২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিদায় প্রিয় রশীদ ভাই

শামীম আজাদ শামীম আজাদ

Published : 14 Oct 2020, 01:37 PM

Updated : 23 Jun 2022, 03:58 PM


বাংলাদেশের লেখালেখির যুদ্ধমাঠে ওঁরা পাঁচ ভাই যেন পঞ্চ-পান্ডব। একথা তখন সবাই বলতো। আমি এ'কথা বলতাম ওঁদের সর্ব-কনিষ্ঠ ভাই কবি জাহিদ হায়দারকে। জাহিদের ডাক নাম স্বপন। ওরা চারজনই কবি। এক মাত্র রশীদ ভাই গল্পকার।
বলছি সত্তর সালের শেষের দিকের গল্প। আমরা থাকতাম রিক্সার টুংটাং ভরা ধানমন্ডিতে। জিয়া ভাই তখন চাটগাঁ বিশ্ববিদ্যালয়ে পড়ান। নাটক আর কবিতা লেখেন। মাকিদ ঢাকায়। স্টেডিয়ামের উপরে একটি বানিজ্যিক অফিসে কাজ করে আর গল্প কবিতা লেখে। জন্মই আমার আজন্ম পাপ-এর কবি দাউদ তখন বার্লিনে নির্বাসিত। দাউদ আমার সমসাময়িক হলেও আমার বন্ধুত্ব হল মাকিদের সঙ্গে। তার অফিস থেকে প্রায়ই সে চলে আসতো আমার অফিস সাপ্তাহিক বিচিত্রাতে। তারপর কাজ শেষে আমি আর মাকিদ রিক্সা দিয়ে এ পত্রিকা অফিস থেকে ও পত্রিকা অফিস যেতাম। ফুচকা খেয়ে বইয়ের দোকান দেখে ফিরতাম। সে সময় আমি সিরিয়াসলি গল্প লিখি, কবিতা না। মাকিদ আমার গল্প নিয়ে সিকান্দার আবু জাফর ভাইর কাছে দিয়েছে। আমার গল্প তিনি পছন্দ করেছেন। সে গল্প সমকালে উঠবে। আমি তার প্রতীক্ষা করি। আর ওদের একমাত্র বিবাহিত ও সুখী ভাই রশীদ ভাইয়ের বাড়ির গল্প শুনি।

সম্ভবত রশীদ ভাইও ধানমন্ডিতে থাকতেন। স্বপন সপ্তাহান্তে রশীদ ভাইয়ের বাসা থেকে ভুনা খিচুরী আর ডিম ভাজি খেয়ে হলে ফেরার আগে আমাদের বাসা ঘুরে যেতো। সঙ্গে আসতো ওর বন্ধু আবু সাঈদ জুবেরী। একজন তরুণ কবি অন্যজন তরুণ গল্পকার। রশীদ ভাইয়ের বাসা থেকে ফিরছে বলে শুরুটা হত ভাবী ও তাদের কন্যার গল্প দিয়ে। তারপর সে বাড়ির খাবার দাবার থেকে এক সময় ওদের পাঁচ ভাইয়ের গল্প, পাবনার গল্প, এবং পাবনার কৃতি সন্তান আবু হেনা মোস্তফা কামালের কিংবদন্তী ও ওদের বড় ভাই জিয়া হায়দারের নাটক ও তার কাহিনী এবং কৌতুকে আমাদের পুরো বিকেলটা ভরে দিতো।

জিয়া ভাই লন্ডনে এলে আমার পার্থ রোডের বাসায় ছিলেন। ভীষণ সিগারেট খেতেন। আমি তাকে ঘরের ভেতর খেতে দিতাম না। তিনি প্রায়শঃ কৌতুক করে বলতেন, একজন কবিতে বিলেতের শীতে তুমি ঘর থেকে বাইরে বের করে দিয়ে ভাল করছো না শামীম! তোমার এই নির্মমতা কিন্তু লেখা হবে! কিন্তু দ্রুত সিগারেট শেষ করে ভেতরে ফিরে এলে আজাদসহ রাতভোর চলতো আমাদের আড্ডা। আর এর বেশিভাগ জায়গা জুড়ে থাকতেন রশীদ ভাই।

আশ্চর্য এই যে দাউদের সঙ্গে বার্লিনে ঘোরাঘুরি হলেও, সেই রশীদ ভাইয়ের গল্প করলেও, একমাত্র রশীদ ভাইয়ের বাসায়ই আমার যাওয়া হয়নি- বা তিনি কখনো আমাদের বাড়ি আসেন নি।
কিন্তু তাঁর সঙ্গে দেখা হলে বুঝতাম আমার কোনো গল্পও তার অজানা নেই।
সুপুরুষ রশীদ ভাই, ভরাট কন্ঠের অধিকারী ছিলেন। বাংলা একাডেমির আড্ডায় তাঁর হাসি ও গল্প ছিল অনন্য। তিনি হাঁটতেন ঋজু ভঙ্গিতে। দাঁড়াতেন শক্তভাবে। লিখতেন বলিষ্ঠ কলমে মুক্তিযুদ্ধের গল্প। বাংলাদেশের বাংলা সাহিত্যে রশীদ হায়দারের মুক্তিযুদ্ধ এক অনন্য স্থান জুড়ে নিয়েছে। জুড়ে থাকবেও।
মাত্র কদিন আগে চলে গেছেন আরেক প্রধাণ লেখক রাহাত খান। রফিক আজাদ, বেলাল চৌধুরী, রবিউল হাসান, রশীদ হায়দার। কেউ আর নেই! এদের সাহচর্যে লিখতে নেমেছি বলে মাঝে মাঝে প্রশ্ন জাগে আমিও কি আছি? আমাদের সেই যুগ কি হয়ে গেল বাসি? জানি না। তবে এ জানি তাঁদের লেখাগুলোই তারা হয়ে থাকবে- বাংলাদেশের সাহিত্য আকাশে।
ভালো থেকো রশীদ ভাই। অনেক ভালো থেকো।