২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

স্মৃতিতে সমুজ্জ্বল সাংবাদিক ঔপন্যাসিক নিমাই ভট্টাচার্য

আহ্সান উল্লাহ্

Published : 26 Sep 2020, 09:02 PM

Updated : 23 Jun 2022, 03:58 PM


ঘটনাটা বেশ অনেক দিন আগের। ১৯৮২ সালের কথা। আমি তখন ভারত বিচিত্রার সম্পাদক। পত্রিকার কপি রেডি করতে ২০/২২ দিন লেগে যায়। ভারত বিচিত্রা তখন ছাপা হত মতিঝিলে দৈনিক বাংলার বাণীর প্রেসে। প্রেসে পত্রিকা ছাপা সম্পর্কিত বিভিন্ন কাজকর্ম দেখাশুনা করা, গেটআপ-মেকআপ দেয়া, ছাপার কাজ তদারকি করা। তখন ভারত বিচিত্রার প্রুফ দেখতেন সর্বমহলে সুপরিচিত ফরহাদ খাঁ। পরবর্তীকালে দৈনিক জনতায় তাকে আমি বার্তা বিভাগে নিয়ে নেই।
একদিন বাংলার বাণীর প্রেসে দোতলায় উঠতেই প্রেসের কেউ একজন বললেন, তিনতলায় নিউজ সেকশনে যান। কে এসেছে দেখেন গিয়ে। প্রশ্ন করলাম কে এসেছে?
গিয়ে দেখেন কে এসেছে!
ঔৎসুক্য নিয়ে নিউজ সেকশনে গেলাম। ভারত বিচিত্রায় চাকরিতে যাওয়ার আগে আমি বাংলার বাণীর নিউজ সেকশনে শিফট ইনচার্জ ছিলাম। কাজেই সেখানকার সবাই আমার পরিচিত এবং বন্ধু-বান্ধব ও সাবেক সহকর্মী। বার্তা কক্ষে গিয়েই দেখি নিমাই ভট্টাচার্য টেবিলের উপরে বসেছেন, পা ঝুলিয়ে। আর বাংলার বাণীর সাংবাদিকরা সামনের চেয়ারগুলোতে বসা। এর আগে আমি নিমাই বাবুকে কখনো না দেখলেও পত্রিকায় অথবা বইতে তার ছবি দেখায় আমি এক লহমায় তাকে চিনে ফেললাম।

নিমাই বাবু সোজা কথায় বাংলার বাণীর বার্তা কক্ষে আসর গুলজার করে বসেছেন। আমি একটা চেয়ার টেনে এনে বসে পড়লাম। নিমাই বাবু কথার রাজা। আসর মাত করে গল্প করছেন। সবাই আগ্রহ নিয়ে তার কথা শুনছে। বিভিন্ন বিষয়ের উপর কথা বলছেন। নিমাই ভট্টাচার্য যশোরের বর্তমানে মাগুরার শরুশুনা গ্রামের লোক। শরুশুনা আমার মামাবাড়ি এবং ঐ গ্রামেই আমার জন্ম। ফলে তাঁর বিষয়ে আমার কিছু ধারণা ছিল। আর ঐ সময় তার বেশকিছু উপন্যাস ঢাকায়, শুধু ঢাকা নয় বাংলাদেশের সর্বত্র অর্থাৎ ফুটপাত থেকে শুরু করে বিভিন্ন বইয়ের বা পত্রিকার স্টলে ও লাইব্রেরীতে প্রচুর পরিমাণে বাংলাদেশে ছাপা এডিশন বিক্রি হচ্ছিল। তার বইয়ের কাটতিও ছিল বিপুল। ফলে নিমাই বাবু বাংলাদেশেও সুপরিচিত ছিলেন।
বাংলার বাণীর ঐ আড্ডার আসরে অনেকেই উপস্থিত ছিলেন। শফিকুল আজিজ মুকুল, ফকির আব্দুর রাজ্জাক, বিমান ভট্টাচার্য, ওয়াহিদুর রশিদ মুরাদ, আজিজ মিছির ভাই, ওয়াকিল আহমদ, আবু তাহের আরো অনেকে।
আড্ডায় একতরফা কথা বলে যাচ্ছিলেন নিমাই ভট্টাচার্য। কথার মধ্যে হঠাৎ শফিকুল আজিজ মুকুল প্রশ্ন করে বসলেন, আচ্ছা দাদা পশ্চিমবঙ্গের ইন্টেলেকচুয়ালরা তো আপনাকে তেমন বড় লেখক বলে মনে করেন না আর পাত্তাও দিতে চান না। এ ব্যাপারে আপনার বক্তব্য কি?
শফিকুল আজিজ মুকুল বাংলার বাণীর এ্যাসিস্টেন্ট এডিটর এবং বইপত্র পড়া লোক। তার প্রশ্নটা বিব্রতকর। এরকম একটা প্রশ্ন সম্ভবত নিমাই বাবুও আশা করেননি। আমরাও কিছুটা বিব্রত।

নিমাই ভট্টাচার্য তুখোড় রিপোর্টার। তার উপস্থিত বুদ্ধি, শানিত কথাবার্তার কারণে নেহরু, শ্যামা প্রসাদ মুখার্জী থেকে শুরু করে লালবাহাদুর শাস্ত্রী, সর্বপল্লী রাধাকৃষ্ণ, কৃষ্ণ মেনন, ইন্দিরা গান্ধীসহ শত মন্ত্রী, এমপি ও রাজনীতিবিদদের সঙ্গে তার ওঠাবসা ও বন্ধুত্ব। চৌকস কথাবার্তা, বিভিন্ন বিষয় তার নখদর্পণে, তারা সবাই নিমাই বাবুকে পছন্দ করেন। তাদের সঙ্গে নিমাই ভট্টাচার্যের মেলামেলা।
মুকুল সাহেবের প্রশ্নে নিমাই বাবু মনে হল কিছুটা থমকে গেছেন। কয়েক সেকেন্ডের মধ্যেই তিনি শফিকুল আজিজ মুকুলকে পাল্টা প্রশ্ন করলেন ইন্টেলেকচুয়াল কাকে বলে?
দেখলাম পাল্টা প্রশ্নে মুকুল সাহেব কোন কথা বলছেন না।
তারপরই নিমাই বাবু নিজেই বললেন ইন্টেলেকচুয়াল তো তাদেরকেই বলে যারা ঘাড় কাত করে বাঁকা চোখে অন্যদের দেখেন। বলা যায় অন্যদের তারা দেখেও না দেখার ভান করেন। নিজেদের সর্ববিদ্যা বিশারদ মনে করেন তারাই তো ইন্টেলেকচুয়াল। এইসব ইন্টেলেকচুয়ালরা আমাকে পাত্তা দেয় কি দেয় না তাতে আমার কিছু যায় আসে না। আমার বইতো বাংলাদেশের সর্বত্র পাঠকরা পড়ছে। ঢাকাতে অলিতে গলিতে আমার বই বিক্রি হচ্ছে। আমার বইতো সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। আমি যখন লাখো পাঠকের হৃদয়ে স্থান লাভ করেছি, তাদের মন জয় করেছি, তখন পশ্চিমবঙ্গের ইন্টেলেকচুয়ালরা আমার সম্পর্কে কী ধারণা পোষণ করে তাতে আমার কিছু যায় আসে না।
তিনি আরো বললেন, কলকাতার রাস্তা দিয়ে আমি যখন হেঁটে যাই তখন কলেজ স্টুডেন্টরা আমাকে ইঙ্গিত করে একে অপরকে কনুই দিয়ে খোঁচা দিয়ে বলে ওঠে, টক খাবি না ঝাল খাবি?
এই ডায়ালগটা তার মেম সাহেব উপন্যাসের। তার মেম সাহেব উপন্যাস হিসেবে এবং সিনেমা হিসেবেও অসাধারণ জনপ্রিয়তা লাভ করে। মেম সাহেব চলচ্চিত্রে বাচ্চু রিপোর্টারের ভূমিকায় অভিনয় করেন উত্তম কুমার এবং কালো মেম সাহেবের ভূমিকায় অপর্ণা সেন।
বাংলার বাণীর ঐ আসরে আমি নিমাই বাবুকে জানিয়েছিলাম শরুশুনা আমার মামাবাড়ি এবং আমার জন্ম ঐ গ্রামে। শরুশুনা গ্রাম সম্পর্কে তার জ্ঞাত বিষয়গুলো আমারও জানা।
ঐ আড্ডার আসরে আমি তাকে প্রশ্ন করেছিলাম দাদা আপনি কী কলকাতায় বাড়ি করেছেন?
উত্তরে উনি বললেন, আমি সর্বভারতীয় ভাড়াটিয়া সমিতির প্রেসিডেন্ট।
তার এই কথায় হাসির রোল উঠল। নিমাই বাবু সেবার ঢাকায় অবস্থানকালে ভারত বিচিত্রার ফেব্রুয়ারি ১৯৮২ সংখ্যায় তার একটি সাক্ষাৎকার ছাপা হয়েছিল। সাক্ষাৎকারটি নিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে আমার সহপাঠী মুজাহিদ উদ্দিনের ছোটভাই আহমেদ মোখলেস উদ্দিন। এরা দু'জন রংপুরের বিখ্যাত চারণ সাংবাদিক মোনাজাত উদ্দিনের ভাই।

॥ ২ ॥
নিমাই ভট্টাচার্যের নিজের মুখেই তার সাংবাদিকতা বিষয়ে কিছু কথা শোনা যাক।
: "দীর্ঘদিন সাংবাদিকতা করলেও কোন একটা বিখ্যাত সংবাদপত্রে চাকরি করে ধাপে ধাপে উঠে খ্যাতি-যশ-অর্থ লাভ করার সুযোগ আমার হয়নি। সাংবাদিক হিসেবে এটা আমার ব্যর্থতা, কিন্তু এই ব্যর্থতার জন্য আমার কোন দুঃখ নেই। কারণ, নানা প্রদেশের নানা ভাষার নানা ধরনের পত্রিকায় কাজ করেও আমি এমন সৌভাগ্য লাভ করেছি, তা বহু বিখ্যাত পত্রিকার স্বনামখ্যাত সাংবাদিকদেরও স্বপ্নাতীত। এই সৌভাগ্যের একটা অংশ হল বহু যশস্বী ও অসামান্য ব্যক্তির ঘনিষ্ঠ সান্নিধ্য লাভ। এদেরই একজন হলেন বহু বিতর্কিত কৃষ্ণ মেনন।"

নিমাই ভট্টাচার্য কলকাতায় দশ বছর রিপোর্টারের কাজ করে এবং সংবাদপত্র জগতের বড় বড় লোকদের ধরাধরি করেও মোটামুটি বেতনের একটি চাকরি জোগাড় করতে ব্যর্থ হয়ে তিনি দিল্লী যান। কলকাতার এক হিন্দি পত্রিকার মালিক এক শেঠজী রাজধানী দিল্লীতে তার পরিচিতি সম্প্রসারিত করার মানসে একটি ইংরেজি পত্রিকা প্রকাশ করেন। তিনি নিমাই ভট্টাচার্যকে ঐ ইংরেজি পত্রিকার একশ' টাকা বেতনে বিশেষ সংবাদদাতা করে দিল্লী পাঠান। ঐ শেঠজী নিজেই ঐ পত্রিকার সম্পাদক।
দিল্লীতেও কিন্তু নিমাই ভট্টাচার্যের জীবন সংগ্রাম ছিল কঠিন-কঠোর। দিল্লী পৌঁছার পর শেঠজী ফরমায়েশ করলেন তিনমূর্তি ভবন (প্রধানমন্ত্রী নেহরু পরিবারের বাসস্থান) থেকে শুরু করে সব গুরুত্বপূর্ণ নেতাদের ছবি ও ফিচার চাই।
নিমাই বাবু প্রথম ফিচার লিখলেন কৃষ্ণ মেননকে নিয়ে। ছাপা হওয়ার পর তিনি দু'কপি পত্রিকা কৃষ্ণ মেননকে পাঠিয়ে দিলেন। ইতিমধ্যে প্রায় দু'মাস অতিবাহিত হয়েছে। সপ্রু হাউজে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির অধিবেশন চলছে।
সেখানে লাউঞ্জে হঠাৎ কৃষ্ণ মেননের সঙ্গে নিমাই ভট্টাচার্যের দেখা। নিমাই বাবুকে দেখেই কৃষ্ণ মেনন বলে উঠলেন, আর ইউ দ্যাট হোপলেস বেঙ্গলি জার্নালিস্ট?
নিমাই : হোয়াট ডু ইউ মিন?
: তুমিই তো আমাকে নিয়ে সেই নোংরা লেখাটা লিখেছিলে?
নিমাই ভট্টাচার্য কোন দ্বিধা না করেই বললেন, হ্যাঁ।
সাথে সাথে কৃষ্ণ মেনন নিমাই বাবুর কাঁধে হাত দিয়ে বললেন, এস চা খাই।
চা খেতে খেতে কৃষ্ণ মেনন প্রশ্ন করলেন, কে বলল যে আমি বুদ্ধিমতি সুন্দরী মহিলাদের সান্নিধ্য পছন্দ করি?
নিমাই বাবু হেসে জবাব দিয়েছিলেন, বুদ্ধিমতী সুন্দরী মহিলারাই এ কথা বলেছেন!
এই ঘটনার পর নিমাই ভট্টাচার্যের সঙ্গে কৃষ্ণ মেননের একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে।
কৃষ্ণ মেনন তখন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় রাজনৈতিক নেতা ও ডিপ্লোম্যাট। কৃষ্ণ মেনন প্রণীত ১৭ দফা প্রস্তাবের ভিত্তিতেই কোরিয়ার রক্তক্ষয়ী যুদ্ধের অবসান হয় এবং ঐ প্রস্তাবের জন্যই চীন আন্তর্জাতিক রঙ্গমঞ্চে প্রথম আত্মপ্রকাশ করার সুযোগ পায়।

ঐ ঘটনায় কৃষ্ণ মেনন সম্পর্কে স্যার এন্থনী ইডেন বৃটেনের হাউস অব কমন্সে বলেছিলেন, আই শুড এ্যাড এ ট্রিবিউট টু ইন্ডিয়া এন্ড কৃষ্ণ মেনন ইন পার্টিকুলার ফর দ্য স্টেটসম্যানশিপ। কৃষ্ণ মেনন সম্পর্কে জাতিসংঘের সাধারণ পরিষদে পঞ্চমুখে প্রশংসা করেছিলেন আমেরিকার ডিন একিসন।
সাইপ্রাস নিয়ে গ্রীস এবং তুরস্কের মধ্যে যে দ্বন্দ্ব ও সংঘাতের সৃষ্টি হয়েছিল তাতে এই দ্বীপ-দেশটিকে দ্বিখন্ডিত করা ছাড়া অন্য কোন পথ ছিল না। কিন্তু জাতিসংঘে কৃষ্ণ মেননের তৎপরতা ও কূটনৈতিক প্রজ্ঞার ফলে জন্ম নিল স্বাধীন সাইপ্রাস। কৃষ্ণ মেননের অকাট্য যুক্তি ও প্রস্তাবের ভিত্তিতে প্রতিষ্ঠিত হল বিপ্লবী ম্যাকারিয়সের নেতৃত্বে স্বাধীন সার্বভৌম সাইপ্রাস সরকার।

নিমাই ভট্টাচার্য এবং কৃষ্ণ মেননের ঘনিষ্ঠতার একটি ঘটনার কথা এখানে উল্লেখ করতে হয়।
একদিন সাত সকালে নিমাই ভট্টাচার্য সাইকেল নিয়ে পেশাগত কাজে বেরিয়ে গেছেন। খাওয়ার জন্য তিনটা-সাড়ে তিনটা নাগাদ বাসায় ফিরে দেখতে পান তার বাসার সামনে পুলিশের একটা ওয়্যারলেস গাড়ি দাঁড়িয়ে। নিমাই ভাবলেন হয়তো আশপাশের কোন বাড়িতে কোন কাজে এসেছে। বাসায় ঢুকতেই তার স্ত্রী সুন্দরী বললেন ওয়ারলেস ভ্যানের ইন্সপেক্টর তোমাকে খুঁজছেন। বিস্ময়ের সঙ্গে নিমাই ভাবলেন, তিনি কী এমন অন্যায় করেছেন যে পুলিশ তাকে খুঁজছে। নিমাই ঘরে ঢুকতে না ঢুকতেই পুলিশ ইন্সপেক্টর তাকে স্যালুট করে জানালেন, স্যার, ডিফেন্স মিনিস্টার আপনার এখানে আসছেন বলে আমরা এখানে এসেছি।
স্তম্ভিত হয়ে নিমাই ভট্টাচার্য ইন্সপেক্টরকে বললেন, আমি তো তাকে এখানে আসতে বলিনি।
ইন্সপেক্টর সবিনয়ে জানালেন, উনি আসছেন বলেই আমাদের এখানে থাকতে বলা হয়েছে।
প্রতিরক্ষামন্ত্রী কখন আসবেন সেটা পুলিশ ইন্সপেক্টর বলতে না পারায় নিমাই বাবু পোস্ট অফিসে গিয়ে দু'আনা দিয়ে মন্ত্রীর প্রাইভেট সেক্রেটারি রমেশ ভাণ্ডারীকে ফোন করে জানলেন যে, যথার্থই ডিএম কৃষ্ণ মেনন বিকাল ৫টা-সোয়া পাঁচটা নাগাদ তার বাড়িতে পৌঁছাবেন। হঠাৎ করে বড় মাপের অতিথি আপ্যায়নের সামান্য কিছু ব্যবস্থা করতে না করতেই ডিফেন্স মিনিস্টারের গাড়ি এসে তার বাড়ির সামনে থামল। তার সাথে তিনজন বিখ্যাত ব্যক্তিও এসেছেন। শ্রীমতি রেনুকা রায় এমপি, শ্রী রামেশ্বর সাহু এমপি ও বিখ্যাত চার্টার্ড একাউন্ট্যান্ট রামেশ্বর ঠাকুর। পাঁচ-দশ মিনিট নয় প্রায় ঘণ্টাখানেক কৃষ্ণ মেনন গল্প-গুজব, হাসি-ঠাট্টা করে বিদায় নিলেন। যাওয়ার সময় নিমাই বাবুর কানে কানে ফিস ফিস করে বললেন দেখতে এলাম তুমি কি করে একশ' টাকায় সংসার চালাও। তিনি আরো বললেন, পণ্ডিতজীর (জহর লাল নেহরু) কাছে শুনেছিলাম তুমি নাকি একশ' টাকা মাইনে পাও।

নিমাই ভট্টাচার্য লিখেছেন, মেনন গাড়িতে উঠতেই গাড়ি চলতে শুরু করলো। আমি অবাক বিস্ময়ে নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলাম।
কলকাতা থেকে দিল্লী যাওয়ার পর নিমাই ভট্টাচার্য সাংবাদিকতার পেশায় ও জীবনে যে সমস্ত খ্যাতনামা লোকজনের সহযোগিতা পেয়েছেন প্রধানমন্ত্রী নেহরু এবং তার কন্যা ইন্দিরা তাদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য।
নিমাই বাবু একদিন প্রধানমন্ত্রী জহর লাল নেহরুর বাসভবন তিনমূর্তি ভবনে গিয়ে ইন্দিরা গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেন। ইন্দিরার আন্তরিক ব্যবহারে তিনি অভিভূত হন। কিছুদিন পর তিনি ইন্দিরার একটি সাক্ষাৎকার নেন এবং ছবিসহ নিমাই বাবু যে পত্রিকার রিপোর্টার ছিলেন তাতে ছাপা হয়। একদিন নিমাই বাবু তিনমূর্তি ভবনে যখন ইন্দিরার সাথে বসে কথাবার্তা বলছিলেন তখন নেহরু সিঁড়ি দিয়ে নিচে নেমে এসে তিনি ইন্দিরাকে জিজ্ঞাসা করলেন ইন্দু, হু ইজ দিস বয়।
ইন্দিরা উত্তরে বললেন, হি ইজ এ জার্নালিস্ট ফ্রম ক্যালকাটা।
নেহরু তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কোন্ পত্রিকায় কাজ কর?
তিনি তার হিন্দি পত্রিকার নাম বললেন। কিন্তু বোঝা গেল প্রধানমন্ত্রী ঐ পত্রিকার নাম কখনো শোনেননি। খুটিনাটি প্রশ্ন করে নেহরু জানতে পারলেন নিমাই একশত টাকা বেতন পান এবং তিনি বিবাহিত ও তার সন্তানও আছে।
নেহরু বুঝতে পারলেন নিমাই অর্থসংকটের মধ্যে দিন কাটান। ঠিকমত খাওয়াও জোটে না। প্রধানমন্ত্রী নিমাইকে চা-নাস্তা খাওয়ালেন। তিনমূর্তি ভবনে আপ্যায়ন ও খাওয়া-দাওয়ার দায়িত্বে ছিলেন কালী বাবু। কালী বাবুকে বলে দিলেন এই ছেলেটি যখনই আসবে তাকে খেতে দেবে।

এভাবে প্রধানমন্ত্রীর বাস ভবনে গেলে নিমাই ভট্টাচার্যের চা-নাস্তা এবং কখনো কখনো পেট ভরে লাঞ্চ খাওয়ারও একটা ব্যবস্থা হয়ে গেল। পরবর্তী জীবনে নিমাই ভট্টাচার্য নেহরুর কাছ থেকে যথেষ্ট স্নেহ-ভালবাসা এবং সহযোগিতা পেয়েছেন। যেটা নিমাই বাবুকে সাংবাদিক মহলে প্রতিষ্ঠা লাভে সাহায্য করে। ভারতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে দেশ-বিদেশ অবাধে সফরের সুযোগ-সুবিধাও লাভ করতে সহায়তা করে। নিমাই বাবুর পেশাগত পরিচিতি ব্যাপকতা লাভ করে।
একবার লাল বাহাদুর শাস্ত্রী কলকাতায় এসেছেন। তখন তিনি দপ্তরবিহীন মন্ত্রী। কিন্তু অনেকেই জানতেন তিনি আগামী দিনের প্রধানমন্ত্রী। কাজেই দমদম এয়ারপোর্টে তাকে প্রধানমন্ত্রী মতই অভ্যর্থনা জানানো হলো।
তিনি কলকাতায় এলেন। তার সফরসঙ্গীদের সাথে নিমাই ভট্টাচার্যও এসেছেন। দুপুরে বারাসাতে তুষার কান্তি ঘোষের বাড়িতে মধ্যহ্নভোজ। বুফে লাঞ্চ। খেতে খেতেই কথাবার্তা বলছে সবাই। এর মধ্যে একজন পদস্থ পুলিশ কর্মকর্তা এসে লাল বাহাদুর শাস্ত্রীকে জিজ্ঞাসা করলেন, স্যার সত্যিই কী আপনি অমুক পত্রিকা অফিসে যাবেন?
শাস্ত্রীজী সংক্ষেপে বললেন, হ্যাঁ যাব।
: স্যার আপনার মত মানুষের ঐসব ছোট পত্রিকা অফিসে না যাওয়াই ভাল।
তিনি নিমাই বাবুকে দেখিয়ে বললেন, একে চেনেন?
: হ্যাঁ উনি একজন রিপোর্টার।
লাল বাহাদুর শাস্ত্রী সাথে সাথে বললেন, এ্যান্ড এ ফ্রেন্ড অব মাইন। আমি এরই নিমন্ত্রণে যাচ্ছি। এছাড়া আমি যখন আপনার পরামর্শ চাইব তখন আপনি পরামর্শ দেবেন।
পুলিশ অফিসারটি মুখ কালো করে দ্রুত সরে পড়লেন সেখান থেকে।

এবার ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদের সঙ্গে নিমাই ভট্টাচার্যের সাক্ষাৎকারের আশ্চর্য একটা ঘটনার কথা বলব। একজন রাষ্ট্রপতি যে এতখানি বিনয়ী হতে পারেন তা বিশ্বাস করাই কঠিন। হিন্দু ধর্মের 'পদ্মপুরাণ' গ্রন্থটি একজন বিখ্যাত পণ্ডিতের লেখা টীকাসহ কলকাতা থেকে প্রকাশিত হয়েছে। লেখক অথবা প্রকাশকের কেউ চারখণ্ডের ঐ গ্রন্থটি নিমাই বাবুর কাছে পাঠিয়েছেন ড. রাজেন্দ্র প্রসাদের হাতে পৌঁছে দিতে। একদিন সকালে নিমাই বাবু চারখণ্ড 'পদ্মপুরাণ' নিয়ে রাষ্ট্রপতি ভবনে হাজির হয়েছেন। রাষ্ট্রপতির এডিসি নিমাই বাবুকে তার স্টাডিরুমে পৌঁছে দিয়ে চলে গেলেন।
প্রবেশদ্বারের উল্টো দিকে কোণার দিকে রাষ্ট্রপতি সোফায় বসেছিলেন। নিমাই ভট্টাচার্য ঘরের মধ্যে প্রবেশ করতেই রাষ্ট্রপতি উঠে দাঁড়ালেন। নিমাই বাবু বইগুলো হাতে নিয়ে রাষ্ট্রপতির দিকে এগিয়ে গেলেন। একেবারে সামনাসামনি হতেই রাষ্ট্রপতি নিমাই বাবুর পায়ে হাত দিয়ে প্রণাম করার চেষ্টা করতেই তিনি বিদ্যুৎগতিতে পিছিয়ে গিয়ে অবাক বিস্ময়ে বললেন, একী করছেন?
রাষ্ট্রপতি শান্ত কণ্ঠে বললেন, আপনি ব্রাহ্মণ আপনাকে প্রণাম করব না?
: অসম্ভব এ হতে পারে না।
: কেন হতে পারে না? উনি প্রশ্ন করতে করতে আবার আমার দিকে এগিয়ে আসতে থাকেন।
নিমাই বাবু কিছুতেই রাষ্ট্রপতিকে প্রণাম করতে দেবেন না। রাজেন্দ্র প্রসাদও নাছোড়বান্দা।
বাকি দু'একটা কথা নিমাই ভট্টাচার্যের মুখ থেকেই শোনা যাক।
: আমি কিছুতেই ওকে প্রণাম করতে দেই না। সেন্টার টেবিলের অন্য দিকে ঘুরে যাই। রাষ্ট্রপতি আবার আমাকে ধরার চেষ্টা করেন। আমি আবার ঘুরে যাই। বেশ কয়েক মিনিট চেষ্টা করে ব্যর্থ হয়ে রাজেন্দ্র প্রসাদ হাত জোড় মাথা নিচু করে আমাকে নমস্কার করলেন। তারপরে আমার হাত ধরে সোফায় বসিয়ে আমার পাশে বসলেন।
ব্রাহ্মণ হলেই যে তাকে প্রণাম করতে হবে এ বিষয়টা তেমন কেউ মানেন না। কিন্তু ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদের বিনয় কিংবদন্তীতুল্য। তিনি প্রবীণদের, গ্রামের স্কুলের পুরানো মাস্টারমশাই, মৌলানা সাহেবদের ছাড়াও পীর সাহেবদের পায়ে হাত দিয়ে প্রণাম করতেন।

এহেন বিনয়ী মানুষ কখনো কখনো মুখের ওপর স্পষ্ট কথা বলতে দ্বিধা করতেন না। ষাটের দশকের প্রথম দিকে রানী এলিজাবেথ ও তার স্বামী প্রিন্স ফিলিপ ভারত, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান সফর করেন। ভারত ত্যাগের পূর্বে রাষ্ট্রপতি ভবনে গিয়ে রানী কথাবার্তা বলছেন। রানী শুনেছেন যে দেশ বিভাগ নিয়ে রাজেন্দ্র প্রসাদ একখানি গুরুত্বপূর্ণ বই লিখেছেন। রানী কথা প্রসঙ্গে বললেন, সারা জীবন রাজনীতি করে বই লেখার সময় পেলেন কি করে?
রাষ্ট্রপতি রাখঢাক না করেই বলে ফেললেন আপনার পিতার জেলখানায় তো দীর্ঘকাল কাটিয়েছি। তাই বই লেখার সময়ের অভাব হয়নি। রাষ্ট্রপতির এই কথায় রানী নীরব হয়ে গেলেন। সেখানে উপস্থিত ভারতীয় নেতৃবৃন্দ বিস্মিত হয়েছিলেন। আর নেহেরু হয়েছিলেন ক্ষিপ্ত। পরবর্তীতে রাজেন্দ্র প্রসাদ ও নেহেরু সম্পর্কের মধ্যে তিক্ততার রেশ থেকে যায়। এমন কী রাজেন্দ্র প্রসাদের মৃত্যুর পর শেষকৃত্যে নেহরু অনুপস্থিত ছিলেন।

॥ ৩ ॥
নিমাই ভট্টাচার্যের বাড়ি বাংলাদেশের মাগুরা জেলার শালিখা থানার শরুশুনা গ্রামে। তার বাপদাদা চৌদ্দপুরুষের বাড়ি এই গ্রামে। তার পিতার নাম সুরেন্দ্রনাথ ভট্টাচার্য এবং মায়ের নাম শৈলবালা ভট্টাচার্য। তার জন্ম তারিখ ১৩ এপ্রিল ১৯৩১। কিন্তু নিমাই বাবুর জন্ম কলকাতায়। ঐ সময় সম্ভবত তার পিতা রেলওয়েতে চাকরি করতেন এবং কলকাতায় থাকতেন।
পরবর্তীতে সুরেন্দ্রনাথ যশোরে চলে আসেন এবং যশোর শহরের মাইকেল মধুসূদন কলেজে অর্থাৎ এম এম কলেজে চাকরি করেছেন। নিমাই বাবু বলেছেন তার পিতা এম এম কলেজে সুপারিনটেন্ডেন্ট পদে চাকরি করতেন। এম এম কলেজে চাকরি করার সময় সুরেন্দ্রনাথ ভট্টাচার্য যশোর শহরেই বসবাস করতেন। এই সময়েই নিমাই ভট্টাচার্য যশোর শহরের সম্মিলনী ইনস্টিটিউশনে ক্লাস থ্রিতে ভর্তি হন। নিমাই বাবু ক্লাস নাইন পর্যন্ত সম্মিলনী স্কুলে পড়াশুনা করেছেন।
যশোর শহরে থাকার সময় এবং তার স্কুল জীবনে ছুটির সময়ে তারা শরুশুনা যেতেন। জ্যৈষ্ঠ মাসে আম কাঁঠালের সময় পিতা-পুত্র গ্রামের বাড়িতে যেতেন। এ বিষয়টা নিমাই বাবুর লেখা থেকে জানা যায় যে, পিতা-পুত্র যশোর সদর হাসপাতালের সামনে পাকুড় গাছের পাশ থেকে কু-ু কোম্পানির মুড়ির টিন মার্কা বাসে গিয়ে খাজুরাতে নামতেন। সেখান থেকে পায়ে হেঁটে নারকেলবেড়ের বাজারের মধ্য দিয়ে গ্রামের কাঁচা রাস্তা দিয়ে শরুশুনা গিয়ে পৌঁছাতেন। শরুশুনা গ্রামে প্রবেশের মুখে একটি কালভার্ট বা ছোট ব্রিজ আছে। সেটার নাম হচ্ছে হারাণম-লের পুল। খাজুরা থেকে শরুশুনার দূরত্ব দশ মাইল। যখন নিমাই বাবু ছোট ছিলেন তখন বাবার সঙ্গে ঐ দশ মাইল পথ হেঁটে অতিক্রম করা কষ্টসাধ্য ছিল। কিন্তু পিতা-পুত্র যখন হারাণম-লের পুলে এসে পৌঁছাতেন তখন তার পিতা বলতেন, এই দেখলিতো আমরা শরুশুনা পৌঁছে গেলাম। এই পুলটাকে নিমাই বাবু পরবর্তীকালে তার লেখায় শরুশুনায় প্রবেশ পথের বুলন দরওয়াজা বলে অভিহিত করেছেন।
এইবার আমি আমার নিজের কথা কিছুটা বর্ণনা করতে চাই। যশোর থেকে শরুশুনা যাওয়ার যে কথা নিমাই বাবু বলেছেন সেই একই অভিজ্ঞতার অধিকারী আমিও। নিমাই বাবু তার বাবার সঙ্গে শরুশুনায় যেতেন। পক্ষান্তরে আমি মামাবাড়ি শরুশুনায় একাধিকবার সদর হাসপাতালের সামনে থেকে কুণ্ডু কোম্পানির লক্কড়-ঝক্কড় মার্কা গাড়িতে খাজুরা পৌঁছে একাই পায়ে হেঁটে দৌলতপুরের বিরাট বিল পার হয়ে নারকেলবেড়ে পৌঁছে বাজারের মধ্য দিয়ে শতপাড়ার পাশ দিয়ে হারাণমণ্ডলের পুল পার হয়ে নিমাই বাবুদের পাড়া বায়ে রেখে বড় রাস্তা দিয়ে কিছুদূর এগিয়ে ডানদিকে বড় রাস্তা থেকে নেমে শরুশুনার ব্রহ্মত্তর পাড়ায় আমার নানা বাড়ি পৌঁছাতাম। যখন আবার মায়ের সঙ্গে শরুশুনা যেতাম তখন খাজুরা বাজারের পাশে চিত্রা নদীর ঘাট থেকে অথবা বাসে আরো কিছু এগিয়ে সীমাখালী বাজারের ঘাটে নেমে টাবুরে নৌকা ভাড়া করে শরুশুনা পৌঁছাতাম। আমার নানি আমাদের জন্য আমসত্ত্ব, খেজুরের গুড়, মুড়ি তৈরি করে রাখতেন। তারপর শীতের দিনে খেজুরের রস অথবা রস জ্বাল দিয়ে সদ্য উনুন থেকে নামানো নলেন গুড় খাওয়ার আস্বাদ এখনো জিহ্বায় লেগে আছে। শরুশুনা বা ঐ এলাকায় আমের সময় হিন্দু-মুসলমান নির্বিশেষের আমসত্ত্ব আচার এসব গ্রাম্য ঐতিহ্যবাহী মজাদার খাওয়ার তৈরি করত।
নিমাই ভট্টাচার্য ছোটবেলা তাদের বাড়ির বিশাল কাঠের বাক্সের মধ্যে দিদিমার তৈরি ও রক্ষিত আমসত্ত্ব ও আচার চুরি করে খাওয়ার বিষয়টি তিনি বেশ রসিয়ে বর্ণনা করেছেন।
স্বাধীনতার পর পর সম্ভবত '৭৪-'৭৫ সালে নিমাই বাবু যশোর আসেন। যশোরে দু'একদিন থেকে শরুশুনা আসেন তিনি। শরুশুনা এসে তার এক ঘনিষ্ঠজন রাখালদার সঙ্গে তাদের শূন্য ভিটায় আসেন। তার মুখ থেকেই কথাটা শোনা যাক–
: এইতো এখানেই আটচালা উত্তরের ঘর ছিল। ঠাকুমা ও পিসিমা এ ঘরেই থাকতেন। এ ঘরের মধ্যেই ছিল বড় বড় সিন্দুক। কত বাসনকোসন ছিল ঐসব সিন্দুকের মধ্যে। কাজকর্ম পূজা-পার্বণের দু'চার দিন আগে বড়মা আর পিসিমা যখন সেইসব বিরাট বিরাট বাসনকোসন বের করতেন, তখন আমরা অবাক হয়ে দেখতাম। এই ঘরের একটা সিন্দুকের মধ্যে সারা বছরের আচার, আমসত্ত্ব থাকত। ঠাকুমা ঘুমিয়ে পড়লে আমরা দু'তিনজন রোজ সেই আচার আর আমসত্ত্ব চুরি করতাম। আঃ! সে কী রোমাঞ্চকর অভিযান।
এ বাড়ির পাশেই নিমাই বাবু এক আত্মীয় ন'দা একতলা বাড়িটা দোতলা করেন। সেই ন'দার দোতলায় শিশু নিমাই বার বার দোতলায় উঠতেন আর নামতেন। তখনকার অনুভূতি পরবর্তী জীবনে বর্ণনা করে বলেছেন তখন তার মনে হত স্বর্গের অর্ধেক পথ পৌঁছে গেছেন। পরবর্তী জীবনে আমেরিকার এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের মাথায় উঠেও সে উত্তেজনা বা আনন্দ তিনি পাননি।
নিমাই বাবুর ছোট বেলায় তার প্রতিবেশী ছিলেন চৈতিদি, বুলাদি। তাদের সঙ্গে নিমাইয়ের খুব খাতির ছিল। চৈতিদি চিত্রা নদীতে তাদের ঘাটে স্নান করে এসে খেলার পুতুল নিয়ে বসত। পুতুলের বিয়েতে নিমাই চৈতিদির বর হতেন। চৈতিদি নিমাইকে সাজিয়ে গুজিয়ে চন্দন পরিয়ে দিত। খেলার বিয়ে হলেও মালা বদল হত, কিছু মন্ত্র উচ্চারণও হতো। ফুলশয্যাও হত।
: বুলাদি বলত এবার তোরা শুতে যা। ব্যস! সঙ্গে সঙ্গে চৈতিদি আমাকে পাশে নিয়ে শুয়ে পড়ত। কখনও কখনও একটু জড়িয়েও ধরত।
নিমাই ভট্টাচার্যের স্মৃতিচারণের সব কথা এই স্বল্প পরিসরের নিবন্ধে বলা সম্ভব নয়।
এবার তার মা-বাবার বিয়ের কথা তার জেঠিমার মুখ থেকে শোনা যাক–
: মেজ জেঠিমার কথা মনে পড়লে আমার চোখে জল আসে। কতদিন যে রাতে শুয়ে শুয়ে মেজ জেঠিমা আমার মায়ের কথা, আমার ছোটবেলার কথা বলতেন। তিনি বলতেন, তোর মায়ের মত বৌ এ গ্রামে আর আসেনি। মনে হয় এই তো সেদিন তোর মার বিয়ে হল। তোর মাকে বরণ করে ঘরে তোলার কথা কোনদিন ভুলব না। চৈতিদি জিজ্ঞেস করে, কেন মা?
মেজ জেঠি বর্ণনা করেন, নতুন বৌ নিয়ে ছোট ঠাকুর পো যখন নৌকায় করে ঘাটে পৌঁছায় আমরা সবাই শাঁখ বাজাতে বাজাতে ছুটে গেলাম। তারপর ওর মা নৌকার ছাউনির ভিতর থেকে বের হতেই আমাদের শাঁখ বাজানো থেমে গেল।
চৈতিদি আবার জিজ্ঞেস করে, কেন?
: ওর মা এত সুন্দর ছিল যে তোরা ভাবতে পারবি না। একে নতুন বৌয়ের সাজসজ্জা, তার ওপর ঐ রূপ! আমরা ওকে দেখব নাকি শাঁখ বাজাব!
চৈতিদি বলে, বাচ্চুকে দেখেই বুঝা যায় ছোট কাকিমা কত সুন্দরী ছিলেন।
উল্লেখ্য নিমাইয়ের শিশুকালেই তার মা মারা যান।
নিমাই ভট্টাচার্যের স্মৃতিচারণের মধ্যে শরুশুনায় দুটি স্থানে বড়দের আড্ডার কথা উল্লেখ করেছেন। ঐ দুই আড্ডাকে নিমাই বাবু 'হাউস অফ লর্ডস' এবং 'হাউস অব কমনস' বলে অভিহিত করেছেন। গ্রামে জমিদার বড়বাবু ও নোয়া বাবুদের অর্থাৎ বাড়–জ্জে বাড়ির দুর্গাপূজা ম-পের বাড়িতে যে আড্ডা বসত সেটা হচ্ছে হাউস অব লর্ডস। আর বাজারে সবাই যেখানে আড্ডা দিতেন সেটা হচ্ছে হাউস অব কমনস। নিমাই বাবু উল্লেখ করেছেন হাউস অব লর্ডস'এর এক বৈঠকে বড়বাবু অর্থাৎ জমিদার নিমাই বাবুর বাবা সুরেন্দ্রনাথ ভট্টাচার্যকে অকারণে অকথ্য ভাষায় গালাগালি করে অপমান করেছিলেন। নিমাই বাবু বলেছেন, তখন তিনি নিতান্তই ছোট ছিলেন। কিন্তু সেখানে উপস্থিত কেউই বড়বাবু কথার প্রতিবাদ করার সাহস পাননি। ঐ দিনের কথা উল্লেখ করে নিমাই বাবু লিখেছেন, "সে দিন মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম ভবিষ্যতে একদিন শঠে শাঠ্যং সমাচারেত করবই।"

নিমাই ভট্টাচার্য শরুশুনা বাজারে জীবন মাস্টারের স্কুল কাম পোস্ট অফিস কাম দোকানে যে হাউস অব কমনস'এর বৈঠক বা আড্ডার কথা বলেছেন সেখানে তিনি অমূল্য দা, ইসাক কাকা প্রমুখ গ্রামবাসীর কথা বলেছেন।
নিমাই বাবু তার ভ্রমণ কাহিনীমূলক জীবন স্মৃতিতে এক জায়গায় বলছেন হাউস অব কমনসের বৈঠকে মুখুজ্জে বাড়ির অমূল্যদাকে বলতে শুনেছিলাম, স্কুল কলেজে পড়তে পড়তে কত রকমের ভারতবর্ষের ম্যাপ একেছিলাম তা ভবতেও অবাক লাগে। একবার বার্মা ভারতবর্ষের মধ্যে এলো আবার বাইরে গেল। একবার ইস্টবেঙ্গল আর আসাম নিয়ে নতুন প্রদেশ হল, আবার ভাঙ্গল।
অমূল্যদা একটু থেমে হেসে সামনের ভদ্রলোকের দিকে তাকিয়ে বললেন, তুই যদি তোর ছেলেকে বলিস আরব সাগরের ওপারে এডেন আমাদের এই ইন্ডিয়ার মধ্যে ছিল তাহলে সে হেসে ফেলবে।
ইসাক কাকা মাথা দুলিয়ে দাড়ি নাড়িয়ে বললেন, ঠিক বলেছিস অমূল্য। এই তো থার্টি ফাইভে এডেনকে আলাদা করে দেয়া হল।
"অমূল্যদা এবার গম্ভির হয়ে বললেন, দ্যাখ ইসাক এমন দিনও আসতে পারে যখন আমাকে কলকাতা থেকে এই শরুশুনা আসতে হলে হয়তো পাসপোর্ট ভিসা লাগবে। এরপর উনি জোরে দীর্ঘশ্বাস ফেলে বললেন, খবরের কাগজে যা লেখালেখি হচ্ছে তা পড়ে মনে হয়, আমি আর তুই দুই দেশের নাগরিক হয়ে যাব।
"অমূল্যদার কথা শুনে ইসাক কাকা কোন জবাব দেন না, বোধহয় দিতে পারেন না।
"সে দিনের সে আশঙ্কা আজ বাস্তব। সত্য। আজ ঠাকুমার হাতে লাগানো বউ পাগলা গাছের আম খাবার অধিকার আমার নেই।"

শরুশুনার এই অমূল্যদা এক সময় কলকাতায় সুভাস বোসের প্রাইভেট সেক্রেটারি হয়েছিলেন।
নিমাই বাবুর উপরোক্ত স্মৃতিচারণমূলক বক্তব্যের বিষয়ে আমি এখানে কিছু কথা উল্লেখ করতে চাই। তিনি ইসাক কাকা বলে যার কথা বলেছেন তিনি আমার বড় নানা। আমার নানারা তিন ভাই। মোহাম্মদ ইসহাক বৃটিশ আমলে এমএ বিটি পাশ করেছিলেন। তিনি আজীবন শিক্ষকতা করেন। প্রথম জীবনে মুর্শিদাবাদে নবাব বাহাদুর স্কুলের শিক্ষক ছিলেন। অবিভক্ত বাংলায় তিনি বিভিন্ন স্থানে বদলি হন। শেষ জীবনে যশোর জিলা স্কুলের হেড মাস্টার হিসেবে ১৯৪৯ সালে অবসর গ্রহণ করেন।
১৯৭১ সালে ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর নিমাই বাবু কয়েকবার বাংলাদেশে এবং শরুশুনায় আসেন। শরুশুনা বাজারে আমার বড় মামা সরফুদ্দীন হোসেনের সঙ্গে তার সাক্ষাৎ হয় এবং অনেক কথাবার্তা হয়। নিমাই বাবু এক জায়গায় লিখেছেন সেবার বাজারে ইসাক কাকার ভাইপোর সঙ্গে শরুশুনা বাজারে আমার দেখা হয়। তিনি দাড়ি নেড়ে গড় গড় করে অনেক কথা বললেন।
বড় মামা নিমাই বাবুর সঙ্গে শরুশুনা বাজারে দেখা হওয়ার ঘটনাটা আমাকে বলেছিলেন। নিমাই ভট্টাচার্য তার স্মৃতিচারণমূলক ভ্রমণ কাহিনীতে উল্লেখিত তার ন'দা জগন্নাথ ডাক্তার, অমূল্য বাবু এদের নাম আমি ছোটবেলায় বহুবার বহুজনের মুখে শুনেছি। আর পোস্ট মাস্টার জীবন বাবুকে তিনি যতদিন জীবিত ছিলেন বহুবার তাকে দেখেছি। পোস্ট মাস্টার থাকাকালে তার হাত থেকে আমি অনেকবার মামা বাড়ির চিঠিপত্র নিয়ে এসেছি।
এখানে উল্লেখের অপেক্ষা রাখে যে, শরুশুনা গ্রামে বাংলাদেশের একজন বিখ্যাত সাংবাদিক জন্মগ্রহণ করেন। তিনি আমার ছোট মামা শহীদ সিরাজুদ্দীন হোসেন। তিনি দৈনিক ইত্তেফাকের বার্তা ও পরে নির্বাহী সম্পাদক ছিলেন। '৭১ স্বাধীনতা যুদ্ধকালে আল-বদর বাহিনীর হাতে নির্মমভাবে নিহত হন।
বাংলাদেশের স্বাধীনতা লাভের পর নিমাই বাবু যখন প্রথমবার শরুশুনা আসেন তখন তিনি তাদের ভিটার মাটি এবং চিত্রা নদীর পানি বোতলে ভরে কলকাতায় তার বাড়িতে নিয়ে যান। তথ্যটা আমি শরুশুনার মানুষের মুখে শুনেছিলাম।
নিমাই বাবুর থেকে শরুশুনা গ্রামের স্মৃতি আমার বেশি। শরুশুনায় আম-কাঁঠাল পাড়া, খেজুর রস চুরি করা, মাছ ধরা, বড় হয়ে সাংবাদিক জীবনে বন্দুক কিনে পাখি শিকার, বনে-বাদাড়ে গ্রামের ছেলেদের নিয়ে যতরকমের দুষ্টুমি-দুরন্তপনা করা এর সবকিছুই আমি করেছি শরুশুনায়।
উল্লেখ্য আমি এবং কবি আল মাহমুদ ইত্তেফাকে চাকরি করাকালে দুই বন্ধু দুটি বন্দুক কিনি। আমরা বাসাবোর পূর্ব দিকে ডেমরার বিলে ১৯৭০ সালে পাখি শিকার করতে যেতাম। পাখি শিকার নিয়ে আল মাহমুদের লেখা একটি বিখ্যাত গল্প 'পানকৌড়ির রক্ত'।
আমি আমার নানির খুব ভালবাসার পাত্র ছিলাম। আমার নানি যতদিন জীবিত ছিলেন ততদিন নিয়মিতই শরুশুনা গেছি। তবে ঢাকায় আমার দীর্ঘ সাংবাদিকতা পেশার জীবনে ধীরে ধীরে শরুশুনার সাথে নিবিড় সম্পর্ক শিথিল হলেও বিচ্ছিন্ন হয়নি। আমার ছোটবেলার শরুশুনা গ্রামের কৃষক গৃহস্থবাড়ির খেলার সাথীরা অধিকাংশই আর জীবিত নেই।
নিমাই বাবু সর্বশেষ বাংলাদেশে আসেন ২০১৬ সালে যশোর শহরে সম্মিলনী স্কুলের ১২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে। আমরা দু'জনেই সম্মিলনী স্কুলের ছাত্র। উনি এই স্কুলে ক্লাস নাইন পর্যন্ত পড়ার পর কলকাতা চলে যান। আমি সম্মিলনী স্কুল থেকে ম্যাট্রিক পাশ করি।
সম্মিলনী স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে পাশাপাশি বসে নিমাই বাবুর সঙ্গে বেশকিছু ছবি তুলেছিলাম। সেই সময় তিনি খুব একটা সুস্থ ছিলেন না। তেমন কোন কথাবার্তা উনি বলেননি। তবে চেহারাটা যথেষ্ট সুন্দর ছিল। দেখে বোঝা যাচ্ছিল না তিনি অসুস্থ। আমার পাশে বসা অবস্থায় এক ভদ্রলোক নিমাই বাবুকে এসে বললেন, দাদা আমার এই খাতায় আমার মেয়ের জন্য যদি একটা অটোগ্রাফ দেন! সাথে সাথে উনার পেছনে বসা নিমাই বাবুকে দেখভাল করার এক ব্যক্তি বলে উঠলেন উনার শরীর ভাল না, উনি অটোগ্রাফ দিতে পারবেন না।
সম্মিলনী স্কুলের ১২৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে 'শুভ্র সমুজ্জ্বল' নামে যে ম্যাগাজিন প্রকাশিত হয়েছিল তাতে নিমাই বাবুর ১০০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যে বড় একটি লেখা ছাপা হয়েছিল তার কিছু অংশ পুনর্মুদিত হয়। তিনি নতুন কোন লেখা দেননি। শুভ্র সমুজ্জ্বল-এ আমার একটি স্মৃতিচারণমূলক বড় লেখা ছাপা হয়েছিল।
নিমাই ভট্টাচার্য খ্যাতিমান ব্যক্তি। লেখক, সাংবাদিক। নশ্বর ধরাধাম তিনি ছেড়ে গেছেন। কিন্তু তার সাথে আমার সম্মিলনী স্কুলের অনুষ্ঠানে কিছু ছবিতে তার স্মৃতি জীবন্ত রূপ নিয়ে আছে।