২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হোঁচটের পরও যে-জন হাঁটতেন

জাহিদ হায়দার

Published : 04 Nov 2020, 10:04 PM

Updated : 23 Jun 2022, 03:58 PM


পৃথিবীতে এ-পর্যন্ত নির্মিত শ্রেষ্ঠতম ক্যামেরায় যদি দৃশ্যগুলো ধারণ করা যেত, প্রদর্শনীর আগে অসম্পাদিত সেলুলয়েডে যা আসতো : একজন মানুষের শায়িত মুখের কঙ্কালের ভেতর থেকে সর্ব অর্থে জীবিত দুটি চোখ দেখছে,আশপাশে ক'জন মানুষ জীবনের সবরকম প্রবাহের মধ্যে গ্রহণযোগ্য নিয়মে চলমান। এবং সারাদিনে কয়েকবার মানুষটির ছোটো আত্মজা ক্ষমা, ঐ চোখ দুটির সামনে দাঁড়িয়ে, এক আশাবোধ থেকে, ডাকছে: 'বাবা, বাবা'। কম্পমান চোখদুটি, সাড়া দিল বোধ হয় (!), দেখে এবং কখনো স্পষ্ট, কখনো অস্ফূট কণ্ঠ শুনে তার আত্মীয় ও বন্ধুদের ক্ষমা, স্বরের আর্দ্রতা অনুমেয়, টেলিফোনে বলছে : 'বাবা আজ দুটি, আজ তিনটি কথা বলেছে, ডান হাত তুলে টিভি বন্ধ করতে ইশারা দিয়েছিল।' যে-কোনো কথা-স্বর হচ্ছে সেই ধ্বনিময় উচ্চারণ, যা সাক্ষী দেয় জীবন এখনো স্পন্দমান।
এবং এগারো মাস ধরে বিছানায় শোয়া,পারকিনসন ও বয়সজনিত কিন্তু নিয়ন্ত্রিত বহুমূত্র ব্যাধিতে আক্রান্ত, শাদাটে চামড়ায় সেঁটে যাওয়া,হয়তো তখন শরীরের ওজন পনেরো বা ষোলো কেজির কাছাকাছি,পাঁচ ফুট চার ইঞ্চি উচ্চতার কঙ্কাল-কাঠামোর মানুষটি আগের সন্ধ্যায়,পরদিন (১৩ অক্টোবর, ২০২০) সকালে হবে মৃত্যু,তাঁর বড়ো আত্মজা হেমার আশাপীড়িত 'বাবা, বাবা' ডাক শুনে, ক্ষীণ স্বরে দিয়েছিলেন শেষ উত্তর : 'মা'।
লেখাটির শিরোনামে 'পর' শব্দটি পড়বার মুহূর্তে মনে হতেই পারে,একদিনে ঐ 'পর'-এর সৃষ্টি হয়নি। আমরা জানি, একটি পরকে সত্য-দৃশ্যে তৈরী করবার আগে অনেক পথ হাঁটতে হয়।
অগ্রজর পোশাকি নাম রশীদ হায়দার আমি ব্যবহার করবো না, ডাক নাম দুলালও নয়। পরিবারের অন্য অগ্রজরা আমাকে বলতেন, 'তোর বয়স তখন আড়াই বা তিন, দুলাল জুসনারাইতে গলা খুলে ছাদে গান ক্যরতে, কী ভালো গলা ছিলে উয়ের', ঐ বয়সে শুনেছি ছোটরা তাঁকে বলে : 'দাদু ভাই।' তখন মনে হতো, ধলা, সুন্দর ছেলেটির নাম 'দাদু।' দু'একটি কথা বলতে শেখা শিশু যেমন মনে করে, সবসময় তার প্রতি সতর্ক দৃষ্টি রাখা,রাতে ঘুম পাড়াবার জন্য গর্ভজাত চাঁদের কপালে 'চাঁদের টিপ' দিতে চাওয়া, কাঁদলেই কেউ বলে 'ওর মা কই', স্তন্য দেওয়া মেয়েটির নাম 'মা'।
শ্যামল মিত্র ছিলেন তাঁর প্রিয় শিল্পী। 'তোমার সমাধি আজ ফুলে ফুলে ঢাকা','যদি কিছু আমারে সুধাও' এবং 'ভ্রমরা তুই যাসনে সেখানে' তাঁর আবেগঋদ্ধ কণ্ঠে শুনেছি অনেকবার। মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের 'আমি কত যে তোমায় ভালোবেসেছি' গাইবার সময় কেন যে অগ্রজ চোখ বুঝতেন,বুঝিনি।

প্রাণী মাত্রেই হোঁচটের দাস। পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং মানসিক চড়াইউতরায়ে– কতরকম হোঁচটের মধ্যে দিয়ে প্রাণকে হাঁটতে হয়, আর হাঁটা মানেই সামনে যাওয়া। যে-জন হোঁটচ খেয়ে, যা অভিজ্ঞতাকে পুষ্টি দেয়, ঋদ্ধ করে, বসে থাকে, কোনো নির্ভরতার হাত খোঁজে, সেই ঘরানার মানুষ ছিলেন না দাদু ভাই। মনে করতেন, 'শ্রমিকতার বিকল্প নেই।' গীতায় বর্ণিত কর্ম যে-অর্থে ধ্যান, আমাদের এই ভাই ছিলেন তার একনিষ্ঠ সেবক। প্রতিদিনের শ্রমঘামে তাঁর গোসল হতো অন্তত দু'বার।

এই সনের জুলাইয়ের ১৫ তারিখে আশি বছরের, মানসিক নয়,শারীরিক বয়সে পড়েছিলেন। জন্ম : ১৯৪১। 'বুঝলি আমি পৃথিবীতে চলে এসেছি জেনে রবীন্দ্রনাথ ঐ বছরের অগাস্টে জোড়াসাঁকো থেকে ভয়ে স্বর্গে চলে গেলেন', দাদু ভাইয়ের রসিকতা শুনে বলতাম : 'যাবার সময় ভদ্রলোক পাবনার জিলেল পাড়ার বাড়িতে রহিমা খাতুন ও শেখ মুহম্মদ হাকিমউদ্দিনকে তাঁদের চতুর্থ সন্তানের ভবিষ্যত কী হবে, নিশ্চয়ই বলে গেছেন।'
হাপরের বাতাসে লাফিয়ে ওঠা হুশ হুশ আগুনের মধ্যে একটি লৌহখণ্ড ক্রমশ লাল হচ্ছে, কাস্তে, কুড়াল, দা অথবা বটি হবে, সংসারে ঐ-সব কার না প্রয়োজন? দাদু ভাই আজীবন হেঁটে গেছেন জীবন নামের গ্রাহ্য, অগ্রাহ্য আগুনের ভেতর দিয়ে, যদি নিজেকে গড়ে তোলা যায়, পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ব্যবহৃত একটি কর্তব্যনিষ্ঠ সত্তা হিসাবে। যখন যেখানে যে-কাজই করেছেন, যতটুকু করেছেন, তাকে পূর্ণরূপ দেবার চেষ্টা ছিল সৎ। 'ফাঁকি দিয়ে কিছু দূর আনন্দে যাওয়া যায়, নিজেকে সার্থক মনে হয়, কিন্তু একদিন কোনো না কোনো জায়গায় ধরা পড়বেই।' বলতেন।
দেশের বিভিন্ন অবস্থার অবক্ষয় দেখে তাঁর দুঃখ হতো। শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক মাটির মানুষ ছিলেন বলে, সাংস্কৃতিক অবক্ষয়ের প্রসঙ্গ আসলে বলতেন, 'এডোয়ার্ড কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে শেক্সপিয়ারের কোনো না কোনো নাটকের দুটি বা তিনটি এ্যাক্ট মঞ্চস্থ হতো, সেই উনিশশ উনষাট, ষাটে আমিও অভিনয়ও করেছি, যতদূর মনে পড়ে কিং লিয়ারে, সংলাপ বাংলা নয়, এখন ও-সব হয় না, অথচ স্বাধীন দেশে সম্পূর্ণ হ্যামলেট বা রোমিও জুলিয়েট মঞ্চস্থ হওয়ার কথা ছিল।'
কবিতা লিখতেন না,অথচ দর্শনীর বিনিময়ে কবিতা শোনার সংগঠন 'পদাবলি'র গড়ে ওঠা পর্বে কবি আবু জাফর ওবায়দুল্লাহ, উপন্যাসকার মাহমুদুল হক ও কবি রফিক আজাদের সঙ্গে রাত ও দিন নেই,গুরুত্বপূর্ণ সদস্য হিসাবে কাজ করেছেন।
পাবনায় যখনই যেতেন, নস্টালজিয়াকে দৃষ্টিবোধে উপভোগ করতে স্কুল : জিসিআই, কলেজ : এডোয়ার্ড এবং কৈশোর ও প্রথম যৌবনের প্রিয় লাইব্রেরি : অন্নদাগোবিন্দতে কিছু সময় কাটাবার পর পাবনার মিষ্টির ঐতিহ্যের স্বাদ নিতে প্যারা ও রসকদম খেতে বসতেন লক্ষী মিষ্টান্ন ভান্ডারে।
আমাদের পরিবারে সবচেয়ে উচ্চকণ্ঠে হেসে ওঠা মানুষ দাদু ভাই নিজের খাদ্য রুচির স্বাদ-বিচারে মনে করতেন,বাংলার দুটি খাদ্য,গরম ভাত+ঘি+আঠালো লাল আলু ভর্তা এবং সর্ষে ইলিশ পৃথিবীর শ্রেষ্ঠতম খাবার। বাজার করা ছিল তাঁর একটি প্রিয় সখ নয়, কাজ। কোন্ মাছের সঙ্গে কোন তরকারির রসায়ন সঠিক হবে,খুঁটিনাটি জানতেন। পাবনার কোনো মানুষ তাঁর সামনে যদি প্রমিত বাংলায় কথা বলতো,তাকে বলতেন, 'নদীয়ার ভাষায় কথা কও ক্যা ? সেই একষট্টি সালে ঢাকায় আইছি,পাবনার একটা শব্দর উচ্চারণও ভুলি নাই। তুমি ঢাকায় ক্যবে আইছ্যাও ?'
প্রতিটি মানুষের কোনো না কোনো জীবন-দর্শন থাকে, দাদু ভাইয়ের চিন্তার মধ্যে যে-কয়টি ছিল, তার একটি : 'যে-লোক হাসি এডিট করে, সে বেশি জটিল।'
সবরকম, প্রয়োজন ও ব্যবহার মাফিক, পোশাক পরতেন। জানতেন, লুঙ্গির গিঁট ও সবরকম টাই বাঁধার প্রকার ভেদ, ব্রেক স্যুটের কালার কম্বিনেশন। চুলে কলপ দিতেন না। যে-কোনো সাবান দিয়ে শেভ করতেন। একদিন বললাম 'সামনে শেভিং ক্রিম, এনেছেন টোকিও থেকে, ব্যবহার না করে, করছেন কাপড় কাচা সাবান?' 'তুই করিস, আর শোন আইনস্টাইনকে যখন বলা হলো শেভিং ক্রিম ব্যবহার করেন না কেন? উত্তরে তিনি বলেন, সাবান তো সাবানই, তার আবার পার্থক্য কি?'
কখনো বলতাম : 'আপনার গল্প ''কাক'' ও ''বৃহন্নলা'', মুক্তিযুদ্ধর পটভূমিতে লেখা উপন্যাস ''অন্ধ কথামালা'', নাটক ''শেকসপীয়ার দ্য সেকেন্ড'' ও ''গোলাপ গোলাপ'' এবং কিশোর-উপন্যাস ''যদি দেখা পাও'' উত্তম রচনা। ''কাক'' গল্পটি কি হিচককের বার্ডস দেখে লেখা ?' তাঁর উত্তর ছিল দৃঢ়, 'না, তখনো ঢাকায় বার্ডস আসেনি।'
প্রায় সব লেখকই তাদের লেখা পড়ে শোনাতে ভালোবাসেন। যতদিন, এমনকি পরেও যখন সংসার করে আলাদা হয়েছি,দাদু ভাইয়ের লেখার প্রথম শ্রোতা ছিলাম। কখনো ফোনে দু'তিন পৃষ্ঠা শুনতে হয়েছে। 'কী কেমন হলো?' 'ঐ অংশ ভালো লাগলো না।' বললে, বলতেন,'ক্রিটিক হইছো,ঠিক আছে দ্যাপোনে।' পরে দেখেছি,পরিবর্তন করেছেন।
কখনো এরকম কথা হতো : 'আপনার গল্প, উপন্যাস, শিশু সাহিত্য এবং নাটক ভবিষ্যতে কেউ না পড়লেও, এবং বাংলা সাহিত্যের কোনো গবেষক তথ্যমাফিক প্রয়োজনে উল্লেখ করলেও, আগামী প্রজন্ম বলবে : রশীদ হায়দার সম্পাদিত 'স্মৃতি একাত্তর' আমাদের মুক্তিযুদ্ধের ওরাল হিস্ট্রিকাল বাইবেল।' শুনে বলতেন : 'আমার লেখা সাহিত্য না পড়লেও কোনো ক্ষতি নেই, মুক্তিযুদ্ধে যেতে পারিনি, আগামী প্রজন্ম যদি 'স্মৃতি একাত্তর' পড়ে, আর কিছু না হোক, তারা দেশকে ভালোবাসতে পারে, স্বাধীনতার জন্যে জীবনের বিনিময়ে যে-ভালোবাসা দিয়েছিল মুক্তিযোদ্ধারা।'

যুদ্ধের সময় পাকিস্তানী মিলিটারির ক্যাম্প ছিল খিলগাঁওয়ের আনসার হেডকোয়াটার। বিপরীতে, দাদু ভাইয়ের বাসার ড্রয়িংরুমে, বন্দুকের নাকের ডগায় বসে, আমরা ছাপতাম মুক্তিযুদ্ধ, দেশ ও স্বাধীনতা বিষয়ে সচেতনতামূলক,উদ্বুদ্ধকরণ লিফলেট। জন,আমাদের বন্ধু,নারিন্দায় ছিল ওদের প্রেস,পুরো মেটার কম্পোজ করে, কী যত্নে, একটি অক্ষর বা দাড়িকমাও যেন রিকশার ঝাঁকিতে পড়ে না যায়, নিয়ে আসতো। বারবার পায়ে চাপ দিয়ে বীনু, ফেরদৌস, জন, বাবু, সোহেল আর আমি ছাপতাম লিফলেট। যেন সবকিছু স্বাভাবিক, দাদু ভাই বারান্দায় সিগারেট টানছেন, টহলরত পাকিস্তানী সৈনিক তাঁকে দেখছে। এবং ঝরা ভাবী একাধিকবার চা, টোস্ট আর মুড়ি ভাজা দিচ্ছেন। দাদু ভাইয়ের মুক্তিযুদ্ধ বিষয়ক আখ্যান 'খাঁচায়', এখন যা বললাম, পাওয়া যাবে।

১৯৭১। জুলাইয়ের ৯ তারিখ সকালে,ভাবী,দাদু ভাই ও হেনা আপা আমাকে বাসার শেষ সিঁড়ি পর্যন্ত নেমে বিদায় দিলেন। বীনু আর আমি মুক্তিযোদ্ধা হতে আগরতলায় যাবো। ঝরা ভাবী তাঁর আঙুল থেকে আংটি খুলে দিলেন। 'প্রয়োজনে কিক্রি করবে।' দাদু ভাই দিলেন ২৫ টাকা। আমাদের জন্যে মতিঝিলের দোতলা বাসায় অপেক্ষা করছিলেন কামাল লোহানী আর ঢাকায় থেকেও,তাঁকে মুক্তিযোদ্ধা মনে করি, দীপ্তি লোহানী। ঐ দিনগুলোতে দীপ্তি বৌদির হাতের খাবার খেয়ে কত তরুণ যুদ্ধে গেছে।
জিয়া ও দাদু ভাই বাবার বিরুদ্ধে ইতিবাচক ষড়যন্ত্র করে আমাদের লেখাপড়া শেখাতে, মানুষ করতে ১৯৬৪ সনে ঢাকায় নিয়ে আসেন।

আমাদের বাস ছিল ১৪/২ মালিবাগে। একদিন দুপুরে,সাইকেল থেকে দাদু ভাই নেমে মাকে বললেন,'শেখ মুজিবকে আবার ধরেছে।' হাতে ছিল ফ্রি পাওয়া সিনেমার কাগজ চিত্রালী। সোফিয়া লোরেনকে ঐ কাগজে প্রথম দেখি। ভাত খেয়েই, আগে হারিয়েছেন দুটি,তৃতীয় সাইকেল নিয়ে কাজে চলে গেলেন। সন্ধ্যার পর বাসায় ফিরে, কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বুকের তলায় বালিশ। গল্প লিখছেন। লেখার টেবিল নেই।
'হ্যামলেট। ছবি হয়েছে। তোদের দেখাবো।' দাদু ভাই নাজ সিনেমা হলে নিয়ে যাবার আগে, কে উইলিয়াম শেক্সপিয়ার আর নাটকের পুরো গল্পটা বললেন। এবং ১৩৭৪-এর পয়লা বৈশাখে আমাদের নিয়ে সকালে গেলেন রমনার বটতলায়। ছায়ানটের প্রথম নববর্ষ উদযাপন দেখলাম। পরে বুঝেছি, বড়ো দুই ভাই ছোটো ভাইবোনদের সাহিত্য,ভালো ছবি এবং সংস্কৃতির দিকে এগিয়ে দেবার কাজ করেছেন।

তার আগে,দুজন পাবনার দোহারাপাড়া গ্রামে প্রায় নিয়মিত পাঠাতেন পত্রপত্রিকা। যতদূর মনে পড়ে, বাষট্টি তেষট্টিতে আমরা প্রথম দেখি ছোটদের জন্যে, রঙিন, বড়ো আকারের কিছু বই, পড়ে জেনেছি ও-গুলি ছিল রাশান। একটি বইতে ক্যাপসনসহ অনেক ছবি ছিল। নদীতীরে দলবদ্ধ অর্ধ নগ্ন মানুষ। বাঘ সিংহ আর বাইসন তাড়াচ্ছে মানুষদের। ক'জন নারী,শিশু আর পুরুষ ঝুলছে গাছে, নিচে অনেক হিংস্র পশু।
মধ্যরাতে আমার ঘুম ভেঙে গেল। সোনা (জিয়া) ও দাদু ভাই জোরে জোরে হাসছেন,কথা বলছেন। ঢাকা থেকে আসা তার দুই ছাওয়ালকে বসিয়ে মা ভাত বেড়ে দিচ্ছে আর হাসছে। তিনজন আনন্দিত। হারিকেন জ¦লছে। পরদিন ঈদ। দাদু ভাই আমাকে ডাকলেন। ঘুমের চোখ ডলতে ডলতে গেলাম। পাশে বসতেই, 'ভাত খা।' খাইনি। সে-রাতে ঘুমাবার আগে মনে হলো, বড়ো ভাইরা ঢাকায় কী করে?
অনেক পরে,সন ১৯৭৭,অক্টোবরের প্রথম সপ্তাহ, তারিখ মনে পড়ছে না, রাত এগারোটার দিকে নীলখেত মোড় থেকে জিয়াউর রহমানের সৈনিকরা আমাকে তুলে নিল। বন্ধু দিদার ছিল সঙ্গে। ও আর বশীর ঐ রাতে,তখন কারফিউ,হাজীপাড়ায় দাদু ভাইকে খবর দিল। বশীর ও দিদার পরে আমাকে বলেছে, সারারাত দাদু ভাই বারান্দায় হেঁটেছেন,একটার পর একটা সিগারেট খেয়েছেন,ঝরা ভাবীও ঘুমাননি।

আমরা সাত ভাই। উপরে বলা সন পর্যন্ত চার ভাই জেল খেটেছি। পরে আরও এক ভাই খাটবে। জেলের অভিজ্ঞতা হয়নি বলে দাদু ভাইয়ের আফসোস্ ছিল। বলতাম,'আপনি বাড়ির গুড বয়, জেল খাটবেন কি ভাবে?'
ঢাকা সেন্ট্রাল জেল থেকে যেদিন সকালে বের হলাম বন্ধুদের সঙ্গে ছিলেন দাদু ভাই ও লোয়া ভাই (মাকিদ)। রিকশায় ওঠার পর 'কী অভিজ্ঞতা হলো?' দাদু ভাইয়ের হাতের মধ্যে আমার হাত। 'প্রতিটি মানুষের একবার জেল খাটা উচিৎ',বললাম। 'বিশেষ করে লেখকদের,'বললেন দাদু ভাই। 'সিগারেট খা।' দুই ভাই সিগারেট পোড়াতে পোড়াতে,কথা বলতে বলতে,আমিই বেশি বলছিলাম,জেলের অভিজ্ঞতা। তখন জেলে প্রতিরাতে সৈনিকদের ফাঁসী দেওয়া হচ্ছিল। বাসায় আসবার পর ভাবী লাক্স সাবান হাতে দিয়ে বললেন,'ভালো করে গোসল করো,ভাত টেবিলে।' মাতৃশাসন।

একদিন রাত এগারোটায়,বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের ছাত্র তখন,বাসায় ফিরে দেখি ভাবী আমার জন্যে ভাত নিয়ে বসে আছেন। অনেক ভাত আর তরকারী ছিল। দ্রুত সব খেয়ে ফেললাম। ভাবী অবাক। 'ভাত কম হলো? কী হয়েছে তোমার? চোখ লাল কেন?' কিছু বলবার আগেই 'কিছু খেয়েছ?'নেশা করেছি কি না,জানতে চান। 'মুখ থেকে কিসের গন্ধ আসছে।' আর কিছু বলেননি। সকালে দাদু ভাই,'গাঁজা খারাপ না, বেশি খাওয়া খারাপ।' আর কিছু বলেননি।
গত শতকের পঞ্চাশ ও ষাটের দশকে উত্তমসুচিত্রা,দুটি নাম সন্ধিযুক্ত,মধ্যবিত্ত তরুণতরুণীদের,তাঁদের অভিনীত 'বই' না দেখলে নিদ্রা হারাম, ভাত লবণপূর্ণ, রুচিবান যত্নে শিখিয়েছেন : কী ভাবে পরিশীলিত দৃষ্টিতে তাকাতে হয় নারীর দিকে,পুরুষের দিকে। ঐ সুরুচিমান্য ব্যবহার ও আচরণে প্রেমপর্বে, এবং ৫২ বছরের সংসার –জীবনে, সম্মৃদ্ধ হয়ে ছিলেন দাদু ভাই ও ঝরা ভাবী।
মাথার পেছনে ডাবগাছ ও আকাশ। দুজন যে-ভাবে শারীরিক স্পর্শের মধ্যে থেকেও, শ্রীসৌন্দর্য বজায় রেখে স্পর্শহীন, প্রসন্ন, দুজনের দৃষ্টি আগামীদিনের বিভাবের মধ্যে নিবন্ধিত,ঐ ছবি যখন প্রথম দেখি, ভাবীকে বলেছিলাম : 'সুচিত্রাউত্তম।'
দাদু ভাই এবং আমাদের দেখা সর্বংসহা ঝরা ভাবী প্রসঙ্গে কথা হলে বড়োরা বলেন,'দুলালঝরা'। লক্ষ্যণীয়, এখানেও নাম দুটি সন্ধিযুক্ত। ঝরা ভাবী দাদু ভাইকে তাঁর জীবনের জন্যে মনোনীত করেছিলেন, আমার ধারণা, মানুষটি লেখক, সেই জন্যে।
ভাবী মারা গেছেন প্রায় ষোলো মাস আগে,যদি এরকম হতো, ভাবী নয়, দাদু ভাই মারা গেছেন আগে এবং কেউ ভাবীকে বলছেন, 'আপনি বিধবা হলেন।' বোরহেসের মৃত্যুর পর এক সাংবাদিক মারিয়া কোদোমাকে বিধবা হওয়ার কথা বললে, মারিয়া বলেছিলেন, 'প্রেমিকা কি কখনো বিধবা হয় ?' আমি প্রায় নিশ্চিত,ঝরা ভাবীও বলতেন একই উত্তর।
একদিন দাদু ভাই আমাকে বললেন, 'ঝরাকে কিছুই দিতে পারিনি।' আমি বললাম : 'পৃথিবীর শ্রেষ্ঠতম প্রেমিকের সংলাপ।' যেমন অনেক বছর আগে, মনে পড়ে, নিউইয়র্ক থেকে ভাবীকে লিখেছিলেন, 'এই নগরে তোমার জন্যে কিছুই নেই।' ভাবী কথাটি আমাকে বলবার পর, দেখি, তাঁর মুখ দীপ্তিমতী।
'কঠিনেরে ভালোবাসিলাম,সে কখনো করে না বঞ্চনা' কতবার বলেছেন দাদু ভাই,কিন্তু ভাবীর মৃত্যুর পর,পরম আশ্রয় হারানোর হৃদয়-ক্ষত কষ্টে,রবীন্দ্র-উচ্চারণ থেকে নেওয়া ব্রত তিনি আর ধারণ করতে পারলেন না।
'ঝরা নেই,আমি কী করবো?' জীবিতের নিঃসাড় উচ্চারণ। এক চির শূন্যতার মোড়ক দিয়ে দাদু ভাই সবকিছুকে, কী নেই তার মধ্যে, আছে জীবন, সমাজ, রাষ্ট্র, আত্মীয়জন, চিকিৎসা এবং পড়াশোনা– ধীরে ধীরে, বেশ যতেœই,ঢাকতে শুরু করলেন। নির্বাক ও চলৎশক্তিহীন হওয়ার আগে,মানুষের জন্যে সবচেয়ে কঠিন দুটি শব্দ 'হ্যাঁ' এবং 'না' স্পষ্ট কণ্ঠে দৃঢ় ভাবে বলেন,শেভ করেন নিজ হাতে,ডাক্তারের পরামর্শে বিকালে ঘরের বারান্দাতেই চলছে হাঁটা, পড়াশোনায়ও অযতœ নেই।
আজিমপুরে ঝরা ভাবীর কবরে যখন দাদু ভাইকে নামানো হচ্ছিল, আমার মনে পড়ে : সিমপোজিয়ামে বলা প্লেটোর কথা : 'পিপল ও্যয়ার হারমাফ্রোডাইটস আনটিল গড স্পিল্ট দেম ইন টু, এ্যান্ড নাউ অল দ্য হাভস ওনডার দ্য ওয়ার্ল্ড ওভার সিকিং ওয়ান এ্যানাদার. লাভ ইজ দ্য লঙ্গিং ফর দ্য হাফ অব আওয়ারসেল্ভস্ উই হ্যাভ লস্ট।' দার্শনিকের বাক্যের শেষে যোগ করা যায় : বিচ্ছিন্ন দুজন পরস্পরকে খুঁজে পেয়েছে, তাঁদের প্রেম কবরেও একত্রিত।
দাদু ভাই ও ঝরা ভাবীর কাছে আমি ছিলাম ১৯৬৯ থেকে '৮০ পর্যন্ত। আমাদের ভাইবোনদের সম্মানজক মাটির উপর দাঁড় করিয়ে দেবার জন্যে,প্রথমে জিয়া ও দাদু ভাই এবং পরে যোগ দিয়েছিলেন ঝরা ভাবী,এখন তিনজনই প্রয়াত, উদয়াস্ত শ্রম দিয়ে যে-ভিত তৈরী করে গেছেন,তার নাম হতে পারে : আশ্রমের ছায়া।
সবাই জানে, প্রিয়জনের জন্যে কথা ও বাক্যের ক্রিয়াপদে অতীতকাল ব্যবহার হাহাকার-সঞ্চারী।
অক্টোবর : ২০২০