূচনা। বহুমান্য কবি তিনি, সাহিত্যের সুক্ষ্ণ বিচারক, বিশ্লেষক। লেখা নির্বাচন, লেখক চেনার বহুশ্রুত অভিজ্ঞ জহুরী। লেখক নির্বাচনে নির্মোহ। আবেগকে প্রশ্রয় দেননি।
সৃজনশীল সাহিত্য চর্চার যে মেধা আবশ্যক, বাক্য গঠনে যে পরিশ্রম, অধ্যাবসায় প্রয়োজন–তরুণ লেখকদের তা আহসান হাবীরের কাছেই শেখা। এক অর্থে সাহিত্যের শিক্ষক, পথপ্রদর্শকও।
গ্রহণ-বর্জনের সংস্কারমুক্ত ক্ষমতা ছিল। বহু প্রথিতযশা লেখকের লেখাও প্রকাশযোগ্য মনে করেননি। অনুসন্ধানী, সংকীর্ণতার উর্ধ্বে সমবেদী ও সংবেদনশীল মানুষ। অনবদ্য গুণের জন্য সাহিত্য সম্পাদনার ইতিহাসে তাঁর তুলনা তিনি নিজেই। আজও স্মরণীয়, আলোচ্য তাঁর সাহিত্য সম্পাদনা। তাঁকে নিয়ে স্মৃতিকথা।

হাবীবভাইকে খুব কাছে থেকে দেখা ও মেলার সৌভাগ্য হয়েছিল। তাঁকে পরিবারের স্বামী, বাবা হিসেবেও দেখেছি। তিনি থাকতেন মগবাজার। আমার বাসাও মগবাজার, ওয়্যারলেস কলোনীর কাছে। কখনও বাড়ি থেকে সোজা গন্তব্য দৈনিক বাংলা, কখনও দৈনিক বাংলা থেকে বিকেলে মগবাজার রেললাইনের ধারে বাড়িতে হাবীব ভাইকে পৌঁছে দিয়ে বাড়ি ফিরতাম রিকশায়। দীর্ঘ সাত বছরের বাহিত সময়ের আছে অনেক মুহূর্তের স্মৃতি।

পরিচয়ের শুরু ১৯৭৮ সালে অক্টোবর মাসের এক বিকেলে। আমার বন্ধু শিলুর (সদ্য প্রয়াত) সঙ্গে গিয়েছিলাম দৈনিক বাংলা পত্রিকার দফতরে। সিলভিয়া প্লাথের একটি বই ফেরত দিতে। কবি মাসুদুজ্জামানের বই। পড়া শেষে কথামত কবি আহসান হাবীরের কাছে দিতে গিয়েছিলাম। সময় করে পরে মাসুদুজ্জামান সংগ্রহ করে নেবে।

দৈনিক বাংলার চারতলার ছোট্ট একটা কক্ষ। ভারি চশমা পরা শুভ্র কেশের সৌমদর্শন একজন বসে আছেন। সিগারেট হাতে নিবিষ্ট প্যাডে, একপাশে লেখার ফাইল। টেবিলে রাখা কাগজ ফ্যানের বাতাসে ফড় ফড় শব্দে উড়ন্ত প্রায়। দর্শনে প্রথম মনে হবে রাশভারী। ঋষির মত ব্যক্তিটি হচ্ছেন কবি আহসান হাবীব। কথা বলতেন মৃদুস্বরে, বলার ভঙ্গিতে থাকত প্রত্যয়। নবীন-প্রবীন লেখক কবিদের পদচারণায় মুখর ছিল তাঁর কক্ষ। অসাধারণ পর্যবেক্ষণ দৃষ্টি, কাজ করতেন এক ধরনের দার্শনিক আত্মবিশ্বাসে। চশমার আড়ালে ধ্যান-সমাহিত মূর্তি, উজ্জ্বল তীক্ষ্ণ দৃষ্টি। নিজের বিবেচনাবোধে আস্থাশীল একজন প্রজ্ঞাবান সাহিত্য সম্পাদক আজও বিরল। যিনি শিক্ষাকে চিহ্নিত করতে পারতেন, প্রকৃত মেধাকে বরণ করতেন দ্বিধাহীন চিত্তে।

দৈনিক বাংলার কিশোর প্রকাশনা "কিশোর বাংলা" আমার লেখা গল্প প্রথম ১৯৭৮ সালে প্রকাশিত হয়। চিত্রকলা বিষয়ে প্রথম লেখা ১৯৭৯ সালে দৈনিক বাংলা-সাহিত্য পত্রিকায়। বিশ্ববিদ্যালয়ে শিক্ষা শেষে দেশে ফিরে প্রদর্শনী করছেন শিল্পী ফরিদা জামান। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ গ্যালারীতে। প্রদর্শনীর উপর ছোট একটি লেখা নিয়ে গিয়েছিলাম। পড়ে শোনাতে বলেন সম্পাদক কবি। পড়া শেষে মৃদু হেসে হাত বাড়িয়ে দেন। বলা প্রয়োজন যে আমার লেখা পছন্দ হলে বা কোন বিষয়ে আলোচনায় সহমত পোষন করলে তিনি হাত মেলাতেন।
শুধু ব্যক্তিগত সম্পর্কগুণে নয়, কৃতগুণেও ছিলেন অসাধারণ ব্যতিক্রমী। এ লেখা তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন, ঋণ স্বীকারও।

দৈনিক বাংলা সাহিত্য সাময়িকীতে নিয়মিত শিল্প-সমালোচনা, গল্প লিখেছি। লিখতে পারা, আর কি করে নির্ভুল লিখতে হয়, সে দিকনির্দেশনা তিনিই দিয়েছেন। দুটো প্যারাগ্রাফের মধ্যেই অনেকগুলো না লেখা প্যারাগ্রাফের ভাবার্থ করে দিতে পারতেন অনায়াসে। বলতেন দীর্ঘ, জটিল বাক্য নয়, ছোট ছোট কাব্য গঠনে গদ্য লিখতে। কোন শব্দ বা লেখা নিয়ে সংশয় থাকলে পরিবর্তন, সংযোজন-বিয়োজনের উপদেশ পেতাম। ব্যক্তিগত স্নেহ বাৎসল্যের প্রভাবমুক্ত মূল্যবোধ তাঁর জীবনের স্বাক্ষর। "সমালোচনা" শব্দ এসেছে "লোচ" ধাতু থেকে। যার অর্থ দেখা। জেনেছি হাবীব ভাইয়ের কাছে।
আমৃত্যু সৌখিন এবং নিপাট ভাল মানুষ, ছিলেন সৎ জীবন যুদ্ধেও। ৩৬ বছর আগে হাবীব ভাইয়ের কাছে যারা যেতেন, তাদের অনেকেই প্রয়াত। তাঁর সান্নিধ্য পেতে উন্মুখ ছিলেন, এখন অনেক কবি, লেখক তাঁকে আর স্মরণ করেন না। এদের মধ্যে দু'একজন অকারণেই তোষামদ করতেন। তিনি পছন্দ করতেন না। কেউ কেউ অতিশয্যে বলেছেন তাঁর সমগ্র কবিতা নিয়ে বিশদ রচনা লেখা শেষ করেছেন। বাস্তবে সে সমস্ত লেখা কোনদিন আলোর মুখ দেখেনি। অকারণ কপটতা, বাচালতা ছিল পীড়াদায়ক। কিন্তু শিষ্টাচার, সৌজন্যের অভিজাত ব্যবহারে তা প্রকাশ করতেন না।

৮০ দশকে "উপমা" নামে একটি সাহিত্য পত্রিকা প্রকাশিত হতো লেখক আতাউল করিমের সম্পাদনায়। ১৯৮২ সালে "উপমা" কবি আহসান হাবীব সংখ্যা প্রকাশ করেছিল। কবির কবিতা সংক্রান্ত বই, প্রবন্ধ, কবির নির্বাচিত কবিতা, কবিকে উৎসর্গীকৃত কবিতা, ইত্যাদি বিষায়াদি নিয়ে সমৃদ্ধ এই ছোট কাগজটি কবির অনুমতি নিয়ে প্রকাশিত হয়েছিল। প্রচ্ছদ করিয়ে দিয়েছিলেন কবি আহসান হাবীব, শিল্পী অলকেশ ঘোষকে দিয়ে। ১৯৮৫ সালে অবিস্মরণীয় সৃষ্টি রেখে চলে যাবার আগে, দেখে গেছেন সে বছর ফেব্রুয়ারী বইমেলায় প্রকাশিত কবি আহসান হাবীবের কবিতা সম্পর্কে লেখা গ্রন্থ নিঃশব্দ বজ্র, কবি তুষার দাশের লেখা। "শ্রেষ্ঠ কবিতা" শিরোনামে আরেকটি বই প্রকাশ করেছিল অনন্যা প্রকাশনী ১৯৯৯ সালের বইমেলায়। মাহবুব সাদিক এবং আবিদ আনোয়ার সংকলিত "শ্রেষ্ঠ কবিতা" কবি আহসান হাবীবের।

দৈনিক বাংলা পত্রিকা অফিসের লিফট মাঝে মধ্যে বিকল। হেটে চারতলায় উঠতে কষ্ট হতো কবির। অনুরোধ করেছিলেন তাঁর কাজের ঘর দোতলায় স্থানান্তরের জন্য। প্রশাসন, তৎকালীন সম্পাদক প্রতিশ্রুতি দিলেও কোন পদক্ষেপ গ্রহণ করেনি। একদিন মগবাজারের বাড়ী থেকে হাবীব ভাইয়ের সঙ্গে দৈনিক বাংলা গিয়েছি, আমি সিড়ি ব্যবহার করতাম। তবে সেদিন লিফট নিয়েছি। পত্রিকার তিনজন কর্মচারীসহ আমরা মোট পাঁচজন লিফটে। চারতলায় উঠার আগেই মাঝ পথে দেয়াল বরাবর লিফট বিকল। বিশ-বাইশ মিনিট পর লোক এসে উদ্ধার করেন আমাদের। তিন তলা থেকে হেটে চারতলা যাই। বন্ধ শ্বাসরুদ্ধকর পরিবেশ, গরমে অসুস্থ হয়ে পড়েছিলেন হাবীব ভাই।

গভীর সৌজন্য বোধের দীক্ষা ছিল বিশ্বাসে ও যাপনের ভূমিতে। লেখা অমনোনীত হলে খামে ভরে অশালীন কথা লিখে পাঠাতো বেনামী ব্যক্তি। রিকশায় অফিস যাবার পথে অশ্লীল ধ্বনি শুনেছেন। অনৈতিক ব্যবহার বা রুচিহীন কথায় কষ্ট পেয়েও তিনি অনুত্তেজিত থাকতেন। সাহিত্য সংস্কৃতি ছিল নিভৃতচারী কবির আত্মার জাগরণ। আনন্দ ছিল চিত্রকলা, ভাস্কর্যের আদিগন্ত ভুবনে, প্রাজ্ঞ মননে। হারবার্ট রীডের "মিনিং অফ আর্ট" (MEANING OF ART) হাবীব ভাইয়ের সংগ্রহে ছিল, পড়তে দিয়েছিলেন। সমালোচনাই শিল্প সাহিত্যের প্রাসঙ্গিকতার প্রতীক বলতেন।

সপ্তাহের আড্ডায় থাকতেন বিশিষ্টজন। সালেহ চৌধুরী, মোহাম্মদ মাহফুজ উল্লাহ, এখলাস উদ্দীন আহমেদ ছাড়াও দৈনিক বাংলার সিনিয়র সাংবাদিক হেদায়েত হোসেন মোরশেদ–স্বল্প সময়ের জন্য প্রায়ই আসতেন। দরজায় দাড়িয়ে কখনো বা বিল সেকশনে যাবার পথে বারান্দা বরাবর জানালায় দাঁড়িয়ে কথা বলতেন। ডঃ আবু হেনা মোস্তফা কামালের সঙ্গেও পরিচয়, হাবীব ভাইয়ের দপ্তরে। আমার লেখা পড়েছেন জানিয়ে সঙ্গে থাকা কেনেথ ক্লাক-এর গ্রন্থ ন্যুড (NUDE) পড়ে দেখার কথা বলেন।


লেখক, মাফরুহা চৌধুরী বসতেন একই কক্ষে। দরজার বাম দিকের টেবিলে, পিছনে বড় জানালা। হাবীব ভাইয়ের টেবিল ছিল ডান দিকে। এক পাশে স্টীলের দেরাজে গচ্ছিত লেখার ফাইল। প্রয়োজনীয় নথিপত্র। একবার তিনি হিসাব বিভাগে গেছেন কাজে। কর্মরত একজন সাংবাদিক দোতলা থেকে এসেছেন সম্পাদকের সঙ্গে কথা বলতে। শিল্পকলা বিষয়ে আমার লেখা নিয়মিত ছাপা হচ্ছে উল্লেখ করে, মত প্রকাশ করলেন সাময়িকীতে সংগীত বিষয়েও লেখা থাকা প্রয়োজন। করুণাময় গোস্বামীর বিশ্লেষণমূলক রচনা প্রকাশিত হতো। তিনিও সংগীত বিষয়ে লিখতে আগ্রহী। হাবীব ভাইকে বলেছিলাম ভদ্রলোকের কথা। তিনি মৃদু হেসে জানান সংগীত বিষয়ে মানসম্পন্ন, প্রকাশযোগ্য লেখা হচ্ছে না বলে তার লেখা ছাপা হয় না। রিপোর্টার ভদ্রলোক ছিলেন বাংলাদেশের একজন বিখ্যাত এবং বির্তকিত ব্যক্তির ছোট ভাই।

চিত্রশিল্পী আতিয়া ইসলাম এনি আমার ছোট বোন। আর্ট কলেজে দ্বিতীয় বর্ষের ছাত্রী তখন। উডকাটে "পিকাসোর" একটি প্রতিকৃতি করেছিল। শিল্পকর্মটি পছন্দ হওয়ায় সাহিত্য পাতায় ছেপেছেন হাবীব ভাই। দুই হাতে দুই পাথর(১৯৮০) গ্রন্থের প্রচ্ছদের জন্য এ্যানিকে বলেছিলেন। কথামতো খসড়া কিছু চিত্র করে দেখিয়েছিল এ্যানি। পরে পরীক্ষার জন্য নির্ধারিত সময়ে কাজটি করতে পারেনি। হাবীব ভাই এই কবিতাগ্রন্থ প্রকাশের পর দিয়েছিলেন আমাদের। বইয়ের সাদা পৃষ্ঠা জুড়ে চিত্রাংকনের মত কয়েকবার লেখা আনা ও এ্যানিকে।

হাবীব ভাইয়ের কথা লিখতে গেলে তার স্ত্রী খাতুন সুফিয়ার কথা বলতে হবে। শান্ত, সুশীলা মমতাময়ী নারী। স্নেহ করতেন খুব আমাকে। দৈনিক দেশ পত্রিকার নারী মঞ্চ "মালঞ্চ" ছিল আমার দায়িত্বে। বিভিন্ন লেখার পাশে বেগম রোকেয়ার রচনা প্রতি সপ্তাহে ধারাবাহিকভাবে প্রকাশ করতাম। ভাবী আগ্রহ নিয়ে পড়তেন, দেখা হলে বলতেন। বাড়ীতে গেলে ব্যস্ত থাকলেও ভাবী কিছুক্ষণ গল্প করে যেতেন। আলমারী ভর্তি বই বিষয়ানুসারে গুছিয়ে রাখার পরিকল্পনা ছিল, আমার সহযোগিতায়। কথামত সাপ্তাহিক ছুটির দিনে গিয়েছি, কাজ করা হয়নি। গল্প-কথায় সময় গড়িয়েছে।

"আহসান হাবীবের কবিতাই আমাদের আধুনিকতা চর্চার প্রকৃত সোপান তৈরী করেছে। তিরিশের কবিরা কবিতায় যে রবীন্দ্রোত্তর ধারা প্রবাহিত করেছেন, আহসান হাবীব তাতেই অবগাহন করেছেন"-হুমায়ন আজাদ

তিরিশোত্তর বাংলা কবিতা ধারার সর্বজন স্বীকৃত আদি পিতৃপুরুষ কবি আহসান হাবীব। সাহিত্য-সংস্কৃতির আবহে কেটেছে বাল্য কৈশোর। লেখালেখির প্রতি আগ্রহ, সেই সূত্রে পুঁথি ছাড়াও বাড়িতে আধুনিক সাহিত্যের বই-পত্র ছিল।
পড়ার আনন্দ থেকে লেখার আগ্রহ অনুভব করেন। স্কুল ম্যাগাজিনে প্রথম প্রকাশিত প্রবন্ধ "ধরম" ১৯৩৩ সালে। পরের বছর ছাপা হয় কবিতা 'মায়ের কবর পাড়ে' পিরোজপুর গভঃ স্কুল ম্যাগাজিনে। এই স্কুল থেকেই এন্ট্রান্স পাশ করেন ১৯৩৫ সালে। ১৮ বছর বয়সে ভর্তি হন বরিশালের বি. এম. কলেজে। দেড় বছর কলেজে পড়ার পর অর্থনৈতিক কারণে পাঠ অসমাপ্ত রাখতে হয়। কবি হওয়ার বাসনা এবং অর্থ উপার্জনের জন্য কাজের খোঁজে কলকাতা পাড়ি ১৯৩৬ সালের শেষ দিকে। কলকাতার সংগ্রামমুখর জীবনের পথ চলায় সাহিত্য চর্চা ছিল চিরসঙ্গী। দৈনিক তকবীর পত্রিকায় প্রথম চাকুরি; ১৯১৭ সালে ২ জানুয়ারী জন্ম নেয়া আহসান হাবীবের জীবনের প্রথম বেতন ছিল ১৭ টাকা। পরবর্তী সময়ে কলকাতায় বুলবুল পত্রিকা (১৯৩৭-১৯৩৮) এবং মাসিক সওগাত পত্রিকায় (১৯৩৯-৪৩) কাজ। প্রায় চার বছর (১৯৪৩-১৯৪৭) আকাশ বাণী কলকাতায় চাকরী।

তাঁর জন্ম বরিশাল জেলার (তৎকালীন) পিরোজপুর মহকুমার শঙ্করপাশা গ্রামে। বাবা হামিজ উদ্দীন হাওলাদার, মা জমিলা খাতুন। তাঁরা ছিলেন পাঁচ ভাই চার বোন। ১৯৪৭ সালের ২১ জুন বিয়ে। স্ত্রী খাতুন সুফিয়া বগুড়া জেলার কাটনাপাড়া নিবাসী মহসিন আলীর কন্যা। কবি আহসান হাবীবের পেশা প্রথম থেকেই ছিল সাংবাদিকতা। ১৯৫০ সালে ঢাকা ফিরে চাকরী নেন দৈনিক আজাদী ও মাসিক মোহম্মদীতে। পরে দৈনিক ইত্তেহাদ এবং সাপ্তাহিক প্রবাহেও কাজ করেছেন। প্রায় সাত বছর (১৯৫৭-১৯৬৪) চাকুরি করেছেন "ফ্রাঙ্কলিন বুক প্রোগামাস"-এ উপদেষ্টা হিসাবে। সর্বশেষ কাজ করেছেন দৈনিক বাংলায় ১৯৬৪ সালে। পত্রিকার প্রতিষ্ঠালগ্ন থেকেই সাহিত্য সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন মৃত্যু পর্যন্ত।

উপন্যাস, গল্প, প্রবন্ধ ছাড়াও ছোটদের জন্য লিখেছেন ছড়া ও কবিতা। সম্পাদনা ছাড়াও অনুবাদ করেছেন বড় ও ছোটদের জন্য। প্রথম কাব্যগ্রন্থ রাত্রিশেষ ১৯৪৭ সালে প্রকাশিত হয়েছিল কলকাতার কমরেড পাবলিসার্স থেকে। কমরেড এর প্রতিষ্ঠাতা ছিলেন বাংলাদেশের শ্রেষ্ঠ ঔপন্যাসিক, নাট্যকার ও ছোট গল্পলেখক সৈয়দ ওয়ালীউল্লাহ। কাব্যগ্রন্থের প্রচ্ছদ করেছিলেন শিল্পাচার্য জয়নুল আবেদিন। এই তিন জনই তাঁদের সৃজনচর্চা শুরু করেন কলকাতায় প্রায় কাছাকাছি সময়ে। কবিতার নির্জনতম শব্দের মত স্বভাব ছিল এই কবির। কোলাহলময় শহরে আয়েশহীন অনাড়ম্বর যাপন। জীবনে পূর্ণতার উপলব্ধি, বেদনার অন্বেষণ ছিল কবিতা। স্নিগ্ধ হৃদয় কবির ধ্যান ও পর্যবেক্ষণের মরমী ছোঁয়া কাব্য গ্রন্থের নামকরণেও। রাত্রিশেষ (১৯৪৭), ছায়াহরিণ (১৯৬২), সারা দুপুর (১৯৬৪), আশায় বাসতি (১৯৭৪), মেঘ বলে চৈত্রে যাবো (১৯৭৬), দু'হাতে দুই আদিম পাথর (১৯৮০), প্রেমের কবিতা (১৯৮১), বিদীর্ণ দর্পণে মুখ (১৯৮৫)। তাঁর উপন্যাস অরণ্য নীলিমা ও জাফরাণী রং , পায়রাসহ সব মিলিয়ে গ্রন্থ সংখ্যা পঁচিশটির মতো। সুকৃতির স্বীকৃতি পেয়েছেন। ইউনেস্কো সাহিত্য পুরস্কার (১৯৬১), বাংলা একাডেমী পুরস্কার (১৯৬১), আদমজী সাহিত্য পুরস্কার (১৯৬৪), একুশে পদক (১৯৭৮)সহ বাংলাদেশের সব উল্লেখযোগ্য পুরস্কার পেয়েছেন।
উপন্যাসিক রাবেয়া খাতুনের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন তিনি। তাঁর সঙ্গে আলাপ করিয়ে দিয়েছিলেন। রাবেয়া খাতুনের বাসাবোর বাড়িতেও গিয়েছি হাবীব ভাইয়ের সঙ্গে। তাঁর চারিত্রিক দার্ঢে্যর পরিচয় পেয়েছি নানা ঘটনায়। ১৯৮১ সালের কথা, পড়া-লেখা, পত্রিকার খন্ডকালীন কাজ নিয়ে ব্যস্ত সময়। বাংলাদেশ লেখক শিবিরের সঙ্গেও জড়িত। সাপ্তাহিক বিচিত্রায় ছিলেন লেখক ও সাংবাদিক শাহরিয়ার কবীর। তিনি লেখক শিবির সংগঠনের সাধারণ সম্পাদক ছিলেন (১৯৭৬-১৯৮০)

তার নির্দেশনায় "লালু" নাটকের মহড়া হতো প্রতি সপ্তাহে, তোপখানা রোডের অফিসে। পরে নাটকটি ফেরুয়ারী মাসের বই মেলার সময় বাংলা একাডেমীর মুক্ত মঞ্চ, শিশু একাডেমী এবং মহিলা সমিতিতে মঞ্চস্থ হয়েছিল। দুই বস্তীবাসী শিশুর গল্প। নাটকে উচ্চ বিত্ত পরিবারের মায়ের চরিত্রে অভিনয় করেছিলাম আমি। মেয়ের ভূমিকায় ছিলেন অভিনেত্রী ফারহানা মিঠু। প্রখ্যাত সাংবাদিক ফয়েজ আহমেদের ভাইয়ের মেয়ে। ব্যস্ততায় দীর্ঘদিন দৈনিক বাংলা যাওয়া হয়নি। এক সন্ধ্যায় অফিস শেষে হাবীব ভাইয়ের অপ্রত্যাশিত আগমন বাসায়। বাড়ি খুঁজে পাওয়াটাও ছিল কাকতালীয়। আমার বন্ধু শিলুর মা-খালা হাবীব ভাইয়ের পূর্ব পরিচিত। তাঁদের বাড়ীর নাম "শিশির বিন্দু" আর পাড়াও চিনতেন। জানতেন আমরা এক পাড়াতে থাকি। সেইভাবে বাড়ি চিনে শিলুর বাসায় গেছেন। পরে হাবীব ভাইকে আমাদের বাড়িতে পৌঁছে দেয়া হয়। দীর্ঘদিন অনুপস্থিত ছিলাম, কোন সংবাদ না পেয়ে তিনি উদ্বিগ্ন ছিলেন। হাবীব ভাইয়ের আগমনে আমার মা, ভাই-বোন সবাই খুশী, আর আমি দায়িত্বহীন আচরণের জন্য ভীষণ লজ্জিত বোধ করেছি। তিনি ছিলেন আমার শিক্ষক, অভিভাবক, বন্ধুও। জল প্রবাহের মত স্বচ্ছ ছিল ভাবনা, যাপিত সময় সম্বন্ধে সচেতন। অনেক সময় মন খারাপের স্রোতের টানে তার সাহচর্যে স্বস্তি পেয়েছি। একজন কবি আমাকে নরম সুরে ভাবের কথা শুনিয়েছিলেন। আমার ঝাঁঝালো চরিত্র। সাড়া না পেয়ে সমপ্রেমী বলে সংশয়, সন্দেহ। সেই গল্পও তাকে বলেছি। সময়ের বৈরিতা কাটিয়ে প্রত্যয়ী থাকার দীক্ষামন্ত্র দিয়েছেন অভিবাবকের মতো।

কবি নাসির আহমেদ তখন আহসান হাবীবের সহকারী। তাঁর নবজাতক সন্তানের অসুস্থাতার জন্য কিছুদিন কাজে অনুপস্থিত ছিলেন। কথামত নির্ধারিত দিনে তার দফতরে যেতাম। সাময়িকীর জন্য নির্বাচিত রচনা বা কবিতা ছেপে পাঠাবার আগে পড়তে বলতেন শব্দ করে। পিয়ন কালাম চা রেখে যেত টেবিলে। বাড়ি থেকে দুপুরে খাবার পাঠানো হতো। সাধারণ সময় খাবার মাছ ভাত সবজি। হজমের সমস্যা হতো কবির মাঝে মধ্যে। আয়ুর্বেদিক পথ্য নিয়ে আলোচনা করতেন মাফরুহা চৌধুরীর সঙ্গে। থানকুনি পাতা, ত্যালাকোচ পাতা অম্বলের ভাল নিদান জেনেছি তাঁদের কাছে। যেদিন বাড়ি থেকে খাবার আনা হতো না, কালামকে দিয়ে বিরিয়ানী আনাতেন আমি খেতে ভালবাসি বলে। খাবার ব্যাপারে সচেতন, স্বল্পাহারী ছিলেন তিনি।

১৯৮০ সালের জানুয়ারী মাস মঙ্গলবার; বিকেলের নরম কমলা রোদ প্রকৃতি জুড়ে। আলাপ হচ্ছিল ডাচ শিল্পীদের চিত্রে আলোর আকুতি নিয়ে। তখন শিল্পী রেমব্রন্টের শিল্পকর্মের আলোচনায় শিল্পীর নামের শুদ্ধ উচ্চারণ নিয়ে বাজি ধরা হলো। ঐদিন দিয়েছিলেন একটি সাদা কালো পাসপোর্ট সাইজের ছবি, পিছনে লিখেছিলন বন্ধু আনাকে, জানুয়ারী ১৯৮০। বাজিতে হেরে পরে উপহার দিয়েছিলেন বই Concepts of Modern Art, পেঙ্গুইন বুকসের; প্রথম প্রকাশ ১৯৭৪ সাল। কালো এবং লাল কালিতে লেখা "বাজি হেরে শর্তানুযায়ী আনাকে হাবীব ভাই (আহসান হাবীব)"


বিন্দু বিন্দু জল মুদ্রার মত অনেক স্মৃতি। কক্সবাজার বেড়াতে গিয়ে আমার জন্য উপহার এনেছিলেন ছোট্ট এক শিশি আতর আর ভাবীর দেয়া কমলা রঙের পুঁতির মালা। আমাদের গল্পের বিষয় ছিল বিবিধ, আলোচনাও নানামুখী। ফেলে আসা গ্রাম। কলকাতার আকাশবাণী চাকুরীর অমলিন স্মৃতি ছিল চেতনায়। গল্প-গাঁথায় বারবার উঠে এসেছে সেই সব
বিষয়। নীলিমাদি, বেলাদি বা শংকর পাশা গ্রামে কৈশোরে ভাললাগা কোন এক কিশোরীর কথা। ভোরের ঝরা শেফালির মত তার স্মৃতি সুবাস ছায়া ফেলেছিল মনে। প্রেম, ভালবাসা, শোক, রীতরাগ, বেদনা অনুরাগ ব্যক্তি সম্পর্কের নানা স্তর; দৃশ্যময় পৃথিবীর আখ্যান ভীড় করত ছোট কক্ষটিতে। টেবিলের উপর কোমল হাতের মুঠোয় ধরা কলম, প্যাডে বিচিত্র লেখার ঘূর্ণি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের বৈরী সময়ে সৈন্যদের মনস্তত্বের বিশ্লেষণ থেকে মানিক বন্দ্যোপাধ্যায়ের সৃজনবেদনার গল্প 'অতসী মামী'–বিষয় থেকে বিষয়ান্তরে চলত ভাবনা বিনিময়ের অবিরাম প্রয়াস। নিউজ প্রিন্টের প্যাডে নীলবল পেনে আঁকা কয়েকটি বিমূর্ত ড্রইং আমাকে দিয়েছেন। তার প্রয়াণের পর কবি নাসির আহমেদ স্মরণসংখ্যা প্রকাশের সময় চেয়েছিলেন। আমাদের বাড়ী বদলের সময় আমার অসাবধানতায় ড্রইংগুলো হারিয়ে যায়। এনিয়ে আছে অপরাধবোধ আর গ্লানি।

দৈনিক বাংলা থেকে হাবীব ভাইয়ের সঙ্গে গিয়েছিলাম মোহাম্মদপুরে। দীর্ঘ দিন ধরে পড়ে থাকা অসমাপ্ত বাড়ী দেখতে নিয়ে গিয়েছিলেন। বাড়ির কাঠামো নির্মাণ শেষ হলেও অর্থাভাবে কাজ বন্ধ হয়ে যায়। আশেপাশের জায়গা জুড়ে সবুজ গাছ-গাছালি। হাবীব ভাই ঘুরে ঘুরে দেখলেন বাড়ির ঘরগুলো; তাঁর শখের স্টাডিরুমসহ। জমি দেখাশোনার দায়িত্বে থাকা লোকটিকে দিয়ে কিছু বেল পাড়া হলো। আমাকেও দিলেন কয়েকটি। সন্ধ্যায় রিকশায় ফেরা; হাবীব ভাইকে রেল লাইন পেরিয়ে বাড়ির গেটে নামিয়ে বাড়ি ফিরি। একজন কবির স্বপ্নের তপোবন! আমাকে আলোড়িত করেছিল। গল্প লিখেছিলাম এই বিষয়কে কেন্দ্র করে। প্রকাশিত হয়েছিল হাবীব ভাইয়ের সাহিত্য পাতায়।
অনাবিল মূল্যবোধ, মাধুর্য, মর্যাদায় অতুলনীয় ছিলেন।

সমাজ, রাজনীতি বিষয়ে নির্লিপ্ত বা নিরপেক্ষ ছিলেন না। আপন বিশ্বাস প্রকাশে ছিলেন সংযত এবং তীব্রও। দেশপ্রেম, অনুভব, রাজনৈতিক বিশ্বাস অক্ষরমালায় গ্রন্থিত। জীবনের নিবিড় নৈঃশব্দময় অভিজ্ঞতা ও অভিজ্ঞান ইতিহাস ছুঁয়ে যায় তার কবিতায়।
"শব্দের মালায় তোমাকে গাঁথতে চাই স্বাধীনতা স্বাধীনতা" (মেঘ বলে চৈত্রে যাব)।
দরিদ্রের রূঢ় বাস্তব চিত্র দেখেছেন। সন্তান-পরিজন নিয়ে সংসারের দায়িত্ব কাঁধে বিরূপ সময়ে বেঁচে থাকা বিত্তহীন মধ্যবিত্তের লেপটে থাকা হিসেবী জীবন। অনেকটা পথ উজিয়ে প্রায় পঞ্চাশ বছর বয়সে জীবনে প্রথম স্থায়ী চাকুরী দৈনিক পাকিস্তান পত্রিকায়। অনিশ্চয়তা, অস্থিতি, অভাব কখনো তাকে সুস্থির হতে দেয়নি। শাসক ও প্রশাসন, পুলিশী হয়রানির ভয়ে আচ্ছন্ন সত্তায়, ক্ষণিকের বিভ্রান্তিতে একটি বিবৃতিতে স্বাক্ষর দেয়া নিয়ে গ্লাণি বোধ ছিল, ছিল মনস্তাপ। কিন্তু তার বিবেক এক লহমার জন্যও নীতিভ্রষ্ট ছিল না। রবীন্দ্রবিরোধী বলে কোণঠাসা করার চেষ্টা করেছেন বহু সুবিধাবাদী প্রগতিশীল বুদ্ধিজীবী। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর ৭৫ পরবর্তী সময়েও তাদের চেহারা দেখা গেছে।

কবিতা তাঁর বিশ্বাসের আরশি। আধুনিকতার বহুমুখী ঐশ্বর্য আত্মস্থ করে তাঁর সৃজনভূবন। মধ্যবিত্তের ক্লিশে প্রাত্যহিকতার ক্লান্তিবোধ উপেক্ষা করতে পেরেছিলেন অনুমেয় বর্ণমালার সাহচর্যে। নিরঞ্জনা নদীতে স্নান করা শুদ্ধ বাঙালী হাবীব ভাই।
৭১ সালের ১০ অক্টোবর সৈয়দ ওয়ালীউল্লাহর প্যারিসে মৃত্যু-পরবর্তী ওয়ালীউল্লাহ্ সংখ্যা প্রকাশ করেছিলেন যা ছিল যথেষ্ট ঝুঁকিপূর্ণ।

মুক্তিযুদ্ধের পক্ষে প্রবাসে ওয়ালীউল্লাহ প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন; ফলে পাকিস্তানী রাষ্ট্রযন্ত্রের রোষানলে চাকুরী হারিয়েছিলেন। অকৃত্রিম বিশ্বাস ও আদর্শের আভিজাত্য প্রাণিতও করেছিল এমন সাহসী পদক্ষেপ নিতে আহসান হাবীবকে। তাঁর সম্পাদনায় আরেকটি গুরুত্বপূর্ণ সংখ্যা ছিল ম্যাস্কিম গোর্কি সংখ্যা। পাকিস্তান আমলের বিষয়। বিবেচনায় এধরণের সংখ্যা প্রকাশ সম্ভব ছিল না। গোর্কির জন্মশতবার্ষিকী সংখ্যা সম্পাদনার আয়োজন-এসবই কবির আশ্চর্য মননের সাহসী শিল্পিত উচ্চারণ ছিল।

আশাহতের বেদনা ছিল অপার হৃদয়ের বিদীর্ণ দর্পণে, ছিল আশাও। একটি গল্প লেখার তীব্র ইচ্ছা ছিল। সৃজনশীল এক সৌমকান্তি পুরুষের কাছে সবাই আসেন সুস্থির হতে। শান্তি পেতে। কেউ ভালোবাসাহীন জীবনের হতাশা, কেউ ভগ্ন হৃদয়ের স্বপ্ন শুনাতে। তিনি তাদের মানসিক শুশ্রষা করেন। সান্তনা, উপদেশে শমিত করেন বিষাদ, বিষণ্নতা। এভাবে জীবনের বহু সময় পেরিয়ে গেছে। অথচ তাঁর নিজেরও ভালবাসাতে, ভালবাসা পেতে ইচ্ছে করে।

৮৫ সালের মার্চ মাসে শেষ বারের মত হাবীব ভাই এসেছিলেন আমাদের বাড়িতে। দুপুরে খাবার নিমন্ত্রণে। পারিবারিক বিশেষ কাজে ভাবীর আসা সম্ভব হয়নি। কথা হয়েছিল পরের মাসে দিন ঠিক করে ভাবীসহ আবার আসবেন। সেদিন আমার বাবাও বাড়িতে ছিলেন। কবির উপস্থিতিতে সবাই ছিলেন প্রসন্ন। খাবার পর কিছু ক্ষণ দিবা-নিদ্রা, বিকেলে চা পর্ব শেষে বাড়ি ফিরে গেছেন। পরিকল্পনামতো ভাবীকে নিয়ে আর আসা হয়নি। মাত্র চার মাস পর জুলাই মাসে অসুস্থ হয়ে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে। ছোট বোন এ্যনি দেখতে গেছে; লেখক হুমায়ুন আহমেদসহ অনেক গুণগ্রাহী ছিলেন সেদিন বিকেলে কবির কাছে। কাজের জন্য যাওয়া হয়নি। কথা ছিল পরদিন ১০ জুলাই যাব। দেখতে গিয়েছিলাম প্রিয় কবিকে হাসপাতালে নয়, বাড়ীতে। রাত্রি শেষ সকালে তাঁর প্রয়াণ সংবাদ রেডিওতে শুনে ছোটখালা প্রভা দুঃসাবাদটি জানান। বুঝলাম রাণী খালের সাঁকো পেরিয়ে অরণ্যের নীলিমায় নীল হয়ে গেছেন কবি আহসান হাবীব।
মগবাজারের বাড়িতে তাঁর ছোট মেয়ে রীনা কাঁদছিলেন। ওঁকে প্রায়ই দেখতাম সাদা শাড়ীতে। সেদিনও পরেছিল সাদা শাড়ি। আগের রাতে স্বপ্নে দেখেছেন বাবাকে ফ্ল্যাটের নিচের আঙ্গিনায় বরই গাছের ছায়ায় রাখা হয়েছে। বনানীতে হাবীব ভাইকে সমাহিত করা হয়।


দু' সপ্তাহ পর শুক্রবার সকালে বনানীতে যাই কবির কাছে। কবরস্থানে কোথাও খালি জায়গা চোখে পড়লা না। অজান্তে মনে হলো আমার বাবা যদি চলে যান কোথায় জমি পাব… আশ্চর্য, অলৌকিক ব্যাপার! ঠিক পরের মাসের ২৮ তারিখে আমার বাবা হঠাৎ চলে গেলেন। তাঁকেও বনানীতে সমাহিত করা হয়। প্রাচীর ঘেরা কবরস্থানের উল্টো দিকে সুদৃশ্য সব লাল-সাদা বাড়ি। কবরস্থানের ফটক দিয়ে বেরিয়ে দেখি রাস্তার পাশে জড়ো করা কাঠালী চাঁপা গাছের ডাল, পাতা ফুলসহ কেটে রাখা। আর্বজনায় ফেলা হবে। অবহেলা, অযত্নে বেড়ে উঠা গাছ। অচেনা ছোট উদ্ভিদ, ফার্ণ তুলে বাড়িতে আনা দীর্ঘদিনের অভ্যাস আমার। কোনটা বেঁচে যেত। কোনটার অকালে প্রাণ হানি। বনানী গোরস্থানের রাস্তা থেকে তুলে আনা কাঠালি চাঁপার ডাল আমাদের মগবাজারের বাড়ির প্রাচীর ঘেষে বুনেছিলাম। সেই গাছ সগর্বে বিকশিত হয়েছে ১৯৮৮ সালের বন্যায় আমার বোনা ছয়ফুট উচ্চতার দুটো ক্যাকটাস গোড়া পচে মরে গেলেও। হাবীব ভাইয়ের স্মৃতিস্বরূপ গাছটা এখনও আছে। পত্রপুস্পে পল্লবিত। কাঠালি চাঁপা গাছের সঙ্গে বেঁচে আছেন হাবীব ভাই, আছে আমার বাবাও।

তাঁর চিরবিদায়ের পর দৈনিক বাংলার চার-তলার যে ঘর ছিল সাহিত্য সম্পাদকের কার্যালয়, লোকে বলতেন "আহসান হাবীবের ঘর"–যাওয়া হয়নি আর। ছুটির দিন দুপুরে, বৃষ্টি পড়ে টাপুর-টুপুর, পাখিরা ফিরে আসে। মঙ্গলবার সারা দুপুর গল্প করা হয় না আর। আমি এখন স্বদেশ ছেড়ে দূর প্রবাসে।
আরোগ্য নিকেতন থেকে প্রস্তুতি ছাড়াই চিরবিদায়।
বলতেন,কেনো যাবো স্বদেশ ছেড়ে বিদেশ বিভুঁইয়ে অন্ধকারে।
প্রস্তুতি বড় কষ্টের, আমার কোন প্রস্তুতি নেই ।।
মেঘ চৈত্রে যাবে বলেই কি সর্বশেষ কবিতায় 'যাবো না" লিখলেন, জীবনের মুক্ত পরিসরে মৃত্যুকে সঙ্গী করে?
প্যারিসের যে এলাকায় বাসা, আটতলার আবাসিক ভবনে ঘরের জানালা দিয়ে দেখি পীত অরণ্যের শেষ সূর্যের কণা, জাফরানী রঙ পায়রা, আর আইফেল টাওয়ারের দিগন্তে স্বপ্নের মত অপরূপ কায়া। রাত্রিশেষ ঝরা পালকের ভস্মস্তুপে বাতিগুলো ছায়াহরিন যেন। কবির কবিতার পংক্তি স্মরণ করেই বলছি-
প্রিয় হাবীব ভাই,
আপনার টবের গাছে ফুল এসেছে?
নেবো? না থাক, রিকশা এলো… যাই।

… …
বুকের মধ্যে সারা সকাল কি যে অকাল বৃষ্টি ঝরে রোজ সকালে।