২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘বেলা বেলা বাড়ি চলে যাও, সমুদ্রে টাইফুন হবে!’

আবেদীন কাদের আবেদীন কাদের

Published : 03 Jun 2021, 12:59 PM

Updated : 23 Jun 2022, 03:57 PM

সম্ভবত '৬৬ সাল, আমি স্কুলের নীচের দিকের ক্লাসে। আমার কাজিন মোজাম্মেল হক মিন্টু সাইকেলের সামনে আমাকে বসিয়ে চালাচ্ছে। সে আমার এক ক্লাস উপরে পড়ে, ফরিদপুর জেলা স্কুলে। আমি জাজিরায়, কিন্তু শীতের দিনে মায়ের সাথে ফরিদপুর যাওয়া হত প্রায় প্রতি বছর। খালা বাড়ি, আর আছে আমাদের পাশের বাড়ির অনেকের বাড়ি। খালা খুব চাপ দিতেন মা বা অন্য খালাদের বা মামাদের যেতে। মোজাম্মেল সাইকেলটা রামকৃষ্ণ মিশন পেরিয়ে, ফিরোজা বেগমদের বাড়ি বাম হাতে রেখে ব্রিজটার ওপরে ডানে মোড় নেয়, এরপর একটু থেমে অনাথের আচার দোকান থেকে কয়েকটি আম ও বরইর আচার কিনে খেতে খেতে সাইকেলে ওঠা। সাইকেলটা ডিসট্রিক্ট কাউসিলের ডাকবাংলো ডান হাতে রেখে, একটু এগিয়ে ছুপিদের বাড়ি ডানে রেখে পাওয়ার হাউজের দিকে যাচ্ছে। এরপর কলেজটা হাতের বাঁয়ে রেখে সোজা চালাচ্ছে সেসব দিনের কায়দে আজম লাইব্রেরীর দিকে। আমি ভাবছি কখন যাওয়া শেষ হবে। পশ্চাদ দিকের ওপর বসে থাকতে ব্যথা করে। লাইব্রেরিতে নেমে মিন্টু (মোজাম্মেল) বলল, চল দুয়েকটা বই পত্রিকা ঘেঁটে তারপর ব্যাডমিন্টন খেলবো। আমার মাত্র এক বছরের বড় মিন্টু, কিন্তু খবরদারি করে প্রায় বাবা কাকাদের মতো। অবশ্য গায়ে গতরে সে আমার থেকে বেশ ভারী।

লাইব্রেরি থেকে বেরিয়ে মিন্টুর সাইকেলটা ডান দিকে বাঁক নিল, চানমারি ছাড়িয়ে রাস্তাটা যে দিকে গেছে সেখানে একটা প্রচুর সুপারি আর নারকেল গাছওয়ালা বাড়ির সামনে থামল, কাদের বাড়ি জানি না, কিন্তু কয়েকজন ব্যাডমিন্টন খেলছেন এই পড়ন্ত বেলায়, আর কয়েকজন দেখছেন দাঁড়িয়ে। দুয়েকটা সাইকেলও দাঁড় করানো, বুঝলাম খেলার ইচ্ছুক আরও কেউ কেউ আছেন। যে চারজন খেলছিলেন, তাদের একজন বেশ সুদর্শন, লম্বা, কোঁকড়ানো চুল। তাকে দেখিয়ে মিন্টু আমাকে বলল, ওই যে দেখছিস, হাবীবুল্লাহ ভাই, এবার ঢাকায় ইঞ্জিনিয়ারিং ভর্তি হয়েছেন, খুব ভাল ছাত্র। আমাদের জেলা স্কুল, এরপর রাজেন্দ্র কলেজ থেকে ভাল রেজাল্ট করেছেন। চেহারাটা মনে দাগ কাটল। এরপর ওখানে কিছুক্ষণ ছিলাম, মিন্টু দুই গেম খেললো। তারপর বলল চল ফিরি ডিসট্রিক্ট কাউন্সিলের ওদিকটায়, শামসুদ্দিন আসবে। আমার কাছে সবাই নতুন। যার সঙ্গে দেখা হয়, তার সম্পর্কে মিন্টু কিছুটা বিবরণ দেয়। তবে দেখলাম মেধাবী ছাত্ররা তার গুরুত্বের বিষয়। শামসুদ্দিনকে দেখে তার কথাবার্তা শুনে খুব মুগ্ধ হয়েছিলাম। সেও সাইকেল চালিয়ে এসেছে। সেকালে জেলা শহরে সব তরুণরাই প্রায় সাইকেল চালাতেন। আমরা একটা চায়ের দোকানে বসে চপ আর চা খেলাম। এর আগে আমি কোনদিন ডিম ও মাংসের কিমা দেয়া চপ কখনও খাইনি। শামসুদ্দিন বেশ সুগঠিত দেহের তরুণ । মাত্র অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে উঠবে, কিন্তু এর মাঝেই দাড়ি কামায়, ঘন কালো চুল, কথাবার্তায় প্রচুর ইংরেজি বলে। কথাবার্তাও বেশ বুদ্ধিদীপ্ত। সেদিন আমি একটি নতুন ইংরেজি শব্দ শিখেছিলাম শামসুদ্দিনের কাছে যা আজও মনে আছে। শামসুদ্দিন অনেক কথার মাঝে একটি ইংরেজি বাক্য বলল, 'The first love of a maiden's life made her mind topsy-turvy'. আমি টপসিটারভি শব্দটি আগে জানতাম না। কিন্তু শামসুদ্দিনের কথা থেকে অর্থটা কিছু আঁচ করতে পেরেছি। জানি না আজকাল হয় কিনা, আমাদের ছেলেবেলায় স্কুলের উপরের দিকের ক্লাসের ছেলেরা আড্ডায় সিনেমা, প্রেম বা মেয়েদের নিয়ে খুব গল্প করতে ভালবাসত।

শীতের ছুটির দুতিন সপ্তাহ ফরিদপুরে ছিলাম সেবার। এরপর প্রতি বছর যাওয়া হয়, তাই মিন্টুর সহপাঠী সুফি, খসরু চৌধুরী, ইউনুস, মুনীর ভাইসহ প্রায় ডজন খানেক তরুণের সঙ্গে পরিচয় হয়, খুব ভাল লাগে। এরপর কয়েক বছর কেটে যায়, আমি মাত্র আই এস সি পরীক্ষা দিয়েছি, ডিসেম্বরের শেষ, বাড়ি যাওয়ার চিন্তা করছি, মা তাড়া দিয়ে খবর পাঠাচ্ছেন। একদিন মালিবাগ চৌধুরী পাড়া গেছি আমার এক কাজিনের বর যেখানে কাজ করতেন কৃষি উন্নয়ন কর্পোরেশনের একটি অফিসে। সেখানে তিনি নির্বাহী প্রকৌশলী। গিয়ে দেখি কয়েক বছর আগে দেখা সুদর্শন যুবক হাবীবুল্লাহ ভাইকে। আমার ভগ্নীপতিকে ফিরোজ ভাই ডাকি, তিনি আবার আমার ভাইয়ের সহপাঠী ও বন্ধু। ফিরোজ ভাই আমার বিস্ময় বুঝে জিজ্ঞেস করেন, 'কাউকে চেনো নাকি এখানে?' আমি বললাম, আপনার অফিসে ওই ভদ্রলোককে ফরিদপুর ব্যাডমিন্টন খেলতে দেখেছি। তিনি হাসলেন এবং বললেন, 'হ্যাঁ , উনি সিরাজী, ফরিদপুরের, মাত্র কিছুদিন আগে জয়েন করেছেন। এসিসট্যানট ইঞ্জিনিয়ার।' এরপর যথারীতি ভুলে যাই। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি, আড্ডা হত আমার ঢাকা কলেজের বন্ধুদের সাথে, যারা অর্থনীতি বা আরও দুয়েকটি বিভাগে ভর্তি হয়েছে। বেশির ভাগ অর্থনীতিতে। বাকীরা কেউ কেউ বিজ্ঞানে, কার্জন হলে তাদের আড্ডা বেশি। আমি কদিন পর জাহাঙ্গীরনগরে চলে যাই, ওখানে ছাত্র কম, আই এস সির স্কলারশিপের বাড়তি ৭৫ টাকা সবার জন্য স্কলারশিপ, তাছাড়া বন্ধুরা বলল কম পড়ে, বা একেবারেই না পড়ে বরং রেজাল্ট ভাল করা যাবে। কিন্তু একটু দূরে বলে, আর বন্ধুরা কেউ সেখানে নেই বলে কোনদিন ক্লাসে যাওয়া হয়নি। আমি আর ওসমান, আমাদের ঢাকা কলেজের সবাই সারাক্ষণ লাইব্রেরি পাড়ায় আড্ডা দেই।
'৭৩ সালের মাঝামাঝি আমার কাজিন বাচ্চাদের নিয়ে কিছুদিনের জন্য ফরিদপুর যান, তখন তার বর ফিরোজ ভাই সহকর্মী হাবীবুল্লাহ সিরাজির সঙ্গে একটি বাসা ভাড়া নেন মালিবাগ চৌধুরী পাড়ায়। সেটি দেখতে স্কুল ঘরের মতো, এক সারিতে তিনটে ঘর, রান্না ঘর আলাদা। একটি তরুণ ছেলে বাজার করে, রান্না করে। হাবীবুল্লাহ ভাই ও তার বন্ধুরা, ফিরোজ ভাইয়ের বন্ধুরা আসে, সারাক্ষণ তাস খেলা, খাওয়া দাওয়া, গান, হাসি তামাসা চলছে। আমি মাঝে মাঝে সেখানে যাই, খাই দাই আড্ডা দেই। ইংরেজিতে ভর্তি হয়েছি শুনে হাবীবুল্লাহ ভাই খুশি, মনে হয় সাহিত্য বিষয়ে আড্ডা হবে ভেবে, কারণ ওখানে যারা আসে নিরানব্বই শতাংশ মানুষ প্রকৌশলী। হাবীবুল্লাহ ভাই তখন কৃষি কর্পোরেশনের একটা রাশিয়ান 'মক' গাড়ি চালাতেন। মনে হত মাটির সঙ্গে গড়িয়ে চলতো গাড়িটা। অনেকদিন পর আমি চাকুরীতে জয়েন করার পর আমাদের বন্ধু ঢাকার জেলা প্রশাসকের দপ্তরে দেখতাম আমাদের বন্ধু রিনি রেজা ঠিক ওরকম একটা 'মক' ব্যবহার করে। একবার একটা কভারেজে ফরিদপুর গেছি, দেখি সেখানে আমাদের আগের ব্যাচের ম্যাজিস্ট্রেট বোরহান ভাই সেই 'মক' গাড়ি চালান, আমাকে নিয়ে শহরে চক্কর দিলেন। অনেক বছর পর দেখলাম আমাদের ব্যাচম্যাট জালাল আহমেদ চাকুরী জীবনের স্মৃতি লিখতে গিয়ে এই 'মক' গাড়ির উল্লেখ করেছেন। হাবীবুল্লাহ ভাইয়ের সাথে এই গাড়িতে আমি বহু আড্ডায় গেছি। তিনিই আমাকে বিজয়নগর রোডে কবি ফজল শাহাবুদ্দিন সম্পাদিত 'বিনোদন' অফিসে নিয়ে যান। সেখানে গিয়ে দেখি শহীদ কাদরী, মাহবুব হাসান, আবিদ আজাদসহ সব তরুণ কবিরাও আড্ডায় আসেন। আমি তখন টুইশানির পাশাপাশি খণ্ডকালীন কাজ খুঁজছি। আড্ডায় কয়েকদিনের মধ্যেই ফজল শাহাবুদ্দিন হয়তো বুঝতে পারেন আমি সাক্ষাৎকার নিতে পারবো। তাই তিনি আমাকে পাঠান বি আই ডি এস-এ অর্থনীতিবিদ ডঃ মাহবুবকে ইন্টার্ভিউ করতে। আমি গিয়ে দুদিনে লম্বা সাক্ষাৎকার নেই সেবারের বাজেট এবং বাংলাদেশের অর্থনীতি বিষয়ে। লিখে জমা দেই। ছাপাও হয়। এছাড়া টুকিটাকি অনুবাদও করি। কিন্তু মুশকিল হল প্রতিশ্রুতি দিয়েও কোন টাকা দেয় না। ফজল শাহাবুদ্দিনের এই আচরণে হাবীবুল্লাহ ভাই কিছুটা বিব্রত হন। একদিন আমি আর হাবীবুল্লাহ ভাই রফিক ভাই (কবি রফিক আজাদ) এর বাংলা একাডেমীর অফিসে গেছি, হাবীবুল্লাহ ভাই তাঁকে বললেন যে ফজল শাহাবুদ্দিন আমার লেখার টাকা দেননি। রফিক ভাই হাসতে হাসতে বললেন, 'তুমি কী কারণে ওকে ওখানে কষ্ট করে লিখতে বলছ। ছেলেটা টাকা পয়সার ওভাবে কাজ খুঁজছে, আর তুমি নিয়ে গেছো ওখানে! টাকার আশা ছেড়ে দাও।'

এভাবেই হাবীবুল্লাহ ভাই তার অফিসের 'মক' গাড়িতে আমাকে বিভিন্ন আড্ডায় নিয়ে যান আর অনেকের সঙ্গে পরিচয় করিয়ে দেন। কিন্তু তাঁর নিজের সঙ্গে আমার তেমন সাহিত্য বিষয়ে কথা হয় না। কারণ তিনি বোধ হয় কবিতা ছাড়া বাংলা সাহিত্যের উপন্যাস, গল্প প্রবন্ধ বা বিদেশি কোন সাহিত্য কিছুই পড়তেন না। আমার ধারণা তাঁর সময়ও কম ছিল, আর ঠিক বইয়ের নেশা বা পড়ুয়া মানুষ বলতে যা বোঝায় তা তিনি কখনই ছিলেন না। স্কুল কলেজের মেধাবী ছাত্র হওয়ার কারণে সহজেই উজ্জ্বল লেখা বা কবিতা তিনি হয়তো বুঝতে পারতেন, কিন্তু মননশীল বিষয়ে তাঁর আগ্রহ ছিল ভীষণ কম এবং বেশিক্ষণ সেসব আড্ডা চালাতেন না, বিশেষ করে '৭৩ সাল থেকে '৮০/৮১ সাল পর্যন্ত যে সময়টাতে আমি তাঁর সঙ্গে খুব ঘনিষ্ঠ ছিলাম। এরপর যোগাযোগ শিথিল হয়ে যায়, কিন্তু রফিক ভাইয়ের আড্ডায় দেখা হলেই আমরা খুব মেতে থাকতাম। '৭৩ সালে চৌধুরী পাড়ায় সেই ব্যাচেলর ডেনে হাবীবুল্লাহ ভাইয়ের আড্ডায় একটি নতুন ঘটনা ঘটে যা আমাদের নিয়মিত হই হই ব্যাপারকে একটু চুপসে দিয়ে একটু লাজুকতায় আচ্ছন্ন করে। একদিন দুপুরের পর খোলা গলায় গান গাইতে গাইতে সেখানে গিয়ে দেখি এক তরুণী বসে আছেন। আমি তো আকাশ থেকে পড়লাম! আমাকে বিস্ময় থেকে উদ্ধার করলেন হাবীবুল্লাহ ভাই তাঁর সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে। তাঁর নাম জোহরা খানম, কিছুদিন পরই জোহরা সিরাজী হন। তিনি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে ভর্তি হয়েছেন। বাড়ি ফরিদপুর। আমি তাঁর পরিবারকে চিনি। জোহরা ভাবী শামসুন নাহার হলে থাকতেন মনে হয়। হাবীবুল্লাহ ভাই তাঁকে তাঁর অফিসের 'মক' গাড়িটা চালিয়ে পৌঁছে দিয়ে আসতেন। এক সময় কী কারণে যেন 'মক' গাড়িটা নেই বা বিকল, কিন্তু কৃষি কর্পোরেশনে বেশ কয়েকটা মিতসুবিশি ট্রাক ছিল, সেগুলো মাঝে মাঝে গাজীপুর কৃষি খামারে পাঠানো হত কী সব কাজে। হাবীবুল্লাহ ভাই মাঝে মাঝে সেই ট্রাকগুলোর একটা চালাতেন। দেখতে বেশ ভাল লাগতো। ঝাঁকড়া চুলের কবি ট্রাক চালাচ্ছেন। একদিন মৌচাকের সামনে দেখি জোহরা ভাবিকে পাশে বসিয়ে চালাচ্ছেন। আমাকে দেখে ডেকে তোলেন, ভাবিকে নামিয়ে দিয়ে আমরা রফিক ভাইয়ের আড্ডায় সামিল হই। আমার ধারণা হাবীবুল্লাহ ভাই এই ট্রাক চালিয়ে বিভিন্ন আড্ডায় যেতেন কিছুটা মজা করতে। তাঁর সঙ্গে আমি হরদেও গ্লাস ফ্যাক্টরিতে রোহিতের বাংলার দোকানেও এই ট্রাকে বসে গিয়েছি। লক্ষ করেছি হাবীবুল্লাহ ভাই দুটো ভিন্ন মেজাজের পানের আসরে বসতেন। কবি লেখকদের সঙ্গে সস্তা বাংলার আসরে, আর তরুণ সদ্য চাকুরিপ্রাপ্ত তাঁর বন্ধু প্রকৌশলীদের সঙ্গে বিলেতি বা কেরু কোম্পানির মদের আড্ডায়। আমি প্রায় সবগুলোতেই তাঁকে সঙ্গ দিতাম। তাঁর জীবনাচার, বা ব্যয়ের ধরনও দুটোতে আলাদা থাকতো। আমি তখনও পানে আসক্ত নই, পানাহারে জড়াই আরও কয়েক বছর পর। এর কিছুদিন পর হাবীবুল্লাহ ভাই বিয়ে করেন দুচারজন বন্ধুকে নিয়ে এবং জোহরা ভাবিকে নিয়ে সেই মালিবাগ চৌধুরী পাড়ার ব্যাচেলর ডেনেই প্রথম সংসার শুরু করেন। কিছুদিন পর তাঁর প্রথম সন্তান লাভ। কিন্তু দুর্ভাগ্য জন্মের পর পরই তাঁর সন্তানটি মারা যায় কোন জটিলতার কারণে। তিনি ও ভাবী ভীষণ আহত হন। তখন এই আপাত উড়নচণ্ডী মানুষটির ভেতরের এক কোমল মানবিক রূপটি বুঝতে পারি। এরপর তাঁর দ্বিতীয় সন্তান , কন্যা সন্তান, যার নাম রাখা হয় অর্চি! হাবীবুল্লাহ ভাই একটু বদলে যান, বেশী গৃহী হন, একটু রুটিন মেনে চলেন।

সেটা সম্ভবত ৭৬ সালের শেষ দিক, একদিন হঠাৎ বললেন, 'কাদের, বেশ কিছুদিন বসা হয় না, চলেন কোথাও বসি। বছর দুয়েক তাঁর বাড়িতে আর পানের আসর বসে না। এখন সেটা সম্ভবও না। তাছাড়া তিনি মনে হয় গৃহশান্তি বিনষ্টের বিপক্ষে, তাই বউকে বেশ ভয়ও পান। বললেন, 'আমার কাছে একটা 'জিনিশ' আছে, দেখেন তো কোথায় বসা যায়।' সেসব দিনে আমি, কবি আলতাফ হোসেন, কবি তপন জ্যোতি বড়ুয়া, আশরাফ উদ্দিন আহমেদ নাসিম ভাই, ও আরও কয়েকজন খুব আড্ডা দেই নিউ মার্কেটের বইয়ের দোকানগুলোর সামনে খালি চত্বরে। আলতাফকে বললাম, কোথাও বসা যায় কিনা, জিনিস আছে! আলতাফ থাকেন রায়ের বাজার টালি অফিস রোডের শেষ সীমানায়, একেবারে ধান ক্ষেত ঘেঁষে একটা এক তলা বাড়িতে এক রুম ভাড়া নিয়ে। বাড়িটা দেখলে মনে হয় কৃষকের বাড়ি, অনেক ধানের পালা, গরু বাছুর আছে। আবার পাশে আলতাফের ঘর থেকে বেরিয়ে জিকাতলা যাওয়ার রাস্তা। আলতাফের বউ ও শিশু কন্যা বাড়ি গেছে। তাই সেখানেই আমরা এক সন্ধ্যায় বসলাম কয়েকজন। আলতাফ গ্লাস, মুড়ি চানাচুর এসবের ব্যবস্থা করলেন, আর সেই ভেট-৬৯ এর বোতলটি খোলা হল। সেদিনের প্রলম্বিত সন্ধ্যাটি সত্যিই খুব আনন্দের ছিল। আলতাফের ক্যাসেটে ভারতীয় কালোয়াতি গান এবং রবীন্দ্রনাথের গান বাজছিল। মাঝে মাঝে আলতাফের দস্ত্যেভস্কির লেখা থেকে দারুণ পাঠ শুনেছিলাম আমরা ক্যাসেটে। মুগ্ধ হয়েছিলাম। কেউ বলে না দিলে বোঝার উপায় ছিল না আলতাফের ইংরেজি পাঠ এত অসাধারণ উচ্চারণে, এটা যে আলতাফের কণ্ঠ! সামান্য কিছুটা খেলেই হাবীবুল্লাহ ভাই মাতাল হতেন সেসব দিনে, আর দুচার মিনিট পরই একটি হিন্দি গান গাইতেন দরাজ গলায়, 'দুনিয়াকে লাথ মারো, দুনিয়া তুমহারা হ্যাঁয়!' আমার কেন জানি মনে হত এটা খুব ভেতর থেকে উঠে আসা হাবীবুল্লাহ একটি আন্তরিক উপলব্ধি। তিনি নিজে জীবন জগত নিয়ে এরকমই ভাবতেন। একদিন পানের এক আসরে আমি তাঁকে গানটি শুরু করার আগে জিজ্ঞেস করেছিলাম, তিনি আসলে একথাগুলো নিজের জীবনে বিশ্বাস করেন কিনা! তিনি কোন জবাব না দিয়ে শুধু হেসেছিলেন।

এসময়টায় হাবীবুল্লাহ ভাই প্রচুর লিখতেন। একটি ছোট লিটল ম্যাগাজিনও বের করেছিলেন দুয়েক সংখ্যা। আমাকে তাঁর সহায়তা করতে বলতেন, কিন্তু আমি খুব একটা উৎসাহ পেতাম না। আমার তখন ঘোর মদিরতা ইউরোপীয় বিভিন্ন ভাষার সাহিত্যের প্রতি। আর যাও বাংলা সাহিত্যের প্রতি টান তা তিরিশ এবং তার পরবর্তী একেবারে নির্বাচিত কিছু লেখকদের প্রতি। আর সাংঘাতিক আসক্তি ছিল পশ্চিম বাংলার কিছু লিটল ম্যাগাজিনের প্রতি, ভিন্ন ধারার লেখার প্রতি। কলেজের এক ঝাঁক বন্ধুদের কল্যাণে এসময় ভারতীয় ও ইউরোপীয় ধ্রুপদী সঙ্গীতের প্রতি আমার আসক্তি জন্মায়। সারাদিন রাত সেসব খুঁজে বেড়াই বিভিন্ন এমব্যাসির সাংস্কৃতিক দপ্তরগুলোতে। এভাবেই আমার সাহিত্য ও শিল্পবোধটা একেবারে বদলে যেতে থাকলো দ্রুত, কিন্তু একমাত্র আলতাফ ও তপনজ্যোতি ছাড়া আমি তেমন কারও সঙ্গে শেয়ার করতে পারতাম না। ইউরোপীয় সাহিত্য নিয়ে কিছুটা ভাবনা বিনিময় হত জাহাঙ্গীরনগরের নাসিম ভাইয়ের সাথে। তিনিও খুঁজে খুঁজে খুব পড়তেন, বুঝতেন আর ভীষণ ছবি দেখতেন। কিন্তু কবি আলতাফ হোসেনকেই আমার মনে হত গভীর শিল্পবোধ সম্পন্ন সংবেদনশীল কবি। লিখতেনও দারুণ গদ্য পদ্য দুটোই। সেদিক থেকে হাবীবুল্লাহ ভাইকে আমার খুব সাধারণ মনে হত, কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে মেধাবী মানুষ। একদিন তিনি জানালেন তিনি উপন্যাস লিখছেন। দ্রুত লিখে একটি উপন্যাস বের করে ফেললেন। নিজের সম্পাদিত লিটল ম্যাগাজিনের শেষ কভারে উপন্যাসটির বিজ্ঞাপন ছাপলেন একটু হাইপারবলিক ভাষায়। একদিন দুপুরে আমার ভগ্নীপতির দপ্তরে গেছি, পাশের রুম থেকে তিনি এসে জোর করে বাসায় নিয়ে গেলেন দুপুরে খেতে। সেখানে উপন্যাসটি দেখলাম স্তূপ করা মেঝেতে। লিটল ম্যাগাজিনটি হাতে নিলাম, দেখলাম বিজ্ঞাপনটি, 'হাবীবুল্লাহ সিরাজী মূলত কবি, কিন্তু কাব্যগ্রন্থ বের হবার আগে বের হল তাঁর উপন্যাস। এতে তিনি চিহ্নিত হলেন সাহিত্যের নতুন এক দ্রাঘিমায়'! আমরা এই বিজ্ঞাপন নিয়ে একটু হাসাহাসি করেছিলাম।

আবার অনেকদিন দেখা নেই হাবীবুল্লাহ ভাইয়ের সাথে, কিন্তু রফিক ভাইয়ের দপ্তরের আড্ডায় দেখা হয়, পুরো মাত্রায় সংসারী মানুষ। বাসা বদল করে মগবাজার টিএন্ড টির মোড়ের কাছে 'হাসনাবাদ' কলোনিতে বাসা নিয়েছেন। এটি একটি গেটেড হাউস ক্যাম্পাস। একদিন রফিক ভাইয়ের দপ্তরে দেখা হলে অনেক কথা জিজ্ঞেস করলেন, বললাম একটা কাজ বা দুয়েকটা টুইশানি ভীষণ দরকার। সম্ভবত ৭৮ সালের গোড়ার দিক। দিন দুই পর আমাকে খবর পাঠালেন আমার ভগ্নীপতির মাধ্যমে। গেলাম তাঁর বাসায় এক রোববার দুপুরে। তিনি আমাকে পাশের বিল্ডিঙয়ে আবদুল বারিক চৌধুরীর বাসায় নিয়ে গেলেন, পরিচয় করিয়ে দিলেন। তিনি ড্রয়িং রুমে দুয়েকজন লোক নিয়ে একটা ব্যালেনটাইনের বোতল থেকে পান করছিলেন, সামনে সামান্য আহার, আর রেকর্ডারে দেবব্রত বিশ্বাসের গান শুনছিলেন। হাবীবুল্লাহ ভাই বললেন, 'বারী ভাই, যার কথা বলছিলাম, তাকে নিয়ে এসেছি।' বারী সাহেব বসতে বলে একটু জড়ানো গলায় বললেন, 'মোদের সাক্ষাৎ হল আশ্লেষার রাক্ষসী বেলায়', আমি দ্রুত জবাব দিলাম, ' সমুদ্যত দৈবদুর্বিপাকে'! তিনি হা হা করে হেসে উঠলেন। বললেন, 'আর কিছু জানার দরকার নেই। তুমি তোমার সময় মত এসে সুবর্ণা আর ধূলিকে পড়িয়ে যেও।' আমাদেরকে পানে যোগ দিতে বললেন, বাইরে থেকে খাবার আনালেন। এরপর থেকে বর্তমানে বড় সরকারী চাকুরী সুবর্ণা চৌধুরী আমার ছাত্র হয়ে গেল, আমি তাঁর গৃহ শিক্ষক। সত্যিই দারুণ লেখে এবং গান করে সুবর্ণা চৌধুরী। আমার জীবনের প্রিয় মেধাবী ছাত্রদের একজন। পরে ইংরেজি পড়েছিল। সত্যিই বিদুষী এবং রুচিবান সংস্কৃতির মানুষ সুবর্ণা! ধূলিও সম্ভবত এমবিএ করে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে চাকুরী করেন বহু বছর।

এবিসিকে নিয়ে অনেক কথা লেখার আছে, খুব কম বয়সে চলে গেছেন, কিন্তু এমন সাহিত্য অন্তপ্রাণ মানুষ আমি জীবনে কম দেখেছি। কবি শামসুর রাহমান থেকে বাংলাদেশের সকল শীর্ষ সাহিত্যিক ও আমলাদের প্রাণের বন্ধু এবং সাংস্কৃতিক জগতের এক বড় মানুষ খুব নীরব আর স্বল্পপ্রচারের গুণী মানুষ।

এভাবেই হাবীবুল্লাহ ভাই শিল্প সাহিত্য নয়, বরং ব্যক্তিগত জীবনে আমাকে ভীষণভাবে সাহায্য করার চেষ্টা করতেন। তিনি জানতেন, তাঁর কবিতা বা গদ্য আমার প্রিয়দের তালিকায় নয়, কিন্তু তাঁর স্নেহ তাতে বিন্দুমাত্র টলতো না। শুধু একবার তাঁর একটি কবিতা '৭৫ সালে প্রকাশিত, 'গণসাহিত্য' পত্রিকায়, যা আমাকে সত্যিই মুগ্ধ করেছিল। কবিতাটির নাম ভুলে গেছি, পরে মনে হয় 'মোমশিল্পের ক্ষয়ক্ষতি' কাব্যগ্রন্থে সেটি নিয়েছিলেন। কবিতাটির প্রথম লাইনটি ছিল, 'জলের দেবতা এসে জেলেকে জানায়/ বেলা বেলা বাড়ি চলে যাও, সমুদ্রে টাইফুন হবে'! কবিতাটি আমার ভাল লেগেছে বলায় শিশুর মত খুশী হয়েছিলেন মনে আছে! কদিন পর 'হাসনাবাদ' কলোনির বাসা ছেড়ে মগবাজার রেললাইনের ঠিক সাথেই একটি এপার্টমেন্ট ভাড়া নিয়ে উঠে যান। সেখানে আমি, কথাশিল্পী আহমদ বশীর ও গল্পকার কাজী হাবীব খুব যেতাম আড্ডা দিতে। মূল এপার্টমেন্টের বাইরে একটা ছোট ঘর ছিল, যেখানে তাঁর প্রকৌশলী বন্ধুরা খুব আসতেন ছুটির সিনে, আর টাকা দিয়ে তিন তাস খেলতেন। হাবিবুল্লাহ ভাই এই প্রকৌশলী বা পেশার বন্ধুদের আর সাহিত্যের বন্ধুদের মাঝে শক্ত একটি দেয়াল দিয়ে রাখতেন সব সময়, যেমন রাখতেন তাঁর পেশাজীবন এবং সাহিত্য জীবনের মাঝে। তাঁর সাহিত্যিক বন্ধুরা তাঁর পেশাজীবন সম্পর্কে খুব বেশি জানতেন না, আমি কিছুটা জানতাম যেহেতু আমার ভগ্নীপতি দিলওয়ার হোসেন বহু বছর তাঁর ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন। বাংলাদেশের প্রকৌশলীদের জীবন অধিকাংশ ক্ষেত্রেই কালিমালিপ্ত থাকে, হাবীবুল্লাহ ভাই নিজেকে তা থেকে খুব বেশি একটা দূরে রাখতে চেষ্টাও করেননি সম্ভবত। আশির গোড়ায় তিনি চাকুরী ছেড়ে দেন, বা ছাড়তে বাধ্য হন। এরপর মতিঝিলে একটি অফিস নিয়ে ব্যবসা শুরু করেন কয়েকজন প্রকৌশলী বন্ধু মিলে। গল্পকার কাজী হাবীব সে অফিসের ম্যানেজার ছিল কিছুদিন। আমি আর বশীর মাঝে মাঝে সেখানে আড্ডা দিতে গেছি।

রফিক ভাইয়ের যে সব কবি সাহিত্যিক খুব কাছের ঘনিষ্ঠ ছিলেন, হাবিবুল্লাহ ভাই ছিলেন তাঁদের একজন। বলা যায় রফিক ভাই ছিলেন তাঁর ম্যানটর। আমার সরকারী চাকুরীতে যোগ দেয়ার পর হাবীবুল্লাহ ভাইয়ের সঙ্গে দেখা সাক্ষাৎ কম হত। শুধু বাংলা একাডেমীতে আড্ডায়, অথবা মাঝে মাঝে নিউ মার্কেটে 'প্রগতির' আড্ডায় আসতেন শুক্রবারগুলোতে রবিউল ভাই বা বেলাল ভাইয়ের সঙ্গে। আড্ডায় এলে অবশ্য খুব প্রাণবন্ত থাকতেন। কবিতা তিনি যে মানেরই লিখুন না কেন, খুব চাইতেন তাঁকে মানুষ গুরুত্বপূর্ণ কবি বলুক, বা প্রতিষ্ঠান তাঁকে পুরস্কার দিক। কিন্তু সেটা হয়তো সবসময় হত না। আমি তাঁর এই খ্যাতির অহেতুক ক্ষুধাকে খুব যে পছন্দ করতাম না তা তিনি জানতেন! দুয়েকবার রফিক ভাইকে বললে, তিনি বলতেন তাঁর স্বভাব অনুযায়ী, 'ক্ষমা ঘেন্না করে দেন ওস্তাদ! কবিরা একটু এমনই হয়।' কিন্তু আশির দশকের গোড়ার দিকে একবার বাংলা একাডেমীর মেলায় তিনি একটু পাগলামি করেন আকণ্ঠ পান করে, কবি সরকার আমিনের শব্দ 'গানলামির' মত, একটু 'কাব্যলামি' করেন মেলা চত্বরে, কারণ সেবার তাঁর পুরস্কার না পাওয়া। এর পরের বছর রফিক ভাই খুব উদ্যোগী হন যাতে হাবীবুল্লাহ ভাই পুরস্কার পান, এর জন্য তাঁর বন্ধু বিচারকদের কাছে কিছুটা উমেদারিও করেন। বিষয়টা আমাকে ব্যথিত করে, 'ইমমরাল' মনে হয়েছে আমার। আমি 'প্রগতির' আড্ডায় কবির ভাই, রবিউল ভাই ও আরও দুয়েকজনের সামনে রফিক ভাইকে খুব তীব্র ভাষায় বিষয়টি নিয়ে কথা শুনাই, তিনি অসহায়ের মতো আমার দিকে তাকিয়ে বলেন, 'ওস্তাদ আমাকে ক্ষমা করে দিন, আমি বন্ধুদের কথা ফেলতে পারিনা।' আমি সেদিন রফিক ভাইয়ের চোখ ছল ছল করতে দেখেছি বেদনায়। পরে আমার ভীষণ খারাপ লেগেছিল বিষয়টির কথা ভেবে।

অনেকদিন ব্যবসা চাকুরী এসব করে হাবীবুল্লাহ ভাই এক সময় সম্ভবত মালয়েশিয়া চলে যান চাকুরী বা ব্যবসা নিয়ে, আমি তখন নিউইয়র্কে। রবিউল ভাই মাঝে মাঝে নিউইয়র্ক এলে হাবীবুল্লাহ ভাইয়ের খবর জানতাম সৈয়দ শহীদের অনন্যার আড্ডায়। আর আমি ঢাকায় গেলে অসীমদার 'ইত্যাদিতে' বা অন্যত্র হাবীবুল্লাহ ভাইয়ের সঙ্গে দেখা হলে বুঝতাম তিনি একই রকম আন্তরিক রয়েছেন। ২০০৫ সালে ঢাকায় গেলে এক সন্ধ্যায় 'ইত্যাদিতে' আড্ডায় গেলে অসীমদা বললেন, 'সিরাজীর স্ত্রীর হার্টের সমস্যা, হাসপাতালে, চলেন দেখে আসি।' সেদিন গ্রীন রোড একটি হাসপাতালে গেলে তিনি খুব খুশী হয়েছিলেন। বহু বছর পর অর্চিকে সেখানে দেখি।

বছর দুয়েক আগে একদিন গভীর রাতে ক্যালিফোর্নিয়া থেকে তিনি টেলিফোন করেছেন, ভাবেননি নিউজার্সিতে তখন রাত কতোটা, আমি ফোন ধরলে অনেক কথা বললেন। মূলত জিজ্ঞেস করলেন, বাংলা একাডেমীর দায়িত্ব নেয়ায় প্রতিক্রিয়া কী! আমি তাঁকে সেদিন জানিয়েছিলাম, এই বয়সে এই দায়িত্ব না নিলেই পারতেন! তিনি খুব বেশি খুশী হননি আমার কথায় মনে হল। বললাম, জায়গাটা খুব জটিল, বদনাম হওয়ার সম্ভাবনা বেশি! ২০১৯ সালে বইমেলায় এসেছিলেন নিউইয়র্কে। মেলার আড্ডায় অনেক কথা হল। সাড়ে চার দশকের বেশি আগে দেখা হাবীবুল্লাহ ভাই খুব বেশি একটা বদলান নি মনে হল । বইমেলায় তিনি বঙ্গবন্ধুকে নিয়ে একটি দীর্ঘ কবিতা পাঠ করেন। আমরা কয়েকজন দাঁড়িয়েছিলাম, সেখানে হাসনাত ভাই, হাসান ভাই এবং আহমাদ মাযহার ছিলেন। হাবীবুল্লাহ ভাই আমাকে নিচু কণ্ঠে জিজ্ঞেস করলেন তাঁর কবিতা পাঠ শুনেছি কিনা, কেমন লাগলো! আমি তেমন কিছু বলিনি। রাজনীতি বা রাজনৈতিক নেতাদের নিয়ে 'মহৎ' কবিতা রচনা সত্যিই কঠিন, যদি না তা ভিন্ন বিষয় হয়, যেমন সুধীন্দ্রনাথ দত্ত লিখেছিলেন, 'স্থবির ভারতে আপ্ত কালান্তর, জিন্নাহ যেহেতু বিমুখ গান্ধীবাদে!'

আমার কাছে কবি হাবীবুল্লাহ সিরাজীর চেয়ে মানুষ হাবীবুল্লাহ সিরাজীই ছিলেন খুব কাছের মানুষ, কোমল, বন্ধুবৎসল এবং ভীষণভাবে ভালোবাসা ও কাব্যখ্যাতির কাঙাল এক হৃদয়! তাঁকে আমি তিনটি সত্তায় দেখি, কবি হাবীবুলাহ সিরাজী, মেধাবী প্রকৌশলী, এবং কোমল এক দরদী বন্ধু হৃদয়। তাঁর কবিতার বিচার করবে মহাকাল, তাঁর সহকর্মীরা বলবেন তাঁর প্রকৌশলী হিশেবে পেশার জীবন সম্পর্কে, আমি শুধু তাঁকে শ্রদ্ধা জানাবো একজন কোমল অগ্রজপ্রতিম বন্ধু হিশেবে, যিনি সত্যিই আমার কৈশোর ও তরুণ বয়সের একজন মেধাবী মানুষ, যার সাহায্যের হাত আমার দিকে প্রসারিত ছিল আমার ছাত্র জীবনে!